অন্য রকম মানিকজোড়

ছয় বছরের অটিস্টিক শিশু যুক্তরাষ্ট্রের কনর গাইলেট। কথা বলতে পারে না। ইশারা-ইঙ্গিতে ভাব বোঝায়। তবে সে ভাষার কিছুটা বুঝতে পারেন কেবল তার পালক মা। কনরের অব্যক্ত ভাষা সমবয়সী শিশুরা বুঝতে পারে না বলে বন্ধুহীন ছিল সে। কিন্তু গত বড়দিনের সপ্তাহখানেক আগে তার এক বন্ধু জুটেছে। এই সঙ্গীটি হলো তিন বছর বয়সী একটি কুকুর। নাম এলি। এলিও জন্ম থেকেই বধির। নাম ধরে ডাকলে অন্য কুকুর যেভাবে সাড়া দেয়, এলি তা পারে না। তবে সে-ও আকার-ইঙ্গিত বোঝে।
কনর এবং এলি এখন খেলার সাথি। পরস্পরকে ছেড়ে তারা থাকতে পারে না। কারণ কনরের ইশারা-ইঙ্গিত এলি দ্রুত বুঝতে পারে। কনরও এলির মনের ভাষা পড়তে পারে।
কনরের পালক মা মিসেস গাইলেট জানান, অটিজমের পাশাপাশি কনরের দেহে ক্রোমোজোমজনিত সমস্যা ধরা পড়েছে। মাত্র চার মাস বয়সে তাকে দত্তক নেন মিসেস তিনি। গাইলেট জানান, তাঁরা ফ্লোরিডা অঙ্গরাজ্যে থাকেন। বাড়িতে আগে থেকেই আট বছর বয়সী একটি কুকুর আছে। গত ডিসেম্বরের মাঝামাঝি পাশের একটি রেসকিউ সেন্টার থেকে তাঁকে বলা হয়, তাদের কাছে একটি বধির কুকুর আছে। কুকুরটি ইশারা ভাষা বোঝে। চাইলে তিনি কুকুরটিকে পুষতে নিতে পারেন। এরপরই তিনি কনরকে নিয়ে এলি নামের কুকুরটিকে দেখতে যান। বিস্ময়ের ব্যাপার হলো, কনরের সঙ্গে এলির প্রথম দেখাতেই ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। স্পষ্ট বোঝা যাচ্ছিল তারা পরস্পরের অভিব্যক্তি বুঝতে পারছে। তাদের মধ্যে একধরনের সহজাত ভাববিনিময় হচ্ছে। খুব দ্রুত তারা দড়ি টানাটানি, দোলনায় ঝোলার মতো নানা ধরনের খেলায় মেতে ওঠে।
কনর আর এলি এখন পুরোদস্তুর মানিকজোড়। একজন আরেকজনকে ছাড়া চলতেই পারে না।
মিসেস গাইলেট বলেন, শেষ পর্যন্ত নিঃসঙ্গ কনরের একজন বন্ধু জোটায় তিনি যারপরনাই খুশি।