
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বক্তব্য পুলিশ বাহিনীকে অপরাধীদের প্রতি সদয় আচরণ না করার কথা বলেছেন। প্রেসিডেন্টের বক্তব্যের পর পুলিশি নিষ্ঠুরতার পথ খুলবে, এমন আশঙ্কায় প্রতিবাদের ঝড় উঠেছে। খোদ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ যেকোনো গ্রেপ্তার এবং গ্রেপ্তার পরবর্তী প্রক্রিয়ায় পেশাদারির প্রতি অবিচল থাকবে।
২৮ জুলাই শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কের লং আইল্যান্ডে দেওয়া বক্তব্যে অপরাধীদের যুক্তরাষ্ট্র থেকে নির্মূল করার কথা বলেছেন। কুখ্যাত এম এস ১৩ নামের গ্যাং নির্মূল করতে অভিবাসন এজেন্ট বৃদ্ধি এবং পুলিশের শক্ত অবস্থান নিয়ে কথা বলেন তিনি। একপর্যায়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গ্রেপ্তারের পর অপরাধীদের প্রতি পুলিশের আচরণ অতি ভালো না হলেও চলবে। তাঁর এ বক্তব্যের সময় সভায় উপস্থিত বেশ কিছু পুলিশ সদস্যকে হাত তালি দিতেও দেখা গেছে।
গত কয়েক বছর থেকে আমেরিকার সর্বত্র পুলিশি নিষ্ঠুরতার বিরুদ্ধে জনমত গড়ে উঠেছে। বিভিন্ন রাজ্যে পুলিশের নিষ্ঠুর আচরণের জন্য চাকরিচ্যুতি থেকে পুলিশ সদস্যদের কারাদণ্ডের ঘটনা ঘটেছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের পুলিশি ব্যবস্থার সংস্কার করারা আহ্বান জানিয়েছিলেন। পুলিশকে কীভাবে আরও জনবান্ধব করা যায়, জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আইনের প্রয়োগের ওপর জোর দেওয়া হচ্ছিল।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর অন্য বিষয় সমূহ নিয়ে চলছে প্রতিদিনের নাটকীয়তা। এর মধ্যে রাজ্য সরকারগুলো নিজেদের মতো করে পুলিশকে জনবান্ধব করার চেষ্টা করছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর লস অ্যাঞ্জেলস থেকে নিউইয়র্ক পর্যন্ত পুলিশের পক্ষ থকে বিরূপ প্রতিক্রিয়া পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রেসিডেন্টের এমন বক্তব্যে পুলিশের মাত্রা অতিক্রমের ঘটনা বৃদ্ধি পাবে। আইনজীবীরা বলছেন, প্রেসিডেন্টের এ বক্তব্যের ভিডিও পুলিশি নিষ্ঠুরতার পক্ষে আদালতে উপস্থাপন করা হতে পারে। পুলিশ সংগঠনের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের এ সংক্রান্ত বক্তব্য প্রত্যাখ্যান করা হয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব চিফস অব পুলিশ এবং পুলিশ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রেসিডেন্টের বক্তব্যকে প্রত্যাখ্যান করে বিবৃতি দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলস পুলিশ পুলিশের কমিশনার স্টিভ সবোরফ সংবাদমাধ্যমে দেওয়া এক বক্তব্যে বলেছেন, প্রেসিডেন্টের বক্তব্য পুলিশের নীতির বাইরে। এ বক্তব্য বর্তমান সময়ের পুলিশ নীতির সঙ্গে সামঞ্জস্যহীন বলে তিনি উল্লেখ করেন। নিউ ওরলেন্স পুলিশ বিভাগের প্রধান মাইকেল হ্যারিসন ২৯ জুলাই শনিবার দেওয়া এক বিবৃতিতে বলেছেন, সাংবিধানিক পুলিশ নীতির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য সাংঘর্ষিক। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে তাঁর নগরীর পুলিশ ব্যবস্থাকে সংস্কার করার উদ্যোগ চলমান রয়েছে।
নিউইয়র্কের যে এলাকায় প্রেসিডেন্ট ট্রাম্প এ সংক্রান্ত বক্তব্য রাখেন, সেই সাফক কাউন্টি পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক টুইট বার্তায় এ হেন বক্তব্যকে প্রত্যাখ্যান করা হয়েছে। সাফোক পুলিশের বার্তায় বলা হয়েছে, বন্দীদের প্রতি কোনো নিষ্ঠুর আচরণ পুলিশ বিভাগ থেকে কোনো অবস্থাতেই বরদাশত করা হবে না। বন্দীদের প্রতি আচরণ করার জন্য পুলিশের নির্দিষ্ট নিয়মাবলি আছে এবং এ নিয়মাবলি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিউইয়র্ক পুলিশ প্রধান জেমস ও’নীল শনিবার দেওয়া এক বিবৃতিতে বলেছেন, পুলিশ বন্দীদের প্রতি আচরণের নিয়মাবলি রয়েছে। কোথাও কোনো বাড়াবাড়ি জনগণের কাছে ভুল বার্তা প্রেরণ করবে বলে তিনি উল্লেখ করেন।
সাম্প্রতিক সময়ে আমেরিকায় পুলিশি নিষ্ঠুরতায় ‘ব্লেক লাইফ মেটার’ নামে একটি আন্দোলন গড়ে উঠেছিল। এর পাল্টা হিসেবে পুলিশের একটি সংগঠন রয়েছে ‘ব্লু লাইফ মেটার’। রক্ষণশীল এ পুলিশ সংগঠন থেকে অবশ্য বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প অপরাধীদের বিরুদ্ধে শক্ত কথা বলতে গিয়ে ঠাট্টা ছলে পুলিশকে বলেছেন, বন্দীদের প্রতি ‘অতি ভালো’ আচরণ না করলেই চলবে। এ বিষয়ে নিউইয়র্ক টাইমস থেকে হোয়াইট হাউসের বক্তব্য চাওয়া হলেও কোনো উত্তর পাওয়া যায়নি বলে সংবাদপত্রটি জানিয়েছে।