অবকাশেও শান্তিতে ছিলেন না প্রেসিডেন্ট ট্রাম্প

অবকাশেও শান্তিতে ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের চাপ এড়াতে নয়, শক্তিমত্তা আর ঐতিহ্যের হোয়াইট হাউসে সংস্কারকাজ চলছিল। প্রেসিডেন্ট ট্রাম্পকে তাই ওয়াশিংটন ছেড়ে নিউজার্সির বেডমিনস্টারে যেতে হয়েছিল। বেডমিনস্টারে রয়েছে তাঁর নিজস্ব গলফ ক্লাব। কাছের হাডসন নদী পেরোলেই নিউইয়র্কের ম্যানহাটনে তাঁর ব্যক্তিগত আবাসন ‘ট্রাম্প টাওয়ার’। ট্রাম্প টাওয়ার থেকেই নিজেকে আমেরিকার প্রেসিডেন্ট পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন তিনি। প্রেসিডেন্ট হওয়ার পর নিজের আবাসনেও ঢুঁ মেরেছেন বেডমিনস্টারের অবকাশ থেকে। ট্রাম্প টাওয়ারে ফেরার সময় নিউইয়র্কের মানুষ তাঁকে প্রতিবাদ করে স্বাগত জানিয়েছে। নিজের নগরীতে বিক্ষোভকারীদের ক্ষুব্ধ স্বাগতম পেয়েছেন আমেরিকার আলোচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১৭ দিনের অবকাশ থেকে ২০ আগস্ট রোববার রাতে তিনি ফিরে গেছেন ওয়াশিংটনের হোয়াইট হাউসে। যাওয়ার সময় আবার গালিগালাজ করেছেন সংবাদমাধ্যমকে। এক টুইট বার্তায় বেডমিনস্টারের গলফ ক্লাবে অবকাশকালীন ‘হার্ড ওয়ার্ক’ করেছেন উল্লেখ করে বলেছেন, অসৎ সংবাদমাধ্যমের ভুয়া সংবাদ পরিবেশন দেখে তিনি ফিরছেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের ১৭ দিনের অবকাশ ছিল ঘটনাবহুল। প্রথম সপ্তাহ গেছে উত্তর কোরিয়া-সংক্রান্ত উত্তেজনায়। দ্বিতীয় সপ্তাহ গেছে ভার্জিনিয়ায় শ্বেতাঙ্গ উগ্রবাদীদের সঙ্গে নাগরিক আন্দোলনের সংঘর্ষের উত্তেজনায়। এর মধ্যে হোয়াইট হাউসের প্রধান কৌশলবিদ স্টিফেন ব্যাননকে চাকরিচ্যুত করার ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প ছিলেন পুরো সময় আলোচনার মধ্যে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউজার্সির বেডমিনস্টারে পৌঁছান। একই দিনে অ্যাটর্নি জেনারেল জেফ সেশন ঘোষণা দেন, যেসব সংবাদমাধ্যম রাষ্ট্রীয় গোপন এবং স্পর্শকাতর বিষয় প্রকাশ করছে, তাদের জবাবদিহি করার বিষয়ে বিচার বিভাগের নিয়মনীতি পরীক্ষা করে দেখা হচ্ছে। ৭ আগস্ট প্রেসিডেন্ট ট্রাম্প এক নাগাড়ে বেশ কটি টুইট করেন, যেখানে তিনি উল্লেখ করেন গলফ ক্লাব থেকে তিনি ওয়ার্কিং হার্ড এবং নিউইয়র্ক টাইমসের কঠোর সমালোচনা করেন। ওই দিন নিউইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে বলেছিল, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স গোপনে ২০২০ সালের নির্বাচনের জন্য প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
৮ আগস্ট ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে প্রথমে জানায়, উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পারমাণবিক হামলার প্রযুক্তি আয়ত্ত করেছে। এ সংবাদ প্রকাশের পরই প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে বলেন, উত্তর কোরিয়াকে উচিত জবাব দেওয়া হবে। উত্তর কোরিয়া দ্রুত পাল্টা জবাব দিয়ে আমেরিকার নিয়ন্ত্রণাধীন গুয়াম দ্বীপে হামলা চালানোর হুমকি প্রদান করলে চরম উত্তেজনা দেখা দেয়। ৯ আগস্ট ওয়াশিংটন পোস্ট আরেক প্রতিবেদনে জানায়, রাশিয়ার সঙ্গে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার তদন্তের অংশ হিসেবে এফবিআই প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণা প্রধান পল মোনাফোর্টের বাড়ি তল্লাশি করেছে। রাশিয়ার সংলগ্নতা নিয়ে তদন্তে নিয়োজিত বিশেষ কাউন্সিলর রবার্ট মুলারের এ প্রয়াস ট্রাম্প শিবিরের জন্য উৎকণ্ঠার কারণ হিসেবে দেখা দেয়।
