অবশেষে আফ্রিকামুখী হলো যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে আফ্রিকা মহাদেশমুখী হলো যুক্তরাষ্ট্র। সরাসরি বললে, আফ্রিকার সঙ্গে বাণিজ্য সম্পর্ক গড়ে তোলায় নজর দিল ওয়াশিংটন। এ মুহূর্তে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর বেশির ভাগই আফ্রিকা মহাদেশের। এখানে রয়েছে মানবসম্পদ ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য।এগুলোই ওয়াশিংটনকে আফ্রিকার দিকে নজর দিতে উৎসাহিত করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ইউরোপের দেশগুলো আফ্রিকার বাণিজ্যের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা জোরালো অবস্থানে নিয়ে গেছে। যুক্তরাষ্ট্র বাণিজ্যিক দিক থেকে এক প্রকার এড়িয়েই চলেছে এ মহাদেশটিকে। আফ্রিকায় মার্কিন কয়েকটি প্রতিষ্ঠানের বিনিয়োগ থাকলেও তা ইউরোপ বা চীনের তুলনায় অনেক কম।
যুক্তরাষ্ট্র আফ্রিকার নেতাদের নিয়ে ৪ থেকে ৬ আগস্ট ওয়াশিংটনে তিন দিনের সম্মেলন করে বিশ্বকে জানিয়ে দিল, এবার মহাদেশটির দিকে নজর দিচ্ছে তারাও।‘যুক্তরাষ্ট্র-আফ্রিকার নেতাদের সম্মেলন’ শীর্ষক ওই শীর্ষ সম্মেলনে আফ্রিকার ৫০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা যোগ দেন।সম্মেলনে আলোচনার কেন্দ্রে ছিল বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা ইস্যু।
এ মুহূর্তে আফ্রিকার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। ২০১৩ সালে দেশটি আফ্রিকার সঙ্গে ২০ হাজার কোটি মার্কিন ডলারের ব্যবসা করেছে।এ অঙ্ক যুক্তরাষ্ট্রের তুলনায় দ্বিগুণেরও বেশি। চীনের এক কোটিরও বেশি মানুষ ব্যবসাসহ বিভিন্ন উদ্দেশ্য হিসেবে আফ্রিকার বিভিন্ন দেশে গেছেন। এ বিষয়টিও চীনের বাণিজ্য বৃদ্ধিতে অবদান রেখেছে বলে মনে করা হয়।
এ মুহূর্তে বিশ্বে দ্রুত বর্ধনশীল অর্থনীতির ১০টি দেশের মধ্যে ছয়টিই আফ্রিকা মহাদেশের। এ দেশগুলোতে মধ্যবিত্ত শ্রেণি দ্রুত বাড়ছে।কাজেই বাড়ছে ভোক্তার সংখ্যাও। বিশ্লেষকেরা বলছেন, এখন মূলত এই দেশগুলোকেই বাণিজ্যের লক্ষ্যবস্তু করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র।
গত সপ্তাহের সম্মেলনে জেনারেল ইলেকট্রিক, কোকাকোলা, মরগান স্ট্যানলি, সিটিগ্রুপ, ফোর্ড, শেভরন, ম্যারিয়ট ইন্টারন্যাশনাল, লকহিড মার্টিনসহ যুক্তরাষ্ট্রের ৯০টিরও বেশি বড় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা যোগ দিয়ে তাঁদের বিনিয়োগের বিষয়টি তুলে ধরেন।