অন্য পিকাডেলি সার্কাস
বিলেতপ্রবাসী বড় ভাই দেশে আসবেন, দীর্ঘদিন যাবৎ আসি আসি করছিলেন, সেই কবে চিঠি দিয়ে জানালেন, ইনশাআল্লাহ আগামী জানুয়ারিতে দেশে আসব। এবার সত্যি সত্যিই জানুয়ারি মাসে দেশে আসছেন। শালুটিকর বিমানবন্দরে আমরা যাব তাঁকে রিসিভ করতে। কী আনন্দ আমার চোখেমুখে। বড় ভাই যখন বিলেত গেলেন, আমি তখন খুবই ছোট, আবছা আবছা স্মৃতিটা এখনো ভেসে উঠে চোখের সামনে। বড় ভাইকে বিদায় জানাতে সাড়ে চার কিলোমিটার পথ পায়ে হেঁটে কৈতক ডাক বাংলার সামনে এসেছিলাম, সিলেটগামী বাসে উঠিয়ে দেব বলে। দীর্ঘ পাঁচ বছর পর উনি দেশে আসছেন।
সকাল সাতটায় তৈরি হয়ে বাবার সঙ্গে হাঁটতে লাগলাম। ঘণ্টা খানিক হাঁটার পর চলে এলাম কৈতক ডাক বাংলার সামনে। তখনকার সময় ওই এলাকার লোকজন এখানে এসে বিরাট রেইনট্রি গাছের ছায়ায় বসে কিংবা দাঁড়িয়ে থেকে বাসের জন্য অপেক্ষা করত। সিলেট–সুনামগঞ্জের মধ্যে একমাত্র যানবাহন ছিল চুয়াল্লিশ মডেলের বাস। ঘণ্টা–দেড় ঘণ্টা পর পর ধুলোঝড়ের সৃষ্টি করে বাসগুলো চলাচল করত। সারি সারি রেইনট্রি আর কদমের পাতা সবুজাভ হারিয়ে ধুলোয় ধূসর বর্ণ ধারণ করত। রাস্তায় অপেক্ষমাণ যাত্রীদের অনেকেই আসন না পেয়ে বাদুড় ঝুলা অবস্থায় যাতায়াত করত।
বাসটি আমাদের সামনে এসে থামতেই অপেক্ষমাণ যাত্রীরা বাসের পেছনের দরজায় ভিড় জমাল, লোয়ার ক্লাসে লাফিয়ে ওঠার চেষ্টা করে কেউবা দরজার শেকল ধরে দাঁড়িয়ে রইল। বাবাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে আমি মনে মনে বিস্মিত হলাম। ইতিমধ্যে বাসচালক হাত ইশারায় বাবাকে ডাকল। আমরা কাছে যেতেই তিনি দরজা খুলে তার ডান পাশে রাখা একটা আসনে বসালেন, আমি বাবার কোলে বসলাম। গোবিন্দগঞ্জ এসে এক যাত্রী নেমে গেলে আমাদের বসার ব্যবস্থা হয়ে গেল।
সূর্য ততক্ষণে উজ্জ্বল তেজি রোশনি ঢেলে দিচ্ছে ভূমণ্ডলে। বাসের কাঠের জানালার ফাঁক দিয়ে একটা সরলরেখায় আলো ছড়াচ্ছে বাসের ভেতর, সঙ্গে অসংখ্য ধূলিকণা উড়ছে বাতাসে—তা পরিষ্কার দেখা যাচ্ছে।
আম্বরখানা বাসস্ট্যান্ডে নেমেই দেখি বেলা দুপুর। ধুলো মিশ্রিত তেলে ভাজা পরোটার সঙ্গে রসগোল্লা খেয়ে শালুটিকর বিমানবন্দরের পথে যেতে যেতে লাক্কাতোরা চা বাগানের অপরূপ দৃশ্য উপভোগ করে একসময় বিমানবন্দরে পৌঁছলাম। সেখানে চারদিকে প্রচুর লোক সমাগম। সবার দৃষ্টি শুধু রানওয়ের ওপর। পৌষের রোদমাখা পিচঢালা রানওয়েতে চোখ রাখলে মনে হয়, বৃষ্টিতে যেন ভেজা পুরো রানওয়ে। সবাই টান টান উত্তেজনা নিয়ে উঁকি দিচ্ছে সীমানা রেলিং ধরে। যতদূর সম্ভব দৃষ্টি দিচ্ছে আকাশে, এই বুঝি কাঙ্ক্ষিত বিমানটা এসে গেল।
তখন একটিমাত্র উড়োজাহাজ সপ্তাহে একদিন বিলেতপ্রবাসী সিলেটের যাত্রী নিয়ে আসা–যাওয়া করত। দেখতে দেখতে এক সময় প্রতীক্ষার প্রহর ভেঙে পুবের আকাশে দেখা গেল বাঁজ পাখির ডানার মতো ডানা মেলে উড়োজাহাজটি বিকট শব্দ তুলে ক্রমশ কাছে আসতে লাগল। ছেলে–বুড়ো সবার মধ্যে আনন্দ উল্লাস। আনন্দে আমার দুচোখ ঝাপসা হয়ে গেল। উড়োজাহাজটি ধীর গতিতে সামনে এগোচ্ছে। একজন বিশেষ পোশাক পরিহিত লোক এক হাতে পতাকা নেড়ে নেড়ে যেই বুড়ো অঙ্গুলি ঊর্ধ্বে ওঠাল এমনি উড়োজাহাজটি বিকট শব্দ তুলে দাঁড়িয়ে গেল।
দূরে সফেদ ধাতবনির্মিত উড়োজাহাজটি যেন শুভ্রতাহীন নগ্ন রমণীর মতো শুয়ে আছে দুবাহু দুদিকে ছড়িয়ে। মাটি থেকে একটু উঁচু করে তুলে ধরা হয়েছে তার কটিদেশ। পেছনে মেঘহীন আকাশ। ইতিমধ্যে সিঁড়ি পথে যাত্রীদের লাইন লেগে গেছে। ধীর পায়ে একে একে সবাই নেমে আসছেন। কিন্তু একী, আমার ভাইকে তো দেখছি না!
