অবৈধ পথে আমেরিকায় আসতে জীবনবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির পরও জীবনের ঝুঁকি নিয়ে দক্ষিণ সীমান্ত দিয়ে আমেরিকায় আসছেন অনেক বাংলাদেশি। অর্থ ও জীবনবাজি রেখে মানবপাচার চক্রের প্রলোভনে পড়ে এসব বাংলাদেশি অবৈধভাবে এ দেশে ঢোকার চেষ্টা করছেন। এভাবে আমেরিকায় ঢুকতে গিয়ে অনেকেই সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হচ্ছেন। সর্বশেষ ২৪ আগস্ট টেক্সাসের লারেডো এলাকা থেকে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত এক মাসে টেক্সাস সীমান্তে ৪০ বাংলাদেশি আটক হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আমেরিকার সীমান্ত রক্ষী সংস্থার তথ্যমতে, গত এক বছরে আমেরিকার টেক্সাস সীমান্ত দিয়ে বাংলাদেশিদের আসার সংখ্যা আগের চেয়ে তিনগুণ বেড়েছে। মেক্সিকোর মানবপাচারকারীদের কবলে পড়ে অবৈধ পথে সীমান্ত পাড়ি দিতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে। এ নিয়ে মার্কিন বর্ডার ও কাস্টমস কর্তৃপক্ষ আগেই সতর্ক করেছে। এমনকি বাংলাদেশ থেকে অবৈধ পথে আসা লোকজনের মধ্যে সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিও থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
টেক্সাস সীমান্ত থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত সপ্তাহে গ্রেপ্তার হওয়া পাঁচ বাংলাদেশিকে নিয়ে চলতি বছর এ পর্যন্ত ৫৪১ জন বাংলাদেশিকে লারেডো এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আগের বছর এই সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১৮১ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই সীমান্ত কড়া করছে, মৃত্যুর ঝুঁকি যতই বাড়ছে—বাংলাদেশিদের আমেরিকায় আসার চেষ্টার পরিমাণ ততই বাড়ছে। মার্কিন সংবাদমাধ্যমে বিশাল অর্থ ব্যয় এবং মৃত্যু ঝুঁকি নিয়ে বাংলাদেশিদের এই মৃত্যুঝুঁকির ‘অভিযান’ নিয়ে নানা প্রতিবেদন হচ্ছে। 

টেক্সাস সীমান্ত সম্পর্কে যাদের ধারণা আছে, তাঁদের সঙ্গে আলাপ করে জানা গেছে ভয়াবহ সব তথ্য। মধ্য ও দক্ষিণ সীমান্তের শত মাইল জুড়ে প্রবাহিত খরস্রোতা রিও গ্রান্ডে নদী। পাহাড় আর জঙ্গলে ঘেরা এই নদীর ওপারেই মেক্সিকো। দুই দেশের সীমান্তে কড়া টহল, জল-স্থল আর আকাশ পথে সশস্ত্র সীমান্তরক্ষীর বিচরণ। সার্বক্ষণিক হেলিকপ্টার টহলের মধ্যেই মেক্সিকোর দালালেরা নদীতে ছেড়ে দেয় ভাগ্যান্বেষী অভিযাত্রীদের। সীমান্ত রক্ষীদের তাড়া খেয়ে কেউ ডুবে মরে, লাশ ভেসে যায় রিও গ্রান্ডে নদীতে। এভাবে কত বাংলাদেশির লাশ ভেসে গেছে বা কতজন মেক্সিকোর কারাগারে আছেন—তার হিসেব কারও কাছে নেই। তবে, লরেডো সীমান্ত রক্ষীদের তথ্যমতে, কেবল এই আগস্টেই ৪০ জন বাংলাদেশিকে তারা নদীর এপার থেকে গ্রেপ্তার করেছে। টেক্সাস সীমান্তে আটক কেন্দ্রে কষ্টে দিন কাটাচ্ছেন এসব হতভাগ্য বাংলাদেশি।
