অবৈধ ধরতে 'কমান্ডো অভিযান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতসকালে ফিদেল দেলগাদোর বাড়ির দরজায় জড়ো হলেন কিছু সরকারি কর্মকর্তা। তাঁদের একজনের হাতে রাইফেল, বাকিদের হাতও খালি নয়। সবাই সশস্ত্র। দেলগাদো খালি গায়ে বেরিয়ে এলেন। চোখেমুখে সংশয়, উৎকণ্ঠা। ‘আপনারা কী চান?’ জানতে চান দেলগাদো। কিছুই বুঝতে পারছিলেন না তিনি।
এর ২০ মিনিট পর প্রায় ১০ মাইল দূরে স্থানীয় বাসিন্দা আনসেলমো মোরান লুসেরোর সামনে একই পরিস্থিতির উদ্ভব হলো। এখানে লুসেরো অবশ্য দেলগাদোর মতো হকচকিয়ে গেলেন না। অভিবাসন কর্মকর্তারা কেন তাঁকে ঘিরে ফেলেছেন, তিনি তা ভালো করেই বুঝতে পারলেন।
প্রতিদিন সূর্যোদয় থেকে গভীর রাত পর্যন্ত আমেরিকাজুড়ে পরিচালিত অভিযানে দেলগাদো ও লুসেরোর মতো মানুষদের তুলে নেওয়া হচ্ছে। মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তারা এসব অভিযান চালাচ্ছেন। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধে আইসিই কর্মকর্তারাই মূল অস্ত্র। আর এ কর্মকর্তারা অনেকটা কমান্ডো কায়দায় গ্রেপ্তার করছেন অবৈধ অভিবাসীদের। এ ক্ষেত্রে কোনো অপরাধকর্মে সংশ্লিষ্টতা না থাকলেও বাঁচার কোনো উপায় নেই।
ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে এখন পর্যন্ত আইসিই পুরো আমেরিকা থেকে মোট ৬৫ হাজার অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৪০ শতাংশ বেশি। আগের যেকোনো সময়ের তুলনায় আমেরিকা অবৈধ অভিবাসীদের জন্য অনেক কঠিন একটি স্থান হয়ে উঠেছে। পুরো আমেরিকাজুড়েই আইসিই এই অভিযান পরিচালনা করছে। তবে ক্যালিফোর্নিয়ায় এই অভিযান হয়ে উঠেছে অনেকটা শত্রুদেশে অভিযান পরিচালনার মতো। অঙ্গরাজ্যটিতে ২০ লাখের বেশি অবৈধ অভিবাসী রয়েছে।
অভিবাসী প্রত্যাবাসনের বিষয়ে ট্রাম্প প্রশাসনের নেওয়া পদক্ষেপের বিরুদ্ধে অঙ্গরাজ্যটিতে বেশ শক্ত অবস্থান রয়েছে। এখানকার পুলিশ ও শেরিফ কার্যালয়গুলো অভিবাসন সংস্থাকে সহায়তা করছে না। কিন্তু এর মাধ্যমে হয়রানির হাত থেকে বাঁচানো যাচ্ছে না অবৈধ অভিবাসীদের। কারাগার থেকে অবৈধ অভিবাসীদের নিজেদের আওতায় নেওয়ার বদলে ক্যালিফোর্নিয়ায় আইসিই বাসা থেকে অফিস সবখানে, এমনকি রাস্তায়ও মানুষদের ধরপাকড় করছে।
এক রকম জনরোষ থাকায় এ ধরনের অভিযান একই সঙ্গে বিপজ্জনকও। আর সে সম্পর্কে আইসিইও ভালোভাবে ওয়াকিবহাল। ফলে জুনের কোনো এক ভোরে যখন আইসিই কর্মকর্তারা অভিযানের জন্য জড়ো হন, তখন তাঁদের প্রধান ডেভিড ম্যারিনকে বলতে শোনা যায়, ‘যেকোনো ধরনের বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকুন।’
