অন্য রাজ্যে চলে যাচ্ছেন বেকার ক্যাব চালকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। এরপর থেকে দৈনিক হাজারের ওপর মানুষের মৃত্যু হচ্ছে। বুধবার দেশটিতে প্রায় ২ হাজার ৪০০ জন মার্কিনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের মে মাসের পর সর্বোচ্চ।

করোনার এমন নির্মমতার কাছে পুরোটাই অসহায় মার্কিন অর্থনীতি। জুন মাসের শেষে কর্মজীবী মানুষ কাজে ফিরলেও দ্বিতীয় ঢেউয়ে আবারও অনিশ্চিত ভবিষ্যৎ। সবচেয়ে বেশি খারাপ অবস্থা বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্ক নগরের। এখানে অভিবাসীদের বড় একটি অংশ সরাসরি ক্যাব ব্যবসা ও চালনার সঙ্গে জড়িত। করোনার ভয়াবহতা শুরুর পর থেকে গত কয়েক মাস বেকার ভাতাসহ অতিরিক্ত ৬০০ ডলার জীবিকা নির্বাহে অনেকটা সাহায্য করছিল। ৬০০ ডলারের অতিরিক্ত প্রণোদনা বন্ধ হওয়ার পর অনেকেই জীবিকার তাগিদে কাজে ফেরেন। আবার অনেকেই নিউইয়র্ক নগরের বাসা ভাড়াসহ অন্যান্য খরচ না মেটাতে পেরে বাফেলো, আলবেনি, টেক্সাস, মিশিগান, ফ্লোরিডা চলে গেছেন। এর মধ্যে বিরাট অংশ ট্যাক্সিক্যাব চালানোর সঙ্গে জড়িত।

নিউইয়র্কে ট্যাক্সিক্যাব চালকদের হতাশা কিছুতেই কাটছে না। কয়েক বছর ধরে এমনিতেই ক্যাব ব্যবসায় ধস। এরই মধ্যে নতুন করে করোনা আতঙ্ক। ইতিমধ্যে বিমানবন্দর যাত্রীসেবায় বড় ধাক্কা খেয়েছে রাইড শেয়ার কোম্পানি উবার ও লিফট। বিশেষ করে ইউরোপে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকার কারণে কঠিন সময় পার করছেন ক্যাবচালকেরা। ক্যাব ব্যবসার বড় একটি খাত পর্যটন। পর্যটকদের ওপর ক্যাবচালকেরা অনেকটাই নির্ভরশীল। বিশেষ করে ইয়েলো ক্যাব চালকদের বড় একটি অংশ এয়ারপোর্ট থেকে প্রতিদিন ভালো অর্থ উপার্জন করেন। যদিও ইউরোপীয় দেশগুলোর ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলতে হোয়াইট হাউস ভাবছে।

প্রথম আলো উত্তর আমেরিকার সঙ্গে আলাপকালে কুইন্সে বসবাসরত বাংলাদেশি গ্রিন ক্যাবচালক রিপন বলেন, ‘এই ব্যবসা আর নেই। খুব অর্থ সংকটে দিন যাচ্ছে। বেকার ভাতা থেকে ট্যাক্স কেটে সপ্তাহে মাত্র ১৫৯ ডলার পাই। এই অল্প ডলার দিয়ে নিউইয়র্কে চলা সম্ভব নয়। তারপরও কষ্ট করে সংসারটা চালিয়ে যাচ্ছি।’

ব্রঙ্কসের আরেক ক্যাবচালক সিদ্দিক আহমদ বলেন, ‘৬-৭ বছর ধরে ক্যাব চালাই। করোনার মধ্যে পরিবার নিয়ে খুব কষ্টে আছি। কয়েক মাস ধরে কাজে বের হই, কিন্তু রাস্তায় যাত্রী নাই বললেই চলে। আর ইয়েলো এবং গ্রিনক্যাব যাত্রীরা এখন উবার-লিফট নিয়ে নেন।’

