অপরাধের তথ্য দিলে ৩৫০০ ডলার পুরস্কার
নিউইয়র্ক নগরে অপরাধ দমনের জন্য সার্বক্ষণিক খোলা হটলাইনে ফোন করে অপরাধ ও অপরাধীর তথ্য দিলে তথ্যদাতাকে আড়াই হাজার থেকে বাড়িয়ে সাড়ে তিন হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সম্প্রতি নগরে অপরাধ বেড়ে অনেক বেড়ে গেছে। ফোন করে তথ্য দেওয়ার হার কমে যাওয়ায় পুরস্কারের অর্থ মূল্য এবার বাড়ানো হয়েছে।
নিউইয়র্ক নগরের মেয়র বিল ডি ব্লাজিও ২১ জুন জানিয়েছেন, ৮০০-৫৭৭-টিআইপিএস নম্বরে ফোন করে চুরি, ডাকাতি, রাজাহানি ও খুনসহ নানা অপরাধের তথ্য দেওয়ার জন্য আগে থেকেই নাগরিকদের উৎসাহ দেওয়া হয়েছিল। নগরের পুলিশ ফাউন্ডেশন পরিচালিত এ কর্মসূচির আওতায় অতীতে অসংখ্য অপরাধী ধরা পড়েছে।
জানা গেছে, গত কয়েক বছর থেকে নাগরিকদের কাছ থেকে এমন ফোন কল পাওয়ার সংখ্যা কমতে শুরু করেছে। ২০২০ সালে এক হাজারের কিছু বেশি লোকজন ফোন করে অপরাধের তথ্য দিয়েছেন। এর ফলে ৫৫ জন গুরুতর অপরাধীকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করাতে সক্ষম হয়েছে নগরের পুলিশ। চলতি বছরে এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক এমন ফোন কল প্রাপ্তির কথা জানানো হয়েছে।
অপরাধ সম্পর্কে তথ্য দিয়ে পুরস্কারের পরিমাণ আগে ছিল আড়াই হাজার ডলার। এতে নাগরিকদের আগ্রহ কমে যাওয়ায় চলতি বছর তা বাড়িয়ে সাড়ে তিন হাজার ডলার করা হয়েছে। নগরের মেয়র ডি ব্লাজিও বলেছেন, এ পুরস্কার বৃদ্ধির ঘোষণায় নাগরিকদের উৎসাহ বাড়বে এবং নগরের অপরাধ দমনে কর্মসূচি আরও সফল হয়ে উঠবে।
অপরাধ সম্পর্কে হটলাইনে ফোন করা তথ্যদাতার গোপন রাখা হয়। তথ্যদাতার নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থাও গ্রহণ করা হয়ে থাকে। মেয়র ডি ব্লাজিও বলেছেন, অপরাধ সম্পর্কে তথ্য প্রদানকারী শুধু নিজের দায়িত্বই পালন করছেন না, পরিবারের এবং সমাজের জন্য কল্যাণকর কাজে এগিয়ে আসার কাজ করছেন এ উদ্যোগের মাধ্যমে।
নগরের পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, গত এক বছরের বেশি সময় থেকে অপরাধ নিয়ে লোকজনের তথ্য প্রদানের হার কমে যাওয়ার সংখ্যার সঙ্গে মহামারি করোনার সম্পর্ক রয়েছে। স্বাস্থ্য সতর্কতার কারণে লোকজন মাস্ক ব্যবহার করার জন্য অনেকেই অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হচ্ছে না। অপরাধীরা অপরাধ সংগঠনের সময় মাস্ক ব্যবহার করছে বলেও প্রমাণ পাওয়া গেছে।