১০ আগস্ট প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার ওপর নতুন অবরোধ আরোপ করেন এবং প্রেসিডেন্ট ভ্লাদিমার পুতিনকে ‘ধন্যবাদ’ জানান। রাশিয়া থেকে আমেরিকার ৭৫৫ জন কূটনীতিককে বহিষ্কার করার পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘এমনিতেই আমরা লোক ছাঁটাই করতে চাচ্ছিলাম।’
১১ আগস্ট ভোরে প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, উত্তর কোরিয়া গুয়ামে হামলার চিন্তা থেকে সম্পূর্ণ সরে না দাঁড়ালে পাল্টা হামলার জন্য মার্কিন সামরিক বিমান পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি বিকেলে সাংবাদিকদের বলেন, ভেনেজুয়েলাতে মার্কিন সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে। পেন্টাগন থেকে পরে বলা হয়, তাদের কাছে এ ধরনের কোনো নির্দেশ নেই। একই দিন বিকেলে জানানো হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার নিকোলাস মাদুরার ফোন কল ধরতে অনীহা প্রকাশ করেছেন। এ দিন সন্ধ্যায় ভার্জিনিয়ার শার্লটসভিলে শ্বেতাঙ্গ উগ্রবাদীরা পরের দিনের সমাবেশকে সফল করার জন্য টর্চ লাইট নিয়ে শোভাযাত্রা করে।
১২ আগস্ট ভার্জিনিয়ার শার্লটসভিলে শ্বেতাঙ্গ উগ্রবাদীরা মিছিল করে কনফেডারেশন মূর্তি অপসারণের বিরোধিতা করলে পাল্টা শোভাযাত্রায় হাজার হাজার ক্ষুব্ধ মানুষের সমাগম ঘটে। উত্তেজনাকর এ সংঘর্ষের কারণে জরুরি অবস্থা জারি করা হয়। একজন নারী নিহত হন। প্রেসিডেন্ট ট্রাম্প দ্রুত এক বিবৃতিতে দুই পক্ষকে দায়ী করেন। তিনি শ্বেতাঙ্গ উগ্রবাদীদের চিহ্নিত করে ঘটনার নিন্দা না জানানোর কারণে প্রতিবাদের ঝড় ওঠে। খোদ রিপাবলিকান নেতারাও প্রেসিডেন্টের সমালোচনায় মুখর হন।
১৩ আগস্ট দিনভর মার্কিন মিডিয়া মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনায় মুখর থাকে। প্রেসিডেন্টের প্রতিক্রিয়ার সমালোচনা করে নানা মহলের বক্তব্য প্রচারিত হতে থাকে। এ দিন বিকেলে হোয়াইট হাউস থেকে দেওয়া এক ব্যাখ্যায় বলা হয় প্রেসিডেন্ট তাঁর বিবৃতিতে ঠিকই শ্বেতাঙ্গ উগ্রবাদীদের সমালোচনা করেছেন।
১৪ আগস্ট মার্ক কোম্পানির প্রধান নির্বাহী কেনেথ ফ্রেজিয়ার ঘোষণা করেন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের উৎপাদন-বিষয়ক উপদেষ্টা পরিষদ থেকে সরে দাঁড়াচ্ছেন। একই দিনে আন্ডার আরমোরের প্রধান নির্বাহী এবং ইন্টেলের প্রধান নির্বাহী ট্রাম্পের উপদেষ্টা পরিষদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। দিনটিতে প্রেসিডেন্ট ট্রাম্প আবার ভার্জিনিয়া নিয়ে বিবৃতি দেন। তোলপাড় হওয়া সমালোচনার মুখে তিনি বর্ণ বৈষম্যকরীদের শয়তান হিসেবে উল্লেখ করে বিবৃতি প্রদান করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ দিনটিতে আমেরিকার প্রধান প্রধান নগরীগুলোতে বর্ণবৈষম্য এবং শ্বেতাঙ্গ উগ্রবাদের বিরুদ্ধে বড় বড় বিক্ষোভ সমাবেশ হয়। নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারের কাছেই বিশাল সমাবেশ করে নাগরিক অধিকার আন্দোলনের পক্ষের লোকজন।
১৫ আগস্ট এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প ভার্জিনিয়ার ঘটনায় দুই পক্ষের হামলাকারীদের আবার আক্রমণ করেন। তিনি সাংবাদিকদের প্রশ্ন করেন, বাম দিক থেকে যারা হামলা চালাল, তাদের কি কোনো অনুতাপ নেই?