নিউইয়র্কের ব্রুকলিন ও জ্যামাইকায় আশ্রয় নেওয়া দুজন বাংলাদেশির সঙ্গে (যারা একইভাবে আমেরিকায় এসেছেন) কথা হয় এই প্রতিবেদকের। সংগত কারণেই তাঁরা নাম না প্রকাশ করে মৃত্যুকে উপেক্ষা করে জীবনবাজি রাখা অভিযানের কথা। তাদের কাছ থেকে জানা গেল, নোয়াখালী, চট্টগ্রাম আর সিলেটে আদম পাচারকারী চক্র সক্রিয়। তাঁদের প্রলোভনে পড়ে আমেরিকায় আসার স্বপ্নে ভিটে মাটি বিক্রি করে, না হয় পরিবার-পরিজনের সব সঞ্চয় অনেকে দালালদের হাতে তুলে দেয়। ২৫ থেকে ৩৯ লাখ টাকার এই অভিযাত্রায় দক্ষিণ আমেরিকা হয়ে তাদের পাচার করা হয়ে থাকে। মেক্সিকোভিত্তিক এসব আদম পাচারকারী দালালের দীর্ঘ হাত। ঘাটে-ঘাটে তাদের লোক। নিজেদের বিপদ দেখলে এরা পাচারের শিকার অসহায় মানুষকে মৃত্যুর মুখে ফেলে পালিয়ে যায়। মাঝ পথে বিপদে ফেলে দেশে-বিদেশে অবস্থানরত পরিবার বা স্বজনের কাছ থেকে এরা চাপ দিয়ে অর্থ আদায় করে।
নিউইয়র্কে নাগরিক অধিকার নিয়ে কাজ করে ড্রাম নামক সংগঠন। এর অন্যতম সংগঠক কাজী ফৌজিয়া দিয়েছেন গুরুত্বপূর্ণ তথ্য। তিনি বলেন, তাঁদের কাছে তথ্য আছে, প্রতিদিন শুধু টেক্সাস লরেডো সীমান্ত নয়, অন্য সীমান্ত দিয়েও আমেরিকায় আসছেন বাংলাদেশিরা।
এ সময়ে মেক্সিকো বা দক্ষিণ আমেরিকার দেশ থেকে আমেরিকায় লোক আসা কমে গেছে। ট্রাম্পের আমেরিকায় এখন বৈধ অভিবাসীদেরই হিমশিম খেতে হচ্ছে। অবৈধদের এখানে আপাতত কোনো ভবিষ্যৎ নেই। প্রতিদিন ধরপাকড় চলছে, কাজ পাওয়া যাচ্ছে না। কাজের জায়গায় তল্লাশি হচ্ছে। খোদ অভিবাসীরাই এখানে প্রতিদিন, প্রতি মুহূর্ত এখানে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
মৃত্যুর এমন ঝুঁকি নিয়ে বাংলাদেশিরা কেন আসছেন? এমন প্রশ্নে কাজী ফৌজিয়া বলেন, যারা সীমান্ত অতিক্রম করে এসেছে তাদের সঙ্গে কথা হয়। শুধু যে অর্থনৈতিক কারণেই বাংলাদেশ থেকে লোক জীবনের ঝুঁকি নিয়ে আমেরিকায় আসছে তা নয়। অনেকেই বলছে, রাজনৈতিক ও সামাজিক নিপীড়নের কারণেই তারা জীবনরক্ষায় জীবনবাজি রাখছেন।
প্রবীণ সাংবাদিক মাহবুবুর রহমান বলেন, আদম পাচারকারীদের কবলে পড়ে বাংলাদেশের মানুষজনকে ভয়াবহ মানবিক সংকটে পড়তে হচ্ছে। আমেরিকায় বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যমে আদম পাচার, চোরাকারবারি আর জঙ্গিবাদের সঙ্গে বাংলাদেশের নাম উচ্চারিত হচ্ছে। বিষয়টি মোটেই সম্মানের নয়। বাংলাদেশ সরকারকে দেশেই এই পাচার বন্ধ করতে হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এ নিয়ে প্রচার চালাতে পারে। স্থানীয় আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ স্থানীয়ভাবে খোঁজখবর রেখে পাচার প্রতিরোধ করতে পারে।
বাংলাদেশ থেকে পাচার হওয়া এসব মানুষের অধিকাংশের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। নোয়াখালীর বেগমগঞ্জ এলাকায় একটি শক্তিশালী চক্র মানবপাচার কাজে জড়িত বলে এ দেশে অবৈধ পথে আসা লোকজনের কাছ থেকে জানা গেছে। এসব মানব পাচারকারী স্থানীয়ভাবে খুবই শক্তিশালী। নানা প্রলোভন দেখিয়ে দিনের পর দিন তারা এসব অপকর্ম করে যাচ্ছে।
আমেরিকার সীমান্ত রক্ষায় নিয়োজিত বোর্ডার ও কাস্টম এজেন্টদের মুখপাত্র টেক্সাসভিত্তিক একটি সংবাদমাধ্যমকে বলেন, বাংলাদেশে জঙ্গি গোষ্ঠীর বিচরণ রয়েছে। সে দেশ থেকে জঙ্গি গোষ্ঠীর সংশ্লিষ্ট লোকজন আমেরিকায় আসছে কিনা, সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিষয়টি আমেরিকার নিরাপত্তা আর আইন শৃঙ্খলার জন্য উদ্বেগের।