নিউইয়র্কে কাগজপত্রহীন অবৈধ ইমিগ্রান্ট বা অভিবাসীরাও নগরের অ্যাফোর্ডেবল হাউজিংয়ের জন্য আবেদন করতে পারবেন। নিম্ন আয়ের বাসস্থানের জন্য আবেদন করতে এখন থেকে আর ক্রেডিট রিপোর্ট ও সোশ্যাল সিকিউরিটি নম্বর জমা দিতে হবে না। নগরীর মেয়র বিল ডি ব্লাজিও ২৮ আগস্ট ঘোষণা দিয়েছেন, আবেদনকারীকে শুধু সর্বনিম্ন এক বছর নিয়মিত বাড়ি ভাড়া দিয়ে আসছেন—আবেদনের সঙ্গে এমন প্রমাণ জমা দিতে হবে। নিউইয়র্কে বসবাসরত স্বল্প আয়ের মানুষের জন্য নিউইয়র্ক নগর কর্তৃপক্ষের
পক্ষ থেকে বাড়ি নির্মাণ করা হয়। নগরের স্বল্প আয়ের লোকজন আবেদন করে লটারির মাধ্যমে এসব বাড়িতে বসবাসের সুযোগ পেতে পারেন। এসব বাড়ির জন্য আবেদনে আগে ক্রেডিট রিপোর্ট এবং সোশ্যাল সিকিউরিটি নম্বর দিতে হতো। ফলে যারা কাগজপত্রহীন ইমিগ্রান্ট, তাদের আবেদন করার কোনো সুযোগ ছিল না।
নতুন নিয়মের ফলে অনথিভুক্ত বাসিন্দা এবং যারা সরকারি বাড়ি ভাড়া গ্রহণ করছেন, তাদের জন্য এক বিশাল সুযোগ করে দিয়েছেন মেয়র ডি ব্লাজিও। যদিও এই পদক্ষেপ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। ফেয়ার হাউজিং অ্যাডভোকেটসহ অন্যদের মতে, যারা সরকারি সাহায্য ছাড়া নিম্ন আয় করে অনেক কষ্টে জীবনযাপন করছেন, মেয়রের এই পদক্ষেপ তাদের জন্য সমীচীন নয়। বাসস্থান পাওয়ার সুযোগ তাদের জন্য সীমিত হয়ে গেল। স্বল্প সংখ্যক বাড়ির জন্য আবেদন থাকে সব সময় ৩৫ থেকে ৪০ গুণ বেশি।
ইমিগ্রান্টবান্ধব নগর হিসেবে পরিচিত নিউইয়র্কের মেয়রের এই সিদ্ধান্তের সমালোচনা করছে রক্ষণশীলরা। তারা বলছে, যারা বৈধভাবে আমেরিকায় আছে, পরিশ্রম করছে, কর দিচ্ছে—তাদের জন্য মেয়রের এই সিদ্ধান্ত খুবই উদ্বেগের। অবশ্য মেয়র ডি ব্লাজিও বলছেন, এত দিন যারা সরকারি সাশ্রয়ী বাড়ির জন্য আবেদন করতে পারছিল না, তাঁর এই যুগান্তকারী সিদ্ধান্তে তাদের জন্য সুযোগটি অবারিত হয়েছে।
আমেরিকায় জনসংখ্যা বৃদ্ধির তুলনায় বাসস্থান বৃদ্ধি হচ্ছে না। ফলে আবাসন সংকট দেখা দিচ্ছে। এই সংকটে আমেরিকার অন্যান্য নগরের মধ্যে নিউইয়র্ক অন্যতম। ১৯৯০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত নতুন গৃহনির্মাণ অনুমতি গৃহীত হয়েছিল ২.১৬ মিলিয়ন, যা ২০০৫ সাল থেকে ২০১৮ সালে ১.১২ মিলিয়ন বা অর্ধেকে নেমে এসেছে। বাসস্থান সংকট নিরসনে সরকারের ভূমিকা আরও দৃঢ় হওয়া প্রয়োজন বলে নাগরিক সংগঠনগুলো মনে করে।