একই দিনের সংবাদে জানা গেল উত্তর কোরিয়া গুয়াম দ্বীপে হামলার চিন্তা থেকে আপাতত সরে এসেছে। দিনের এ সংবাদটি প্রেসিডেট ট্রাম্পের জন্য স্বস্তির কারণ ছিল। অবশ্য একই দিনে প্রেসিডেন্ট ট্রাম্পের উৎপাদন-বিষয়ক উপদেষ্টা পরিষদ থেকে আরও তিনজন নির্বাহী পদত্যাগ করেন।
১৬ আগস্ট প্রেসিডেন্ট ট্রাম্পের উৎপাদন-বিষয়ক উপদেষ্টা পরিষদের সবাই পদত্যাগ করেন ভার্জিনিয়ার ঘটনা নিয়ে তাঁর প্রতিক্রিয়ার জের ধরে। তাঁদের পদত্যাগের কিছুক্ষণ পরে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর উৎপাদন-বিষয়ক উপদেষ্টা পরিষদই বাতিল ঘোষণা করেন। শার্লটসভিলের ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প শ্বেতাঙ্গ বর্ণবাদের নিন্দা না জানানো এবং অভ্যন্তরীণ সহিংসতা বন্ধে দ্রুত প্রতিক্রিয়া না দেখানোর কারণে ডেমোক্র্যাট আইন প্রণেতারা কংগ্রেসে একটি নিন্দা প্রস্তাব উপস্থাপন করেন ১৬ আগস্টেই।
টেনেসি থেকে নির্বাচিত কংগ্রেসম্যান স্টিভেন কোহেন ১৭ আগস্ট ঘোষণা করেন, তিনি শার্লটসভিলে ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্পের নির্লিপ্ততার কারণে মনে করেন, দেশের প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব পালনে নৈতিকভাবে অক্ষম। স্টিভেন কোহেন কংগ্রেসে ইমপিচমেন্ট প্রস্তাব আনবেন বলে ঘোষণা দেন।
১৮ আগস্ট হোয়াইট হাউসের প্রধান কৌশলবিদ স্টিফেন ব্যানোনকে তাঁর পদ থেকে সরিয়ে দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি এ দিন ক্যাম্প ডেভিডে তাঁর সামরিক উপদেষ্টাদের সঙ্গে আফগানিস্তান ও দক্ষিণ এশিয়া পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। শার্লটনভিলের ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্পের শিল্প ও মানবাধিকার কমিশন তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়।
১৯ আগস্ট হোয়াইট হাউস থেকে জানানো হয়, এবারে কেনেডি সেন্টারের অনুষ্ঠানে প্রেসিডেন্ট বা ফার্স্ট লেডি যোগ দিচ্ছেন না। রাজনৈতিক গোলযোগ হতে পারে মনে করে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি অনুষ্ঠানে যোগদানে বিরত থাকছেন। দীর্ঘ দিন থেকে কেনেডি সেন্টার আয়োজিত সাংবাৎসরিক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি যোগ দিয়ে আসছেন।