দীর্ঘ পাঁচ বছর সম্পূর্ণ গোপনীয়তায় আলাপ-আলোচনার পর অবশেষে বিতর্কিত আন্তপ্রশান্ত মহাসাগরীয় চুক্তি (টিপিপি) প্রকাশিত হয়েছে। এর প্রকাশ উপলক্ষে হোয়াইট হাউস থেকে পাঠানো এক বার্তায় প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সম্পূর্ণ নতুন ধরনের এই বাণিজ্য চুক্তিতে মার্কিন শ্রমিকদের স্বার্থ সর্বাগ্রে স্থান পেয়েছে।
১২টি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশ নিয়ে গঠিত এই চুক্তি অনুমোদিত হলে তা হবে বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক চুক্তি। চুক্তিভুক্ত দেশগুলোর সম্মিলিত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি প্রায় ২৮ ট্রিলিয়ন ডলার, যা বিশ্বের জিডিপির ৪০ শতাংশ এবং বিশ্বের মোট বাণিজ্যের এক-তৃতীয়াংশ। বাংলাদেশ, ভারত বা দক্ষিণ এশিয়ার কোনো দেশ আপাতত এই চুক্তির সদস্য নয়। চীনও এই চুক্তির বাইরে, যদিও বেইজিং ইঙ্গিত করেছে, সে চুক্তিতে যোগ দিতে আগ্রহী।
পর্যবেক্ষকেরা আভাস দিয়েছিলেন, এই চুক্তিতে শ্রমিক অধিকার ও পরিবেশ সংরক্ষণ-সংক্রান্ত শর্ত পূরণে ভিয়েতনাম, ব্রুনাই ও মালয়েশিয়া সক্ষম হবে না। অবশ্য চুক্তির খসড়া প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই ভিয়েতনাম জানিয়েছে, তারা চুক্তিভুক্ত সব শর্ত পালন করবে। এর ফলে ভিয়েতনামে প্রথমবারের মতো শ্রমিকেরা সে দেশের শাসক কমিউনিস্ট পার্টির বাইরে শ্রমিক ইউনিয়ন গঠনের সুযোগ পাবেন।
প্রেসিডেন্ট ওবামা চুক্তিটিকে শ্রমিক অধিকারের প্রশ্নে ‘মডেল’ হিসেবে বর্ণনা করে দাবি করেছেন, এই চুক্তির ফলে শুধু মার্কিন শ্রমিকদের স্বার্থ সংরক্ষিত হবে তা-ই নয়, যুক্তরাষ্ট্রের ভোক্তারাও লাভবান হবেন। এই চুক্তির ফলে মোট ১৮ হাজার পণ্য ও সেবার ওপর শুল্ক প্রত্যাহার করা হবে। ফলে ওবামার দাবি অনুযায়ী, ‘যুক্তরাষ্ট্রে প্রস্তুত’ পণ্য ও সেবা বিদেশে রপ্তানি অধিক লাভবান হবে।
প্রেসিডেন্ট ওবামা ইতিমধ্যে তাঁর দলের ও বিরোধী রিপাবলিকান দলের নেতাদের সঙ্গে চুক্তির খুঁটিনাটি নিয়ে আলোচনা করে তাঁদের সমর্থন প্রার্থনা করেছেন। অধিকাংশ পর্যবেক্ষক বলছেন, ওবামার ব্যক্তিগত আবেদন সত্ত্বেও চুক্তিটি যে মার্কিন কংগ্রেসে গৃহীত হবে, তার কোনো নিশ্চয়তা নেই। ডেমোক্রেটিক দলের অধিকাংশ কংগ্রেস সদস্য হয় এই চুক্তির বিরোধী, নয়তো সে ব্যাপারে এখনো মনস্থির করে ওঠেননি। ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন জানিয়েছেন, তিনি এই চুক্তি সমর্থন করেন না।
অন্যদিকে, রিপাবলিকান দলের উল্লেখযোগ্য সংখ্যক কংগ্রেস সদস্য চুক্তিভুক্ত শর্তগুলোকে ‘উন্মুক্ত বাণিজ্যনীতি’বিরোধী আখ্যা করে তাঁদের বিরোধিতার কথা ঘোষণা করেছেন। ২০ জন রিপাবলিকান কংগ্রেস সদস্য ওবামার কাছে লিখিত এক চিঠিতে বলেছেন, এই চুক্তিতে অন্য পণ্যসামগ্রীর তুলনায় মার্কিন তামাকের জন্য অনেক কম সুবিধা রাখা হয়েছে। সিনেটের মেজরিটি লিডার মিচ ম্যাককনেল, যাঁর নিজের অঙ্গরাজ্য কেন্টাকি তামাক রপ্তানির জন্য বিখ্যাত, স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তামাকের ব্যাপারে অধিক সংরক্ষিত অধিকার নিশ্চিত করা না হলে তিনি এই চুক্তি সমর্থন করবেন না।