অবৈধ অভিবাসী আটকের উদ্দেশ্যে আইসিই পরিচালিত একটি অভিযান চলার সময় মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস একটি টহলকারী দলকে অনুসরণ করেছিল। এ সময় গ্রেপ্তারকৃত কিছু ব্যক্তি ও তাঁদের পরিবারের সঙ্গে কথা বলে সংবাদমাধ্যমটি। তাঁদেরই একজন হচ্ছেন দেলগাদো। আইসিইর দলটি মূলত মারিয়ানো দেলগাদোকে গ্রেপ্তারের উদ্দেশ্যে এসেছিল। কিন্তু তারা তারঁ বাবা ফিদেল দেলগাদোকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
ফিদেল দেলগাদোর ছেলে মারিয়ানো দেলগাদোকে ২০১১ সালে মেক্সিকোয় ফেরত পাঠানো হয়েছিল। এরপর আমেরিকায় আবারও আসেন তিনি। সে সময় থেকে এখন পর্যন্ত তাঁকে বিভিন্ন অভিযোগে চারবার গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ ওঠে ২৪ বছর বয়সী মারিয়ানোর বিরুদ্ধে। মারিয়ানোর মতো ব্যক্তিদের ‘অপরাধী অভিবাসী’ হিসেবে ডাকা হয়। আর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় মারিয়ানোর মতো এমন অভিবাসী অনেক রয়েছেন।
অপরাধকর্মে জড়িত নয়, এমন অবৈধ অভিবাসীদের এভাবে গ্রেপ্তার করাটা স্বাভাবিক নয়। আইসিই দলটির প্রধান ডেভিড মারিন বলেন, ট্রাম্পের আমেরিকায় গুরুতর অপরাধের সঙ্গে জড়িত না হলেও অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে আইসিই কর্মকর্তাদের উৎসাহিত করা হয়েছে। ফলে আইসিই কর্মকর্তারা সারা দেশেই এমন অভিযান চালাচ্ছেন।
ফিদেল দেলগাদো ও তাঁর স্ত্রী মারিয়া রোচা নিউইয়র্ক টাইমসকে জানান, তাঁদের ছেলে কয়েক মাস আগেই টেক্সাসে চলে গেছে। আমেরিকায় তাঁরা অবৈধভাবে থাকলেও তাঁরা কাজ করছেন। আর তাঁদের ছোট ছেলে জন্মসূত্রে একজন মার্কিন নাগরিক। কিন্তু সকালে আইসিই এজেন্টরা এসে দেলগাদোকে ধরে নিয়ে গেল।
দেলগাদোকে গ্রেপ্তারের পর তাঁর আঙুলের ছাপ নিয়ে এর মাধ্যমে তাঁর সম্পর্কে সব তথ্য সংগ্রহ করেন আইসিই কর্মকর্তারা। তাঁরা জানতে পারেন, দেলগাদো একই দিনে দুবার সীমান্তে অনুপ্রবেশ করেছিলেন। কিন্তু সেটি অনেক আগে।
দেলগাদোকে গ্রেপ্তারের পর আইসিই কর্মকর্তাদের কিছুটা দ্বিধান্বিত মনে হয়। নিউইয়র্ক টাইমস জানায়, দুই আইসিই কর্মকর্তা নিজেদের মধ্যে তর্ক করছিলেন। ছোট ছেলেটির দেখভালের জন্য চাইল্ড প্রোটেকটিভ সার্ভিসকে (সিপিএস) অবহিত করে মা-বাবা দুজনকেই গ্রেপ্তার করা হবে কি না, তা নিয়েই তর্ক হচ্ছিল তাঁদের মধ্যে। একই সঙ্গে ‘মারিয়ানো এখানে এখন থাকে না’ এমন বক্তব্যের বিষয়েও তাঁরা নিশ্চিত ছিলেন না। এক কর্মকর্তা সরাসরি বলছিলেন, ‘যদি ছেলের খোঁজ না দেয়, তাহলে তাঁকে (ফিলিপ দেলগাদো) আমরা নিয়ে যাব।’ শেষ পর্যন্ত তাঁরা মারিয়া রোচাকে রেখে শুধু ফিলিপকে গ্রেপ্তার করেন।
