অবশেষে সাবওয়েতে কাউন্টডাউন টাইমার বসানোর প্রকল্প সম্পন্ন
নিউইয়র্ক শহরের প্রতিটি সাবওয়ে স্টেশনে অপেক্ষারত যাত্রীরা এখন সহজেই জানতে পারবে, কখন আসছে পরবর্তী ট্রেন। প্রতিটি সাবওয়ে স্টেশনে বসানো হয়েছে কাউন্টডাউন টাইমার। ১১ বছর আগে গ্রহণ করা এ প্রকল্প অবশেষে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে সামর্থ্য হয়েছে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ)।
এমটিএর অধীন ৪৭১টি সাবওয়ে স্টেশনের প্রতিটিতেই এখন রয়েছে কাউন্টডাউন টাইমার। এর মাধ্যমে যাত্রীরা সহজেই বিভিন্ন ট্রেন পৌঁছাতে ঠিক কত সময় লাগবে তা সম্পর্কে নিশ্চিত হতে পারবে। ২০১৭ সালের মধ্যেই প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য স্থির করেছিল এমটিএ। আর ৩১ ডিসেম্বর সর্বশেষ ২২টি স্টেশনে টাইমার স্থাপনের মাধ্যমে সেই লক্ষ্য পূরণও করেছে সংস্থাটি।
বিশেষ এ কাউন্টডাউন টাইমারে দেখানো সময় সম্পর্কে নিজের সেলফোন ও ব্যক্তিগত কম্পিউটার থেকেই নিশ্চিত হতে পারবে যাত্রীরা। ফলে অহেতুক অপেক্ষা করার ভোগান্তিতে আর পড়তে হবে না।
নিউইয়র্ক শহরের সাবওয়েতে এ কাউন্টডাউন টাইমার নতুন হলেও লন্ডন, প্যারিস, ওয়াশিংটনসহ বড় বহু শহরেই এটি বহু বছর ধরেই চালু রয়েছে। এ টাইমারে ট্রেনের প্রকৃত সূচি সম্পর্কে জানতে পারে যাত্রীরা। এ জন্য প্রতিটি ট্রেন ও প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত করা হয়েছে একটি ব্লুটুথ ডিভাইস। এ ডিভাইসের মাধ্যমে ট্রেনের প্রকৃত অবস্থান শনাক্ত করে প্রকৃত সূচি সম্পর্কে নোটিশ দেওয়া হবে, যা দেখা যাবে টাইমারে। শুরুতে বিভিন্ন স্টেশনে বসানো ঘড়ির চেয়ে এই প্রযুক্তি অনেক সাশ্রয়ী বলেও জানিয়েছে এমটিএ কর্তৃপক্ষ।
২০০৬ সালে এল সাবওয়েতে কাউন্টডাউন টাইমার স্থাপনের মাধ্যমে প্রকল্পটির বাস্তবায়ন শুরু করে এমটিএ। দুই বছর পর এ প্রকল্প ১, ২, ৩, ৪, ৫, ও ৬ নম্বর সাবওয়ে লাইনে সম্প্রসারণ করা হয়। এই পর্যায়ে বেশ খানিকটা বিলম্ব হয়। সফটওয়্যার ত্রুটির কারণে নির্ধারিত বাজেট প্রায় ৩০ মিলিয়ন ডলার বেড়ে যায়। এদিকে শুরু হয় ২০০৮ সালের মহামন্দা। ফলে বাজেট বরাদ্দ করা আর সম্ভব হয়নি।
এমটিএর মুখপাত্র জন ওয়েইনস্টেন নিউইয়র্কের স্থানীয় এক সংবাদমাধ্যমকে বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি শেষ করতে পেরে আমরা ভীষণভাবে আনন্দিত। এই প্রযুক্তি যাত্রীসেবায় ভিন্ন মাত্রা যোগ করবে বলে আমরা আশা করি।’