সিদ্দিক আরও বলেন, ‘করোনাভাইরাসে নিউইয়র্কে জরুরি অবস্থা জারির পর একদিন কাজ করিনি। এরপর জুলাইয়ে কাজ শুরুর পর অবস্থা আরও খারাপ। এভাবে একের পর এক সমস্যা থাকলে ক্যাব ব্যবসা আলোর মুখ দেখবে না। এখন নিউইয়র্ক ছেড়ে অন্য রাজ্যে চলে যাওয়ার পরিকল্পনা করছি।’

ম্যানহাটনের ইয়েলো ক্যাবচালক স্যামুয়েল। ইয়েলো ক্যাব ব৵বসা মন্দা থাকলেও মোটামুটি চলে যাচ্ছিল। করোনায় প্রচণ্ড ধাক্কা খেয়েছেন তিনি। বলেন, গত বছরের সেপ্টেম্বর, অক্টোবরে ব্যবসা ভালোই ছিল। যদিও রাইড শেয়ার কোম্পানি ৬০ শতাংশের ওপর ব্যবসা নিয়ে গেছে। এরপরও সিটিতে ক্যাব চালিয়ে জীবিকা নির্বাহ করা সম্ভব ছিল। কিন্তু চলতি বছর দীর্ঘ ৮ মাস করোনার কারণে বেশির ভাগ ইয়েলো ক্যাব পার্কিং অথবা গ্যারেজে পড়ে আছে।

নগরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে গড়ে ৩ হাজার ২৫৭টি ইয়েলো ক্যাব এবং ৫৭৫টি গ্রিনক্যাব যাত্রী সেবায় কাজ করছে, যা ২০১৯ সালের সেপ্টেম্বরের তুলনায় প্রায় ৭০ শতাংশ কম।

এই সংকট কাটাতে কয়েকটি মেডেলিয়ান ও গ্যারেজ মালিক চালকদের কাজে ফিরে আসতে অনুরোধ করেন। এমনকি চালকদের দৈনিক ভাড়ার অর্ধেক ক্যাব ভাড়া দেওয়ার পর কিছু চালক সম্প্রতি কাজে ফিরেছেন। কিন্তু বেশির ভাগ চালক জীবনের ঝুঁকি নিয়ে ফিরতে নারাজ।

এ সম্পর্কে মিয়ানমারের অভিবাসী অ্যান্ড্রু চেন বলেন, ২০০৬ সাল থেকে আমার নিজস্ব ক্যাব আছে। এমন সংকট আমি এর আগে কখনো দেখিনি। কোভিড-১৯ সবকিছু কেড়ে নিয়েছে। একদিকে ভাইরাস আতঙ্ক, অন্যদিকে যাত্রী সংকট।

এদিকে উবার ও লিফটের মতো ইয়েলো ক্যাবে অ্যাপ চালুর প্রস্তাব আবারও তুলেছেন নিউইয়র্ক সিটি কাউন্সিল বেন ক্যালস। তিনি ২০১৪ সালেও এমন একটি বিল উঠিয়েছিলেন। তখনকার সময় বিলটি পাস হলেও আইনে পরিণত হয়নি। কারণ, উবার ও লিফট বিরোধিতা করায় টিএলসি অনুমতি দেয়নি। এর পেছনে মূল কারণ ছিল, ৬৬ শতাংশ যাত্রীই রাইড শেয়ার অ্যাপ নির্ভর।

এ ছাড়া গত বছর নগর কর্তৃপক্ষের করা নতুন নিয়মে বাধা পড়েছেন বেশির ভাগ রাইড শেয়ার কোম্পানির চালকও। উবার-লিফটে ক্যাপিং, নতুন লাইসেন্স প্লেট ইস্যু বন্ধ করে দেওয়ার পর অনেক চালক এ ব্যবসা ছেড়ে দিয়েছেন। ক্যাব চালিয়ে বাসা ভাড়া, গাড়ি ভাড়া, ইনস্যুরেন্স দেওয়ার পর কোনো কিছুই থাকছে না দাবি ক্যাব চালকদের।

একের পর এক প্রতিকূল পরিস্থিতি আর আতঙ্কে থাকা ক্যাবচালকদের সুদিন আসবে না ভেবে নিউইয়র্ক নগরে কর্মরত প্রায় ৫০ হাজার বাংলাদেশি ক্যাবচালকের অনেকেই এখন অন্য স্টেটে চলে যাওয়ার কথা ভাবছেন।