অপটিমিস্টসের তহবিল সংগ্রহ অনুষ্ঠান ১২ ডিসেম্বর
স্বেচ্ছাসেবী সংস্থা অপটিমিস্টস এবার ভার্চ্যুয়াল তহবিল সংগ্রহ করছে। ১২ ডিসেম্বর অনুষ্ঠেয় এ তহবিল সংগ্রহ অনুষ্ঠানে সবাইকে যোগ দেওয়ার জন্য সংগঠনটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। অপটিমিস্ট একটি অলাভজনক প্রতিষ্ঠান। তারা ২০০০ সাল থেকে প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে সংগৃহীত তহবিল দিয়ে দেশের দরিদ্র শিশুদের শিক্ষার ব্যবস্থা করে। এই সংগঠনের তহবিলে হাজার হাজার ডলার দান করে যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশের বসবাসকারী মানুষ বাংলাদেশের দরিদ্র শিক্ষার্থীদের সাহায্য করেন। এ বছর কোভিডের কারণে কোনো ফান্ড রেইজিং অনুষ্ঠান করা যাচ্ছে না। তাই এবার অপটিমিস্টস ভার্চ্যুয়াল মতবিনিময় ও তথ্যবিনিময়ের মাধ্যমে তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে।
করোনা মহামারির কারণে গোটা পৃথিবী এক ভয়াবহ দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে। মহামারির প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে ভীষণ দুর্দশায় আছে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী। এমন বাস্তবতায় অপটিমিস্টস এ বছর আগের মতো অনুষ্ঠান আয়োজন করে তহবিল সংগ্রহ করতে পারেনি। কিন্তু বরাবরের মতোই অপটিমিস্টসের আর্থিক সহায়তা পাওয়ার অপেক্ষায় রয়েছে দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা। এ অবস্থায় ভার্চ্যুয়াল এই তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি। কারণ তারা মনে করে, এ বছর তাদের আরও বেশি সাহায্য দরকার।
আগামী ১২ ডিসেম্বর অপটিমিস্টস আয়োজিত তহবিল সংগ্রহের উদ্যোগে যোগ দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছে। সংশ্লিষ্ট অনুষ্ঠানটি একযোগে ফেসবুক ও ইউটিউবে লাইভ শেয়ার করা হবে। এতে বাংলাদেশ, ভারত এবং ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন শহরের জনপ্রিয় বাংলাদেশি কণ্ঠ, আবৃত্তি ও নাট্যশিল্পীরা অংশ নেবেন।
অনুষ্ঠানের মাধ্যমে যে কেউ অনলাইনে ক্রেডিট, ডেবিট বা পে-প্যাল ব্যবহার করে আয়করমুক্ত অনুদান দিতে পারবেন। আগ্রহীরা অপটিমিস্টসের বর্তমান ও অতীত কার্যকলাপ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারবেন।
এই উদ্যোগ সফল করতে অপটিমিস্টস উদ্যোক্তা কমিউনিটির বিত্তবান সবার আন্তরিক সহায়তা চেয়েছে। তারা আশা করছে, তাদের এই উদ্যোগে বিপুলসংখ্যক দাতা মিলিতভাবে সাধ্যমতো অনুদান দিয়ে বাংলাদেশের প্রতিভাবান শিক্ষার্থীদের সহযোগিতা করবেন। অনুষ্ঠানটি ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র সময় সকাল ৯টা থেকে অপটিমিস্টস্-এর ফেসবুক পেজে (facebook.com/theoptimistsbangladesh) লাইভ দেখা যাবে। এ ব্যাপারে বিস্তারিত তথ্যের জন্য ফোন (৭১৮-২৭৮-৪৯৫৩) বা তাদের ই-ইমেইল ([email protected]) করতে অনুরোধ জানিয়েছে সংগঠনটি।