অন্য নেতাদের মতো চুলে রং করি না: ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ঠাট্টা করে বলেছেন, তিনি বিশ্বের অন্য নেতাদের মতো পাকা চুলে রং করেন না। খবর বিবিসির।
২০০৯ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার হোয়াইট হাউসে প্রবেশের সময় বারাক ওবামার মাথায় ছিল ঘন কালো, কোঁকড়ানো চুল। কয়েক বছরের ব্যবধানে এখন সেই চুলের রং অনেকটাই ধূসর।
তাহলে ওবামা কি চুলে রং দেন না? এক অনুষ্ঠানে কম্বোডিয়ার এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে পাকা চুলে রং না করার কথা বলেন ৫৪ বছর বয়সী এই প্রেসিডেন্ট।
ওই শিক্ষার্থীর প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রেসিডেন্ট ওবামা হেসে বলেন, বয়স লুকাতে বিশ্বের অন্য নেতাদের মতো চুল রং করেন না তিনি। তবে ওবামা এও বলেন, তিনি চান তরুণেরা কেউ যেন তাঁকে বুড়ো না ভাবে।
ওবামা মজা করে আরও বলেন, কোন কোন দেশের প্রবীণ নেতা চুলে রং লাগান, তা তিনি সবার সামনে ফাঁস করবেন না। তাঁদের নাপিতেরা ব্যাপারটি ভালো করেই জানেন।
বিভিন্ন দেশের প্রেসিডেন্টদের চুলের রং নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। অনেক নেতাই চুল রং করার কথা স্বীকার করেন না। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান কখনোই তাঁর বরাবরের ঘন কালো চুলের রহস্য প্রকাশ করেননি। আর চুল রং করার খবর প্রকাশ করায় একটি সংবাদ সংস্থার বিরুদ্ধে তো মামলাই করেছিলেন জার্মানির সাবেক চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডার।