নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত সোয়া কোটি কাগজপত্রবিহীন অভিবাসীদের বহিষ্কার করবেন। ‘আইস’ নামে পরিচিত যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা গত চার মাসে যে হারে অভিবাসীদের গ্রেপ্তার ও বহিষ্কার করে চলেছে, তাতে স্পষ্ট, ট্রাম্প তাঁর প্রতিশ্রুতি রক্ষা করে চলেছেন।
ট্রাম্পের বিচার বিভাগ এক নীতিমালায় ঘোষণা করেছিল, শুধু বড় ধরনের অপরাধে চিহ্নিত ব্যক্তিদেরই বহিষ্কারের জন্য আটক করা হবে। বাস্তবে দেখা যাচ্ছে, কোনো অপরাধ করেননি, এমন কাগজপত্রবিহীন অভিবাসীদেরও বহিষ্কারের উদ্দেশ্যে আটক করা হয়েছে। ওবামা আমলে বহিষ্কারের আগে এসব ব্যক্তির অভিবাসন আদালতে শুনানির সুযোগ দেওয়া হতো। অধিকাংশ ক্ষেত্রেই চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত তাঁদের মুক্ত অবস্থায় থাকার সুযোগ ছিল। কিন্তু সম্প্রতি আইসের কাছে পাঠানো এক চিঠিতে অভিবাসীদের পক্ষে কাজ করে এমন প্রায় ২০০টি সাহায্য সংগঠন অভিযোগ করেছে, ফেডারেল কর্তৃপক্ষ অবৈধ অভিযোগে আটক করা ব্যক্তিদের আইনি শুনানির সুযোগ দিতে ঢালাওভাবে অস্বীকার করছে। ওই সাহায্য সংগঠনগুলো ৩৭টি আটক কেন্দ্রে আটক রাখা মোট ৮০৫ জন অভিবাসীর পরিস্থিতি অনুসন্ধান করে দেখেছে, আইস কর্তৃপক্ষ তাঁদের প্রত্যেকের প্যারোল বা সাময়িক অব্যাহতি দিতে অস্বীকার করেছে। অধিকাংশ ক্ষেত্রেই নামমাত্র বিবেচনা শেষে তাঁদের আবেদন প্রত্যাখ্যান করা হয়। সিভিক নামের একটি সাহায্য সংস্থার প্রধান ক্রিস্টিনা ফিয়ালো জানিয়েছেন, ওবামা আমলে গ্রেপ্তার হওয়া প্রত্যেক অভিবাসী সাময়িক অব্যাহতি পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হতেন।
ফিয়ালো আরও জানিয়েছেন, আইস কর্তৃপক্ষের হাতে আটক থাকা অভিবাসীরা অত্যন্ত করুণ অবস্থায় রয়েছেন। অনেকেই মারাত্মক রোগে ভুগছেন, বেশির ভাগই যথোপযুক্ত পরিচর্যা পাচ্ছেন না। সিভিকের দেওয়া তথ্য অনুসারে, ক্যালিফোর্নিয়ার একটি আটক কেন্দ্রে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৪৬ বছর বয়সী এক অভিবাসী মারা গেছেন।
কাগজপত্রবিহীন অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের এই বহিষ্কার অভিযান বাংলাদেশি অভিবাসীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। কিছুদিন আগে নিউইয়র্কের একটি বাংলা সাপ্তাহিকের সম্পাদককে অবৈধ অভিযোগে আটক করা হয়। বাঙালি কমিউনিটিতে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় এই সম্পাদকের গ্রেপ্তারের ঘটনায় সে উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে।