অপটিমিস্টসের বার্ষিক সভা ও তহবিল সংগ্রহ ৮ অক্টোবর
নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ফাইভ স্টার ব্যাংকুয়েট অ্যান্ড পার্টি হলে আগামী ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদানকারী আন্তর্জাতিক সেবামূলক সংগঠন দা অপটিমিস্টস-এর বার্ষিক সাধারণ সভা ও তহবিল সংগ্রহ অনুষ্ঠান। শত হাজার ডলারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এই তহবিল সংগ্রহের উদ্যোগকে সফল করার লক্ষ্যে অপটিমিস্টস-এর কর্মকর্তারা কমিউনিটির সবাইকে সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশের ২৪টি জেলায় কর্মরত এই সংগঠন এ পর্যন্ত কয়েক হাজার দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের লেখাপড়া করার সুযোগ করে দিয়েছে। অসংখ্য ছেলেমেয়ে আছে যারা দেশের বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল কলেজসহ বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে অপটিমিস্টস-এ স্পনসরশিপ সহায়তা নিয়ে পড়ালেখা করছে।
প্রতিবারের মতো এই বার্ষিক সাধারণ সভা ও তহবিল সংগ্রহ অনুষ্ঠানে অপটিমিস্টস্-এর বার্ষিক আর্থিক প্রতিবেদন ও কর্ম প্রতিবেদন প্রকাশ করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অপটিমিস্টস-এর বাংলাদেশের পরিচালক মেজর জেনারেল (অব.) আবদুস সালাম চৌধুরী ও অপটিমিস্টস্ বাংলাদেশের হিসাব নিরীক্ষক হীরালাল বড়ুয়া। কর্মকর্তারা দাতা ও স্পনসরসহ সব মানুষের নানা প্রশ্নের উত্তর দেবেন। অপটিমিস্টস-এর কর্মকাণ্ডের ওপর তৈরি একটি তথ্যচিত্র প্রদর্শনী ছাড়াও এদিন বাংলাদেশের কয়েকটি অঞ্চলের অপটিমিস্টস্-এর সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে স্কাইপের মাধ্যমে সরাসরি যোগাযোগ করা হবে।
বাংলাদেশে অপটিমিস্টস-এর কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্পনসর, পৃষ্ঠপোষক, ও করপোরেট দাতা এবং একক ব্যক্তির কাছ থেকে অনুদান সংগ্রহ ছাড়াও নিউইয়র্কের নির্বাচিত কয়েকজন শিল্পীর দান করা শিল্পকর্ম (ভাস্কর্য ও পেইন্টিং) বিক্রি করেও এদিন তহবিল সংগ্রহ করা হবে।
অপটিমিস্টস-এর এবারের তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আহ্বায়ক নিশাদ হক ও সংগঠনের অন্য কর্মকর্তারা তাদের ফান্ড-রাইজিং-এর প্রত্যাশিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।