অবরোধ তুলে নেওয়া হবে পর্যায়ক্রমেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়ে বলেছে, পরমাণু চুক্তি বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমেই ইরানের ওপর থেকে অবরোধ প্রত্যাহার করা হবে। ইরানের নেতৃত্বে পরমাণু চুক্তির সঙ্গে সঙ্গেই অবরোধ প্রত্যাহারের দাবি তোলার পর যুক্তরাষ্ট্র এ সতর্কবার্তা দিল। খবর এএফপি ও রয়টার্সের।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেফ রাথকে বৃহস্পতিবার বলেন, ‘আমরা ইরানের কর্মকর্তাদের প্রতিটি প্রকাশ্য বিবৃতির জবাব দিতে যাচ্ছি না। চূড়ান্ত সমন্বিত কর্মপরিকল্পনার আওতায় ইরান যদি সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পূরণ করে, তবে তদন্ত সাপেক্ষে পর্যায়ক্রমে অবরোধ তুলে নেওয়া হবে।’
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বৃহস্পতিবার ঘোষণা করেন, চুক্তি স্বাক্ষরের দিনই যদি সব অর্থনৈতিক অবরোধ পুরোপুরিভাবে তুলে না নেওয়া হয়, তবে ইরান তাতে স্বাক্ষর করবে না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিও একই ধরনের কথা বলেন।
মার্কিন মুখপাত্র রাথকে জোর দিয়ে বলেন, ২ এপ্রিল চুক্তির যে রূপরেখার ব্যাপারে তেহরান এবং ওয়াশিংটনসহ ছয় বিশ্বশক্তি একমত হয়, সেখানে পর্যায়ক্রমেই আন্তর্জাতিক অবরোধ তুলে নেওয়ার কথা বলা হয়েছে।
রাথকে বলেন, ‘ইরান পরমাণু বিষয়ে চুক্তির আওতায় প্রধান পদক্ষেপগুলো নেওয়ার পরই কেবল অবরোধ তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। গত সপ্তাহ ধরে আমরা যা বলেছি এবং লুজানে সব পক্ষ যেসব ব্যাপারে একমত হয়েছে, তার সঙ্গে সংগতি রেখেই এই প্রক্রিয়া শুরু হবে।’