ঘাড় ফিরে তাকিয়ে দেখি একজন বিলেতি সাহেবের মতো লোক বাবার পা ছুঁয়ে সালাম করছেন। তারপর আমার মাথায় হাত রেখে বলছেন, কেমন আছিস। ক্ষণিকের জন্য ভাবনায় পরে গেলাম, পাঁচ বছর আগের ভাইয়ের চেহারার সঙ্গে সামঞ্জস্য খুঁজে হিমশিম খেলাম। এক সময় ভাইয়ের ডাকে সংবিৎ ফিরে পেলাম। ডেকে বলেন, জানিস তোর জন্য কী এনেছি! আমি জানতে চাইলাম কি? বললেন, একটি ক্যামেরা এনেছি, ওই ক্যামেরার ভেতরে বায়োস্কোপ দেখা যায়। উনি বিলেত যাওয়ার সময় আমি নাকি বায়না ধরেছিলাম। শুনে তো আমার যেন তর সইছে না, কখন বাড়ি ফিরে বায়োস্কোপ ক্যামেরাটা দেখব।
অনেক কিছুর সঙ্গে বায়োস্কোপ ক্যামেরা পেয়ে আমি দারুণ খুশি। শৈশবে আমরা যে বায়োস্কোপ দেখে অভ্যস্ত, তা থেকে শতভাগ ভিন্ন এটি। লন্ডনের জিনিস বলে কথা! সিডি ক্যাসেটের মতো দেখতে, তার মধ্যে সেলুলয়েডের ফিতায় ধারণকৃত ছবি গোলাকৃতি করে সিডির মধ্যে আটটি ছবি সংযুক্ত করা হয়েছে। সিডিটি ক্যামেরার মধ্যে ঢেলে একটা নবে ক্লিক করলেই সিডিটি ঘুরে সঙ্গে সঙ্গে চোখের সামনে একের পর এক ছবি ভেসে আসে। লন্ডনের বিখ্যাত দর্শনীয় স্থানের ছবি যেমন পিকাডেলি সার্কাস, টেমস নদীর ওপর টাওয়ার ব্রিজ, বিগভ্যান, বাকিংহাম প্যালেসসহ আরও কত কিছু! বায়োস্কোপ দেখে দেখে বিলেতের মোহটা মনের মধ্যে বিঁধেছিল বহুদিন। কিন্তু ভাগ্যের অন্বেষণে বেছে নিলাম আমেরিকায় প্রবাসীজীবন।
দীর্ঘদিন পর হলেও সেই সুপ্ত বাসনা অঙ্কুরিত হলো। বায়োস্কোপের মাধ্যমে দেখা সেই লন্ডনের জৌলুশ আর ঐতিহ্যবাহী স্থাপনা বাস্তবে দেখার সুযোগ পেলাম হাতের মুঠোয়। সত্যিই একদিন হাজির হলাম বিলেতপ্রবাসী সিলেটীদের দ্বিতীয় সাকিনে। আমার ভাগনে মাহবুব সব সময় আমাকে সঙ্গ দিয়ে পুরো লন্ডন শহর চষে বেড়াল। বায়োস্কোপে দেখা সব স্থাপনা দেখে দেখে বাকি থাকল শুধু পিকাডেলি সার্কাস। একদিন মাহবুবকে স্মরণ করিয়ে দিলাম পিকাডেলি সার্কাসের কথা।
শুনেই মাহবুব যেন কিছুটা লজ্জিত হয়ে মৃদু হেসে আমাকে জিজ্ঞেস করে বসল, মামা ওই দুর্গন্ধ ডাস্টবিনের খবর আপনাকে কে শোনাল? আমি হতবাক হলাম মাহবুবের উত্তরে। লন্ডনে দুর্গন্ধময় ডাস্টবিন আছে, তা আমার জানা ছিল না। আমি নাছোড় হয়ে আমার বায়নাতে অটুট থেকে গেলাম।
অগত্যা ভাগনে মাহবুব আমাকে নিয়ে পিকাডেলি সার্কাসের পথে বের হলো। শৈশবে বায়োস্কোপে দেখা পিকাডেলির সঙ্গে আমি সামঞ্জস্য খুঁজতে লাগলাম। সেই গোল স্কয়ার, সেই মনুমেন্ট, গোল স্কয়ারের পাশঘেঁষা লাল রঙের ডাবল ডেকার সিটি বাস, সময়ের বিবর্তনে বরং পিকাডেলির জৌলুশ আরও দ্বিগুণ হয়েছে। তবে মাহবুব দুর্গন্ধময় ডাস্টবিনের কথা আমাকে কেন বলল! আমার মনের মধ্যে কথাটা ঘুরপাক খাচ্ছে। হাঁটতে হাঁটতে একপর্যায়ে চলে এলাম আর এক ভুবনে। অনেক টপলেস রমণীদের বটমলেস ডায়ালগ শুনে মনে হলো, পিকাডেলি সার্কাসের নামকরণের সত্যিকার সার্থকতা এখানেই, যা আমার শৈশবে দেখা বায়োস্কোপের পিকাডেলি সার্কাসের ভিন্নরূপ।