অবৈধ অভিবাসী বিতাড়ন প্রক্রিয়া জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকা থেকে অবৈধ অভিবাসী খেদাও অভিযান দ্রুত করা হচ্ছে। অবৈধ অভিবাসীদের আটক করে দ্রুত বিতাড়ন করার পন্থা খোঁজা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশব্যাপী বিতাড়ন বাহিনী গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। অবৈধদের বিতাড়ন করা ছিল ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। 

এই প্রস্তুতি বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক প্রস্তুতি চলছে অভিবাসন নিয়ন্ত্রণ বিভাগের তত্ত্বাবধানে। অভিবাসনের দেশ আমেরিকার সাম্প্রতিক ইতিহাসে অবৈধ অভিবাসীদের এমন মরিয়া হয়ে বিতাড়নের কর্মসূচি আর দেখা যায়নি। এক দিকে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের ঘোষণা, আরেক দিকে দেশজুড়ে ব্যাপক ধরপাকড় নিয়ে অভিবাসীদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, হোমল্যান্ড সিকিউরিটির মূল্যায়ন বিভাগ ইতিমধ্যে কাগজপত্রবিহীন অবৈধ অভিবাসীদের আটক রাখার জন্য ৩৩ হাজার শয্যাবিশিষ্ট আবাসনের ব্যবস্থা করেছে। অবৈধদের আটকের পর বিতাড়নব্যবস্থা ত্বরান্বিত করার জন্য এমন উদ্যোগ। বিতাড়নের প্রক্রিয়া জোরদার করার উদ্দেশ্যে মূল্যায়নকারী কর্মকর্তারা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। জানুয়ারি মাসে ক্ষমতা গ্রহণ করেই প্রেসিডেন্ট ট্রাম্প বিতাড়ন ও সীমান্ত পাহারা জোরদার-সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেন।
অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করেন এমন আইনজীবীরা এই পরিকল্পনাকে অর্থ ও সম্পদের অপচয় বলে অভিহিত করেছেন, যা জাতির ১১ মিলিয়ন কাগজপত্রবিহীন অভিবাসীকে ভীত-সন্ত্রস্ত করছে, যাঁদের অনেকেই এক দশকের বেশি সময় ধরে আমেরিকায় বাস করছেন।
হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের মন্ত্রী জন এফ ক্যালি বলেন, তাঁর বিভাগ গণবিতাড়নের উদ্যোগ নিচ্ছে না। কাগজপত্রবিহীন অভিবাসীদের বিতাড়নই অগ্রাধিকার দেওয়া হবে। জাতীয় অভিবাসন আইন কেন্দ্রের নির্বাহী পরিচালক ম্যারিলিনা হিনক্যাপি প্রশাসনের সমালোচনা করে বলেছেন, তাঁরা গণবিতাড়নের ভৌত কাঠামো স্থাপন করে আমেরিকাকে পুলিশি রাষ্ট্র বানাতে চায়।
ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসম্যানরা ট্রাম্পের অভিবাসন কর্মসূচির বিরোধিতা করে বলেছেন, কংগ্রেস ব্যয়বহুল অনেক প্রকল্পের জন্য অর্থ অনুমোদন করবে কি না, সে ব্যাপারে সন্দেহ আছে।
উদাহরণ হিসেবে বলা যায়, ট্রাম্প শুল্ক ও সীমান্তরক্ষা বিভাগের জন্য ৫ হাজার এবং অভিবাসন বিভাগের জন্য অতিরিক্ত ১০ হাজার এজেন্ট নিয়োগের প্রস্তাব জানিয়েছেন। হোমাল্যান্ড সিকিউরিটির মূল্যায়নমতে, ৫০০ এজেন্ট নিয়োগের জন্য খরচ হবে ১০০ মিলিয়ন ডলার।
রিপাবলিকান নেতারা ট্রাম্পের প্রাথমিক অনুরোধ মেনে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য দেড় বিলিয়ন এবং পরবর্তী বছরের সীমান্ত নিরাপত্তার জন্য অতিরিক্ত ২ দশমিক ৬ বিলিয়ন ডলার অনুমোদনের প্রস্তাব বিলম্ব করার প্রস্তাব দিয়েছেন।
সিনেটে সংখ্যালঘু দলীয় নেতা চার্লস সুমার মনে করেন, এই তহবিল অবশ্যই অনুমোদন করতে হবে এমন চাপ সৃষ্টি অনৈতিক। ডেমোক্র্যাট দলীয় তাঁর চার সহকর্মী সিনেটের রিপাবলিকান নেতৃত্বের কাছে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে চিঠি লিখেছেন। তবে হোমল্যান্ড সিকিউরিটির মূল্যায়নে বলা হয়েছে, ২০ মিলিয়ন ডলার ব্যয়ে সীমান্ত দেয়াল নির্মাণ কর্মসূচি নিয়ে আইন প্রণেতারা এগিয়ে যাচ্ছেন, যার নকশা আগামী ২২ জুলাইয়ের মধ্যে শেষ হওয়ার কথা। তহবিল বরাদ্দ পেলে ৩৪ মাইল দীর্ঘ সীমান্ত দেয়াল নির্মাণ শুরু হবে। আমেরিকার শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগ সে দেশের প্রবেশপথের কাছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অভিবাসন আদালতের শুনানির ব্যবস্থা করার ভৌত কাঠামো নির্মাণ করেছে। মেক্সিকো সরকার এ ধরনের প্রক্রিয়ায় দ্বিমত পোষণ করেছে। এই প্রক্রিয়া নানা ধরনের বিচারিক সংকট তৈরি করবে বলে তারা মনে করে। হোমল্যান্ড সিকিউরিটির নথিতে উল্লেখ করা হয়, এ ধরনের ব্যবস্থা করা গেলে প্রতিটি ভিডিও লোকেশন অবস্থানে খরচ পড়বে ৫০ হাজার ডলার। এর বিকল্প হিসেবে প্রতিটি প্রবেশপথের আদালতে আমেরিকান বিচারকদের পাঠানোর কথা বিবেচনা করা হচ্ছে। এ ধরনের প্রতিটি আদালতে খরচ হবে চার লাখ ডলার।
সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজের পরিচালক জে. কেভিন অ্যাপেলবাই এ প্রসঙ্গে বলেন, জনগণের অর্থ অগ্রাধিকার নয় এমন খাতে ব্যয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি মনে করেন, এটা হচ্ছে সম্পদের অপব্যবহার, যা আরও দক্ষতার সঙ্গে ব্যবহার করা উচিত। তিনি বলেন, সীমান্ত অতিক্রমের ঘটনা এখন এমনিতেই ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে।
আমেরিকা সরকারের পরিসংখ্যানমতে, অবৈধভাবে মেক্সিকো থেকে সীমান্ত অতিক্রমের সংখ্যা ট্রাম্প ক্ষমতায় আসার দুই মাসের মধ্যে ব্যাপকভাবে কমে গেছে।