অবশেষে নির্বাচনের পথে চট্টগ্রাম সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সমিতির নেতাদের মধ্যে অবশেষে ঐক্যর সুবাতাস বইছে। দীর্ঘদিনের বিরোধ মিটিয়ে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন তাঁরা। বর্তমান কমিটির মেয়াদ এক বছরের বেশি সময় পার হওয়ার পর নয় সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সভাপতি আবদুল হাইয়ের (জিয়া) নেতৃত্বে কমিশনারদের শপথ অনুষ্ঠানও হয়েছে।

নির্বাচন কমিশন শিগগিরই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে পরবর্তী কার্যক্রম শুরু করবেন বলে কমিশনাররা জানিয়েছেন। সমিতির একটি ব্যাংক হিসাবে ফ্রিজ থাকা ৪৮ হাজার ডলারও উদ্ধার করা হয়েছে।

ইতিমধ্যে সমিতির ট্রাস্টি বোর্ডের কার্যক্রমও বিলুপ্ত করা হয়েছে।

২০১৭ সালের এপ্রিলে বিতর্কিত নির্বাচনের মধ্যে দিয়ে আবদুল হাইয়ের কমিটির সভাপতি দায়িত্ব নেয়। তাঁর নেতৃত্বাধীন কার্যকরী কমিটির মেয়াদ শেষ হয় ২০১৯ সালের এপ্রিলে। কিন্তু তারা অবৈধভাবে এক বছরের বেশি সময় ধরে ক্ষমতা ধরে রেখেছেন। এ নিয়ে সমিতির সাবেক নেতা ও সমিতির সাধারণ সদস্যদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। ১৫ আগস্ট সমিতির বর্তমান ও সাবেক কর্মকর্তাদের নিয়ে চট্টগ্রাম সমিতিকে অবৈধ কমিটির হাত থেকে কীভাবে রক্ষা করা যায়—এ নিয়ে জ্যামাইকার সাটফিন পার্কে একটি সভা হয়। সভায় ১১ সদস্যের ‘সমাধান কমিটি’ গঠন করা হয়।

এরই পরিপ্রেক্ষিতে আবদুল হাইয়ের নেতৃত্বে বর্তমান কমিটি ৪ সেপ্টেম্বর সমিতির কার্যালয়ে একটি সভা করেন। সভায় পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। এঁরা হলেন—প্রধান নির্বাচন কমিশনার শাহজাহান মাহমুদ, কমিশনার মুজিবুল হক, রতন চৌধুরী, জসিম উদ্দিন ও জয়নাল আবেদীন। তবে নির্বাচন নিরপেক্ষ হবে কিনা, তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন। এর আগে ২৩ আগস্ট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. হানিফকে চেয়ারম্যান পদ থেকে কোন নোটিশ ছাড়াই সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতির পরপরই মো. হানিফ সভাপতি আবদুল হাইয়ের বিরুদ্ধে জালিয়াতির নানা বিষয় উপস্থাপন করেন। তিনি বলেন, সভাপতি আবদুল হাইয়ের অপকর্মের প্রতিবাদ কারায় আমাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন সদস্যদের নিয়ে সমিতির একাংশের নেতারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে কিনা, সংশয় প্রকাশ করেন। বিষয়টি সভাপতি আবদুল হাইয়ের নজরে আনা হয়। এরপরই ১৩ সেপ্টেম্বর মোরশেদ রেজবী চৌধুরীসহ আরও চার সদস্যকে নির্বাচন কমিশনার হিসেবে শপথবাক্য পাঠ করানো হয়। এর ফলে মোট নয় সদস্যের নির্বাচন কমিশনার গঠন করা হলো। এতে সমিতির সবার মধ্যে নির্বাচন নিয়ে আস্থা ফিরে আসে।

আবদুল হাইয়ের নেতৃত্বে কমিটি গঠনের তিন মাসের মধ্যে কার্যকরী পরিষদের ১৯ সদস্যর মধ্যে ১১ জনই পদত্যাগ করেন। বাকি ১০ জনের মধ্যে একজন বহিষ্কার হয়েছেন, দুজন বাফেলো থাকেন এবং আরেক সদস্য চলে গেছেন বাংলাদেশে। ১১ সদস্যের উপদেষ্টা ও সমসংখ্যক ট্রাস্টি বোর্ডের সদস্যেরও কোনো কার্যক্রম ছিল না। ৬ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি নিয়ে চট্টগ্রাম সমিতি চলেছে হযবরল অবস্থায়। নির্বাচন কমিশন গঠনের পর থেকে চট্টগ্রামবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

বর্তমানে সমিতির অবস্থা প্রসঙ্গে কোষাধ্যক্ষ মতিউর রহমান বলেন, ১১ জন কার্যকরী সদস্য পদত্যাগ করার পর সমিতির একটি অ্যাকাউন্টে থাকা ৪৮ হাজার ডলার ফ্রিজ করে রাখা হয়েছিল। বর্তমানে সেই ডলার উদ্ধার করা হয়েছে। নতুন অ্যাকাউন্টে ৭০ হাজার ডলার আছে। এই জমা অর্থ থেকে গত ৩ আগস্ট বিগত তিন বছরের ভবন ট্যাক্সের ২৭ হাজার ডলার দেওয়া হয়েছে। বাকি আরও ৪৩ হাজার ডলার অ্যাকাউন্টে জমা আছে।

সমিতির অ্যাকাউন্ট থেকে ৪৬ হাজার ডলার সমিতির সভাপতি আবদুল হাইয়ের স্ত্রীর ব্যাংক হিসাবে কেন স্থানান্তর করা হয়েছিল, তা জানা যায়নি। তাঁর স্ত্রীর নামে ডলার ট্রান্সফারের বিষয়টি অস্বীকার বরাবরের মতোই অস্বীকার করে আসছেন। তবে ব্যাংক অ্যাকাউন্টের ডকুমেন্ট অনুযায়ী, ডলার যে ট্রান্সফার করা হয়েছিল তার ব্যাংক ডকুমেন্ট এখন সমিতির কর্মকর্তাদের কাছে রয়েছে।

সমিতির প্রধান নির্বাচন কমিশনার শাহজাহান মাহমুদ ও কমিশনার মোর্শেদ রেজবী চৌধুরী নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘সমিতির নেতারা আমাদের দায়িত্ব দিয়েছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য। আমরা আমাদের দায়িত্ব পালনে স্বচ্ছতা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করব। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের প্রথম কাজ হবে একটি গ্রহণযোগ্য ভোটার তালিকা প্রণয়ন করা। সেই কাজটি আমরা শিগগিরই শুরু করব। এ ছাড়া ভালো একটি সময়ে নির্বাচনের দিন–তারিখ নির্ধারণ করা হবে।’