অবশেষে হিলারিকে সমর্থন বার্নি স্যান্ডার্সের
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনকে সমর্থন দিয়েছেন প্রার্থিতার দৌড়ে তাঁর এত দিনের প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স। গতকাল মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে হিলারির সঙ্গে এক প্রচারণায়ও অংশ নিয়েছেন ভার্মন্টের এই সিনেটর।
স্যান্ডার্স বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচনে তিনিই (হিলারি) ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হবেন এবং যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে তাঁর জয় নিশ্চিত করতে আমার পক্ষে যা করা সম্ভব, আমি তাই করব।’ তিনি আরও বলেন, ‘আমরা যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, তা মোকাবিলায় হিলারি ক্লিনটনই সবচেয়ে ভালো প্রার্থী।’
স্যান্ডার্সকে ধন্যবাদ দিয়ে হিলারি বলেন, যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্মকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করার কৃতিত্ব স্যান্ডার্সেরই। তিনি বলেন, ‘আমাদের সবার একজোট হওয়ার এটাই সময়।’
প্রার্থিতার লড়াইয়ে গত মাসে নিজের মনোনয়ন নিশ্চিত হওয়ার পর থেকেই স্যান্ডার্সের সঙ্গে সমঝোতার আলোচনা চালিয়ে আসছিলেন হিলারি। স্যান্ডার্স সরে দাঁড়ানোর জন্য কিছুটা চাপের মুখে থাকলেও বলছিলেন তিনি শেষ পর্যন্ত লড়বেন। নিউ হ্যাম্পশায়ারে গতকালের প্রচারণায় বক্তব্যের শেষে দুই নেতা পরস্পরকে হাসিমুখে আলিঙ্গন করেন। এ সময় কয়েকজন সমর্থক দুয়োধ্বনি দিলেও তাঁদের কেউই তা কানে তোলেননি। গত ফেব্রুয়ারিতে এই রাজ্যের প্রাইমারি প্রতিদ্বন্দ্বিতায় হিলারিকে পরাস্ত করেছিলেন স্যান্ডার্স।