অবশেষে নোবেল বক্তৃতা দিলেন বব ডিলান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বব ডিলান
বব ডিলান

অবশেষে নোবেল বক্তৃতা দিলেন মার্কিন সংগীতশিল্পী ও গীতিকার বব ডিলান। তবে সশরীরে নয়, রেকর্ড করে বক্তৃতা পাঠিয়েছেন তিনি।

স্টকহোমে গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত নোবেল পুরস্কার হস্তান্তর অনুষ্ঠানে যাননি ডিলান। কেবল একটি বার্তা পাঠিয়েছিলেন। ওই অনুষ্ঠানের তিন মাসেরও বেশি সময় পর নোবেল পুরস্কার গ্রহণ করেন তিনি। কিন্তু শর্ত অনুযায়ী ১০ জুনের মধ্যে তাঁকে নোবেল বক্তৃতা দিতে হতো। তা না হলে পুরস্কারে অর্থ ফেরত দিতে হতো।

বক্তৃতায় মার্কিন সংগীতশিল্পী বাডি হলিকে নিজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন বব ডিলান। এ ছাড়া তিনটি বইয়ে নিজের অনুপ্রেরণার উৎস হিসেবেও বর্ণনা করেন। বইগুলো হলো হোমারের অডিসি, আমেরিকান ঔপন্যাসিক হারমান মেলভিলের মবি ডিক এবং জার্মান ঔপন্যাসিক এরিক মারিয়া রেমার্কের অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট।

সুইডিশ একাডেমির  স্থায়ী সেক্রেটারি সারা দানিউস ব্লগে লিখেছেন, ডিলানের বক্তৃতাটি দুর্দান্ত হয়েছে। যেমনটা আশা করা হয়েছিল, তেমনই বাকপটু।

গত অক্টোবরে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে বব ডিলানের নাম ঘোষণা করা হয়। কিন্তু এ নিয়ে দীর্ঘদিন কোনো প্রতিক্রিয়া দেখাননি তিনি।