মারিয়া রোচা বলেন, তাঁকে গ্রেপ্তারের কোনো কারণ ছিল না। তারা তাঁর জন্য আসেনি। দেলগাদো দম্পতি বেশ ভালোই আয় করেন। মাসিক ১ হাজার ৩০০ ডলার ভাড়ায় একটি বাসায় থাকেন তাঁরা। মারিয়া কাজ করেন কোরোনার একটি অফিসে, মাসিক আয় ১ হাজার ২০০ ডলার। আর ফিলিপ কাজ করেন একটি দুধের খামারে, যেখানে তাঁর ঘণ্টাপ্রতি আয় ১২ ডলার। ২৪ বছর আগে বিবাহিত এ দম্পতি উত্তরের অভিমুখে যাত্রা করেছিলেন ‘উন্নত জীবনের আশায়’। তিনি বলেন, ‘এখানে আসার পর আমরা কখনোই “লা মিগ্রা” (অভিবাসন সংস্থা) দ্বারা এমন সমস্যার মুখোমুখি হইনি।’
অবশ্য বিকেল নাগাদই দেলগাদোকে মুক্তি দেওয়া হয়। কারণ, তাঁর দিক থেকে কোনো নিরাপত্তা হুমকি ছিল না। তবে মুক্তির সময় তাঁকে অভিবাসন সংস্থার যেকোনো নির্দেশ মেনে চলা এবং পরদিনই কাজে যোগ দেওয়ার শর্ত দেওয়া হয়।
আইসিইর এই অভিযান বেশ সতর্কভাবে চালানো হচ্ছে। নির্দিষ্ট বিভিন্ন ব্যক্তি সম্পর্কে আগে থেকেই খোঁজ নেওয়া হচ্ছে। এমনকি তাঁদের প্রাত্যহিক কাজ ও অভ্যাসও এর তালিকা থেকে বাদ পড়ছে না। অনেকটা কমান্ডো পন্থায় চালানো এসব অভিযান ভড়কে দিচ্ছে নিরীহ মানুষদের, যাদের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার ইতিহাস নেই।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় চলমান এই অভিযানে আইসিই দলটির নেতৃত্বে থাকা মারিন অভিবাসন সংস্থায় কাজ করছেন দুই দশক ধরে। তাঁর দলের অধিকাংশ কর্মকর্তার মতো মারিনও তাঁর কর্মজীবন শুরু করেছিলেন সামরিক বাহিনীতে। সাবেক এই মেরিন কর্মকর্তা জানান, ১৯৯০ সালের দিকে অভিবাসন সংস্থার কাজ ছিল অভিবাসীদের সম্পর্কে নিয়মিত তথ্য হালনাগাদ করা। মাঝেমধ্যে নিয়মিত বিরতিতে গ্রেপ্তার কাজ চালানো হতো। সে সময় গ্রেপ্তারকৃতদের বাসে করে মেক্সিকোয় ফেরত পাঠানো হতো এটা জেনেই যে তারা আবার আসবে। কিন্তু এখন পরিস্থিতি অনেক কঠিন।
অভিবাসন সংস্থার সাম্প্রতিক তৎপরতাকে পর্যালোচনা করলে বিস্মিত হতে হয়। কারণ, ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর শুধু লস অ্যাঞ্জেলেসেই সংস্থাটির গ্রেপ্তারের সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৭ শতাংশ বেড়েছে। আর গ্রেপ্তার বৃদ্ধির এ হার দেশের অন্য অঞ্চলের তুলনায় সর্বনিম্ন। আইসিইর পরিসংখ্যানেই উঠে এসেছে এ তথ্য।
