
আমেরিকাতে যাঁরা অবৈধভাবে বসবাস করছেন তাদের সমস্যা এবং সেসব সমস্যা সমাধানের নানা দিক নিয়ে কথা বলেছেন, অভিবাসন সংক্রান্ত অ্যাটর্নি মেরি এস. পনিস্ট। ১৫ অক্টোবর রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে অভিবাসন বিষয়ক একটি সেমিনারে পনিস্ট এ নিয়ে কথা বলেন এবং দর্শকদের প্রশ্নের জবাব দেন।
পনিস্ট বলেন, কোনো অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হলে তিনি আর্থিক, মানসিক, সামাজিক ও স্বাস্থ্যগত যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন তা আদালতকে ঠিকমতো বোঝাতে পারলে আদালত আবেদনকারীর পক্ষে রায় দিতে পারেন।
পনিস্ট বলেন, কোনো অবৈধ অভিবাসী আমেরিকার কোনো নাগরিককে বিয়ে করে নাগরিকত্ব পেতে চাইলে বিয়ের পর তাদের বিয়ের প্রমাণ দেখাতে হবে। এ ক্ষেত্রে বিয়ের ছবি, বিয়ের রেজিস্ট্রেশনের কাগজপত্র ছাড়াও যৌথ ব্যাংক অ্যাকাউন্ট, এমনকি প্রতিবেশীদের সাক্ষ্য প্রমাণ হিসেবে উপস্থাপন করা যেতে পারে। আবেদন গৃহীত হওয়ার পর অবৈধ অভিবাসীকে দেশে ফেরত যেতে হবে। দেশে ফেরার পর সেখানে অবস্থিত আমেরিকান দূতাবাস তাঁকে বৈধ হিসেবে আমেরিকায় আসার ভিসা দেবে। তারপর তিনি আমেরিকায় চলে আসবেন।
পনিস্ট জানান, অভিবাসন সংক্রান্ত মামলায় হেরে গিয়ে আমেরিকা থেকে বহিষ্কারের চূড়ান্ত আদেশ পাওয়ার পরও লড়াই চালানোর সুযোগ আছে। তিনি বলেন, এ ক্ষেত্রে অবৈধ অভিবাসী তার মামলা পুনর্জীবিত করার আবেদন করতে পারেন। মামলায় হেরে গেলে আপনার সন্তান, ব্যবসা প্রতিষ্ঠান—ইত্যাদি আপনাকে বৈধ হওয়ার পথে সাহায্য করতে পারে।
পনিস্ট জানান, এমনকি রাজনৈতিক আশ্রয়ের আবেদনও পুনর্জীবিত করা যায়। তবে আপনাকে প্রমাণ করতে হবে, স্বদেশে আপনি কী ধরনের বিপদের মুখে পড়বেন।
পনিস্ট বলেন, ‘অধিকাংশ অবৈধ অভিবাসীই কর্তৃপক্ষের নজরদারিতে রয়েছেন। পুলিশ যে কোনো সময়, এমনকি গভীর রাতে আপনার বাসায় কড়া নাড়তে পারে। এমন পরিস্থিতিতে আপনি কোনোভাবেই দরজায় খুলবেন না। আপনার আইনজীবীকে ফোন করুন। তিনি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের ব্যবস্থা করতে পারেন। তিনিই আপনাকে তাৎক্ষণিক ক্ষতি থেকে রক্ষা করতে পারেন।’
রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন এমন ব্যক্তির কোনো ভয় আছে কিনা জানতে চাইলে পনিস্ট বলেন, ‘আপনার ভয়ের কিছু নেই। আপনাকে নোটিশ না দিয়ে বহিষ্কার করতে পারবে না।’
কখন রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে হবে?—এমন প্রশ্নের জবাবে পনিস্ট বলেন, আমেরিকায় প্রবেশের ১৫০ দিনের মধ্যে এ ধরনের আবেদন করতে হবে। তবে আমেরিকায় এসে কোনো ধরনের অপরাধ করার রেকর্ড থাকলে রাজনৈতিক আশ্রয় পাওয়ার সম্ভাবনা মোটেই থাকবে না।
পনিস্ট বলেন, ভ্রমণকারী হিসেবে যত দিন থাকার কথা তার বেশি সময় অবস্থান করলে সেই ভ্রমণকারী অবৈধ হয়ে যান। তিনি কেন অতিরিক্ত সময় অবস্থান করছেন সেই কারণ উল্লেখ করে আদালতে আবেদন করতে পারেন। তার ভাগ্য আদালত স্থির করবেন। তবে অতিরিক্ত থাকার সময় এক বছরের বেশি হলে কোনো ভ্রমণকারী রাজনৈতিক আশ্রয়ের আবেদনের জন্য বিবেচিত হবেন না।
সাজানো বিয়েতে কী ধরনের সমস্যা হতে পারে জানতে চাইলে পনিস্ট বলেন, এ জন্য চরম শাস্তি হতে পারে। এ ধরনের ব্যক্তি কখনোই আমেরিকার নাগরিকত্ব পাবেন না। তিনি সব ধরনের সুযোগ-সুবিধা হতে বঞ্চিত হবেন। তার ২০ বছরের মতো কারাদণ্ড হতে পারে। আর আড়াই লাখ ডলার জরিমানাও হতে পারে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আবেদনে কিংবা আদালতে কোনো জাল বা মিথ্যা তথ্য প্রদান করাও মারাত্মক অপরাধ।
পনিস্ট বলেন, অভিবাসনের সুবিধা গ্রহণের জন্য ভিন্ন নাম কিংবা ভুয়া জন্ম তারিখ ব্যবহার করলে আপনার বিষয়গুলো প্রমাণ করা কঠিন হবে। এগুলো আমেরিকার সরকারের সঙ্গে প্রতারণার শামিল। এ জন্য আপনাকে অনেক সমস্যার মুখে পড়তে হবে।
রাজনৈতিক আশ্রয় পেলে স্বদেশে যাওয়া যাবে কিনা প্রশ্ন করা হলে পনিস্ট বলেন, স্বদেশে গেলে তো প্রমাণ হবে যে আপনার দেশে বসবাস করতে কোনো সমস্যা নেই। এ ক্ষেত্রে আপনার রাজনৈতিক আশ্রয় বাতিল হতে পারে।
গ্রিন কার্ডধারীরা কত দিন স্বদেশে থাকতে পারেন জানতে চাইলে তিনি বলেন, দশ মাসের বেশি না থাকাই ভালো। অন্যদিকে এক বছরের বেশি থাকলে কর্তৃপক্ষ ধারণা করতে পারে, আপনি আমেরিকাতে অবস্থান করতেই চাচ্ছেন না। সে ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য পনিস্ট দর্শকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠান পরিচালনা এবং দোভাষী হিসেবে দায়িত্ব পালন করেন পনিস্টের আইনি সহকারী আহসান হাবিব। পুরো সেমিনারের সমন্বয় করেন কমিউনিটি সংগঠক মার্শাল মুরাদ।