অবুঝ হয়ে উঠছেন ট্রাম্প
মার্কিন নির্বাচনে ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত চার অঙ্গরাজ্যের লাখো ভোট বাতিলের জন্য ৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অঙ্গরাজ্যগুলো হলো জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিন। এই চার অঙ্গরাজ্যেই জয় পেয়েছেন জো বাইডেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন এই চার অঙ্গরাজ্যের ভোটের ফল বাতিলের জন্য মামলা করেন। তারই ধারাবাহিকতায় ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে এই আহ্বান এল।
এর আগে ৮ ডিসেম্বর পেনসিলভানিয়ার উচ্চ আদালতে ট্রাম্পের এ সম্পর্কিত একটি আরজি খারিজ হয়ে যায়। এমনকি মামলাটি খারিজের সময় নয় বিচারকের কেউ এ নিয়ে কোনো মন্তব্য পর্যন্ত করেননি। এরপরই ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে সুপ্রিম কোর্টের প্রতি এ আহ্বান এল। অথচ এরই মধ্যে ৫০ রাজ্য ও ওয়াশিংটন ডিসি কর্তৃপক্ষ প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যয়ন করে ফেলেছে। সর্বশেষ ৯ ডিসেম্বর পশ্চিম ভার্জিনিয়া ফল প্রত্যয়ন করে। পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে, যত সময় যাচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প ততই অবুঝ হয়ে উঠছেন।
শুরুতে ভোট জালিয়াতির অভিযোগ তুললেও কোনো প্রমাণ না দিতে পারায় এ সম্পর্কিত মামলা একের পর এক মুখ থুবড়ে পড়লে তিনি পুরোপুরি আশ্রয় নেন ষড়যন্ত্র তত্ত্বে। কিন্তু এতেও কাজ না হলে তিনি আইনসভায় রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এমন অঙ্গরাজ্যগুলোর ভোটের ফল প্রত্যয়নের বিষয়ে হস্তক্ষেপে রিপাবলিকান নেতাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেন। এতেও কেউ সাড়া দেয়নি। শেষে ভোটের ফল প্রত্যয়ন হলেও ইলেকটোরাল কলেজের ভোটারদের স্লেট পাল্টে দেওয়ার আহ্বান জানান। এতেও কেউ সাড়া দেবে না বলেই মনে হচ্ছে। এ অবস্থায় তিনি সুপ্রিম কোর্টকে সরাসরি হস্তক্ষেপের জন্য ডাকছেন। কারণ, সুপ্রিম কোর্টে এখন রক্ষণশীল বিচারপতিরা সংখ্যাগরিষ্ঠ।
এ সম্পর্কিত আহ্বানে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমাদের দেশ ভীষণভাবে বিভাজিত, যা ১৮৬০ সালের পর সম্ভবত আর দেখা যায়নি। বিপরীত পক্ষগুলোর মধ্যে এ নিয়ে উচ্চ মাত্রার অবিশ্বাস রয়েছে, সদ্য সমাপ্ত নির্বাচনে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোর নির্বাচন কর্মকর্তারা দলীয় বিবেচনায় সুবিধা গ্রহণের মাধ্যমে অঙ্গরাজ্যগুলোর বিদ্যমান নির্বাচনী আইন অনুযায়ী একটি স্বচ্ছ নির্বাচন সম্পাদনে ব্যর্থ হয়েছেন।’
ডোনাল্ড ট্রাম্প তাঁর এই আহ্বানে টেক্সাসে করা মামলার অভিযোগের পুনরাবৃত্তি করেছেন। তিনি সরাসরি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোর নির্বাচনী ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই প্রেক্ষাপট তুলে ধরে তিনি সুপ্রিম কোর্টকে আহ্বান করেছেন, যেন উল্লিখিত অঙ্গরাজ্যগুলোর আইনসভার পর্যালোচনায় সঠিক না মনে হওয়া পর্যন্ত ভোটের ফল সাংবিধানিকভাবে ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেন। একই সঙ্গে তিনি এও বলেন, যদি এই অঙ্গরাজ্যগুলোর কোনোটি ইলেকটোরাল কলেজের ভোটার তালিকা তৈরি করে থাকে, তবে তা বাতিল করে নতুন ভোটার তালিকা দেওয়ার এখতিয়ার সংশ্লিষ্ট আইনসভার থাকবে। এমনকি তিনি সংবিধানের ১২তম সংশোধনীর কথা তুলে ধরে নির্বাচনের ফল নির্ধারণের বিষয়টি প্রয়োজনে প্রতিনিধি পরিষদের এখতিয়ারে পাঠানোর প্রসঙ্গটিও উত্থাপন করেন।
ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ এই পদক্ষেপ এখন বিশেষভাবে আলোচনায় এসেছে। করোনা মহামারির চরম এই মুহূর্তে এটি আরেক বড় সংকট হয়ে সামনে এসেছে।
এদিকে রিপাবলিকান শিবির এই পদক্ষেপ নিয়েই চুপ থাকেনি। তারা নানা ফ্রন্টে বিষয়টি নিয়ে এখন লড়ছে। আগামী বছরের ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা জো বাইডেনের। এ অবস্থায় বাইডেনের জন্য আরেক দুঃসংবাদ এসে হাজির হয়েছে।
বাইডেনের ছেলে হান্টার বাইডেনের ব্যবসা-বাণিজ্যে অনিয়মসহ নানা অভিযোগ নিয়ে ফেডারেল তদন্ত শুরু হয়েছে। নির্বাচনী প্রচারের সময়েই বাইডেনের ছেলের ব্যাপারে তদন্ত শুরু করার দাবি জানিয়ে আসছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে অনিয়ম, রাজনৈতিক প্রভাব, অর্থপাচার, কর ফাঁকি নিয়ে হান্টার বাইডেন সম্পর্কে অভিযোগ করে আসছিলেন ট্রাম্প। তবে জো বাইডেন এ তদন্তের আওতায় নয় বলে জানানো হয়েছে।
নির্বাচনের আগে এমন তদন্তের রাজনৈতিক প্রভাবের কথা চিন্তা করে বিচার বিভাগ এ নিয়ে সময় ক্ষেপণ করে। নির্বাচনের ফলাফল চলে আসার পর হান্টার বাইডেনের বিরুদ্ধে ফেডারেল তদন্ত নড়েচড়ে উঠেছে। মার্কিন সরকারের রাজস্ব বিভাগের তদন্ত দল এবং এফবিআই তদন্তকাজে সক্রিয় হয়েছে। ডেলাওয়্যার রাজ্যের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস থেকে এমন তদন্ত শুরু হওয়ার কথা হান্টার বাইডেনের আইনজীবী নিজেই জানিয়েছেন।
সিএনএন বলছে, হান্টার বাইডেনের বিরুদ্ধে একাধিক বিষয়ে তদন্ত হচ্ছে। এর মধ্যে রয়েছে কর আইনের লঙ্ঘন, বিদেশের সঙ্গে বিশেষ করে চীনের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে কোনো অনিয়ম হয়েছে কি না, তা দেখা হচ্ছে।
ফক্স নিউজ এক প্রতিবেদনে বলেছে, এখনো এমন তদন্তে কোনো অপরাধ সংগঠিত হয়েছে বলে বলা যাবে না। তবে এফবিআই থেকে পাওয়া নথিপত্র থেকে দেখা যাচ্ছে, তদন্তের আওতায় অর্থপাচার ও বিদেশে অর্থ লেনদেনের বিষয়ে তদন্ত বিস্তৃত রয়েছে। ২০১৮ সাল থেকেই এমন তদন্ত শুরু হয়।
ডেলাওয়্যার রাজ্যে নিজেদের বাড়ির পাশে এক কম্পিউটার মেরামতের দোকান থেকে একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। নির্বাচনের আগেও রহস্যজনক এই ল্যাপটপ আলোচনায় এসেছে। মেরামতের দোকান থেকে পাওয়া ল্যাপটপের তথ্য ট্রাম্পের আইনজীবীদের নজরে আসে প্রথমে। পরে বিষয়টি নিয়ে এফবিআই তদন্ত করে। এ ল্যাপটপে হান্টার বাইডেনের ব্যবসা-বাণিজ্যের গোপন তথ্য পাওয়া গেছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
নানা রাজনৈতিক নাটকীয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই ছেলের বিরুদ্ধে এমন অপরাধের তদন্ত জো বাইডেনের জন্য বিব্রতকর হয়ে উঠেছে। যদিও ছেলের কোনো কাজের দায় তাঁর নেই। ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে জো বাইডেন একজন স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবেই সব সময় পরিচিত ছিলেন। তবে তাঁর ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ সমর্থকদেরও বিব্রত করে তুলেছে।
হান্টার বাইডেনের তদন্তের খবর প্রকাশিত হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুপ থাকবেন, এমন আশা কেউ করে না। ট্রাম্প নিউইয়র্ক পোস্টের এক মন্তব্য উল্লেখ করে ফেসবুক পোস্ট দিয়েছেন। ট্রাম্প বলেছেন, নির্বাচনের আগে হান্টার বাইডেনের এমন কর্মকাণ্ডের কথা জানতে পারলে ১০ শতাংশ কম ভোট পেতেন জো বাইডেন। এরপরও অবশ্য নির্বাচনে তিনিই জয়ী হয়েছেন বলে যথারীতি দাবি করেছেন।