মারিন বলেন, ‘মানুষ জানতে চায়, আমরা কি কোনো স্কুলে গিয়েছি, নাকি কোনো মার্কেটে অবস্থান করছি। কিন্তু আমরা এভাবে কাজ করি না। আমরা জানি যে যেকোনো পরিবারের জন্য গ্রেপ্তার কতটা ভয়াবহ প্রভাব নিয়ে আসতে পারে। আর আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়েই বিবেচনা করি।’
দেলগাদোকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, তখন আইসিই কর্মকর্তারা লুসেরোর জন্য অপেক্ষা করছিলেন, যাকে ইতিমধ্যে একবার নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তিন দশকেরও আগে আমেরিকায় এসেছিলেন লুসেরো ও তাঁর স্ত্রী জেমি। ২০০৬ সালে পারিবারিক নির্যাতনের দায়ে লুসেরো কয়েক মাস জেল খেটেছিলেন। সে সময় কয়েক মাস দণ্ডভোগের পর তাঁকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছিল। পরে তিনি আবার আমেরিকায় ফিরে আসেন।
লুসেরো ও জেমি দম্পতির ছয় সন্তান, তাদের মধ্যে দুজন জন্মসূত্রে মার্কিন নাগরিক। ২০১৪ সালে লুসেরোর বিরুদ্ধে আবারও পারিবারিক সহিংসতার অভিযোগ ওঠে। সে সময় তাঁকে এক দিন কারাভোগ করতে হয়েছিল। কিন্তু এ তথ্য তাঁর আবাসস্থল অরেঞ্জ কাউন্টির শেরিফ কার্যালয় থেকে অভিবাসন সংস্থাকে জানানো হয়নি। শুধু অরেঞ্জ কাউন্টিই নয়, ক্যালিফোর্নিয়ার অনেক শেরিফ কার্যালয় ও পুলিশ বিভাগই অভিবাসন সংস্থাকে সহায়তা করে না। ইতিমধ্যে এসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভাগকে অপরাধীদের সহায়তার জন্য হুমকিও শুনতে হয়েছে ট্রাম্পের কাছ থেকে।
লুসেরোর মতো মানুষদের কাছে মার্কিন অভিবাসন সংস্থা একটি দুঃস্বপ্ন হয়ে উঠেছে। কোনো ধরনের অপরাধ সংশ্লিষ্টতা এর কারণ নয়। লুসেরো গ্রেপ্তার হওয়ার পর তাঁর স্ত্রী জেমি লুসেরো নিউইয়র্ক টাইমসকে কিছু নথিপত্র দেখান। এতে ছিল লুসেরোর ক্রোধ নিয়ন্ত্রণ কোর্স সম্পন্নের নথি। এসবই তিনি লুসেরোর পক্ষে প্রমাণ হিসেবে উপস্থাপন করতে চান। কিন্তু এগুলো কতটা কাজে আসবে, তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ, এরই মধ্যে অভিবাসন সংস্থা থেকে জানানো হয়েছে, আইনজীবীর কাছে গিয়ে কোনো লাভ নেই। লুসেরোকে ফেরত পাঠানো হবে।
লুসেরোর ২৯ বছর বয়সী ছেলে ইউরি লুসেরো বলেন, গ্রেপ্তারের এক সপ্তাহ আগে চারজন কর্মকর্তা বাসায় এসেছিলেন। তাঁরা এক ব্যক্তির ছবি দেখান। কিন্তু আমরা ওই ব্যক্তিকে চিনি না। পরে তাঁরা আমাদের বাড়িতে তল্লাশি চালান। ওই ছবিটি ছিল লুসেরোকে গ্রেপ্তারের একটি অজুহাত শুধু। তাঁরা এভাবেই বিভিন্ন মানুষকে আটক করছেন।