অবৈধ অভিবাসীদেরও গণনায় আনার আহ্বান ওকাসিওর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ
আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ

আলোচিত কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ নথিপত্রহীন অভিবাসীদের আসন্ন আদমশুমারিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তোপের মুখে পড়ছেন। বিরোধীরা তাঁর এ আহ্বানকে ‘আমেরিকাবিরোধী’ বলে মন্তব্য করেছেন।

আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ ৫ মার্চ ‘লেট নাইট উইথ শেঠ মায়ার্স’ টিভি শোতে অংশ নেন। ওই অনুষ্ঠানে ওকাসিও বলেন, ‘আমরা সবাই আগামী দু সপ্তাহ বা পরবর্তী সময়ের মধ্যে আদমশুমারিতে নাম নিবন্ধনের জন্য নিজেদের তথ্য সরবরাহ করতে যাচ্ছি। আমি মনে করি এটি সত্যিই গুরুত্বপূর্ণ। তাই আমরা সবাই এটি পূরণ করব। কারণ, এটি প্রতি দশ বছরে একবার হয়ে থাকে।’

ওকাসিও-কর্টেজ বলেন, ‘প্রত্যেক একক ব্যক্তির আবাসিক অবস্থান, আয় ইত্যাদি বিষয় বিবেচনা করা উচিত। সে ক্ষেত্রে আপনার নিবন্ধনের স্ট্যাটাস বিবেচনায় আনা উচিত নয়। তবে তারও আগে জনগণকে আশ্বস্ত করতে হবে যে, মানুষের দেওয়া তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তা সরকারের অন্য সংস্থাগুলোর সঙ্গে শেয়ার করা হবে না।’

ওকাসিও-কর্টেজের এই বক্তব্যের সমালোচনা হচ্ছে। তাঁর এই মন্তব্যকে নিউইয়র্কের এক আইনপ্রণেতা ‘আমেরিকাবিরোধী’ বলে আখ্যা দিয়েছেন। তবে নিউইয়র্ক নগরীর মেয়র বিল ডি ব্লাজিওর কার্যালয় ভিডিওটি শেয়ার করে বলেছে, ‘আপনাকে অভিবাসন স্ট্যাটাস বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না।’

আমেরিকায় প্রতি দশ বছরে একবার আদমশুমারি করা হয়। এই গণনার জন্য ফেডারেল সরকার থেকে দেড় ট্রিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। প্রতিটি অঙ্গরাজ্য কংগ্রেসনাল আসন ও জনসংখ্যার ওপর ভিত্তি করে এ বরাদ্দ পাবে।

ওকাসিও-কর্টেজের এমন বক্তব্যকে সহজভাবে নিচ্ছেন না অ্যাসেম্বলিম্যান মাইক লিপেট্রি। এ সম্পর্কিত এক বিবৃতিতে তিনি বলেন, ‘আইন মেনে চলার ক্ষেত্রে আমেরিকান ও অভিবাসীদের সমান গণ্য করা উচিত। তিনি বলেন, ‘ওকাসিও-কর্টেজের মতো উগ্র বামপন্থী রাজনীতিকেরা এ ধরনের বিবৃতি দিয়ে সব আমেরিকান ও বৈধ অভিবাসীদের একটি বার্তা পাঠান। সে বার্তার মূল কথা হচ্ছে, আপনি কঠোর পরিশ্রম করে এবং নিয়ম মেনে চললে তাতে কিছু যায়-আসে না। আমরা অপরাধীদের এবং এখানে অবৈধভাবে থাকা ব্যক্তিদের অগ্রাধিকার দেব।’

ওকাসিও-কর্টেজের এই বক্তব্য দেশে অবৈধভাবে আসা ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার একটি চাপ সৃষ্টি করেছে বলে মনে করেন অভিবাসন আইনজীবীরা। ট্রাম্প প্রশাসন নাগরিকত্ব সম্পর্কিত একটি প্রশ্নকে আদমশুমারিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছিল। প্রশাসনের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর সে পদক্ষেপটি বাতিল করা হয়। ওই বিষয়ে ডেমোক্র্যাটদের যুক্তি ছিল, নাগরিকদের স্ট্যাটাস সম্পর্কে আদমশুমারিতে কোনো প্রশ্ন অন্তর্ভুক্ত হলে, তা অনেককেই শুমারিতে অংশ নেওয়া থেকে বিরত রাখবে।