অবৈধভাবে আছেন, কী করবেন?
১. যার জন্য আই-১৩০, অ্যাপ্লিকেশন ফর ফ্যামিলি পিটিশন এর আবেদন করেছেন তিনি ওই আবেদন অনুমোদন হওয়ার সময় যুক্তরাষ্ট্রের ভেতরে অবৈধভাবে আছেন, এরপর কি করবেন?
মার্কিন নাগরিকের স্বামী/স্ত্রী (আইআর১) অথবা বাবা-মা (আইআর৫) যুক্তরাষ্ট্রের ভেতরে বৈধ বা অবৈধ যেকোনোভাবে থাকলে তাদের প্রত্যেকের জন্য পৃথকভাবে ৫৩৫ ইউএস ডলার ফিসহ আই-১৩০ ফরম এর সঙ্গে ১১৪০ ইউএস ডলার ফিসহ আই-৪৮৫ ফরম জমা দিতে হবে।
আপনি মার্কিন নাগরিক হলে আপনার ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তান (আইআর২) ইতিমধ্যে যেকোনো বৈধ বা অবৈধ উপায়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করলে তার জন্য আপনাকে ৫৩৫ ইউএস ডলার ফি দিয়ে ফরম আই-১৩০ জমা দেওয়ার সময় একই সঙ্গে ১৪ বছরের কম বয়সী সন্তানের জন্য ৭৫০ ইউএস ডলার ও ১৪ বছরের বেশি বয়সী সন্তানের জন্য ১১৪০ ইউএস ডলার ফি দিয়ে ফরম আই-৪৮৫ জমা দিতে হবে। আর আপনি গ্রিন কার্ড হোল্ডার হলে আপনার ২১ এর কম বয়সী অবিবাহিত সন্তান (এফ২এ) ইতিমধ্যে শুধুমাত্র বৈধ উপায়ে (অবৈধ নয়) যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ফরম আই-১৩০ অনুমোদন হওয়ার পরে (একত্রে নয়) ফরম আই-৪৮৫ জমা দিতে হবে।
গ্রিনকার্ডধারীর ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তান (এফ২এ), মার্কিন নাগরিকের ও গ্রিনকার্ডধারীর ২১ বছরের বেশি বয়সী অবিবাহিত সন্তান (এফ১ ও এফ২বি) ও ভাইবোন (এফ৪) এবং শুধুমাত্র মার্কিন নাগরিকের (গ্রিনকার্ডধারী ধারীর নয়) বিবাহিত সন্তান (এফ৩)—এই পাঁচটি ক্যাটাগরিতে আবেদন করতে হলে যার জন্য আবেদন করা হলো সে যুক্তরাষ্ট্রের ভেতরে অবৈধভাবে অবস্থানকারী হতে পারবেন না। অর্থাৎ তাকে অ্যাপ্লিকেশন অনুমোদন হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাইরে অথবা বৈধভাবে ভেতরে অবস্থান করতে হবে। অর্থাৎ তার জন্য করা আপনার গ্রিনকার্ড এর আবেদন ‘অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস’ প্রক্রিয়ার জন্য এলিজিবল হবে না। আপনাকে তখন ‘কনস্যুলার প্রসেসিং’ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। অর্থাৎ আপনাকে দেশে ফিরে গিয়ে কনস্যুলেট অফিস থেকে ইমিগ্রান্ট ভিসা নিতে হবে।
কিন্তু আপনি যেহেতু অবৈধভাবে আমেরিকাতে প্রবেশ করেছেন তাই আমেরিকা থেকে বের হলে পুনরায় আমেরিকায় প্রবেশের সময় আপনার ওপর তিন বা দশ বছরের নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবেই আরোপিত হয়ে যাবে। এই নিষেধাজ্ঞা কাটাতে আপনাকে হয় দেশে ফিরে গিয়ে আই-৬০১ এর আবেদন করতে হবে অথবা আমেরিকাতে থেকেই আই-৬০১এ এর জন্য আবেদন করতে হবে। দেশে ফিরে গিয়ে করা আই-৬০১ এর আবেদন অনেক ক্ষেত্রেই অনুমোদন করানো বেশ কঠিন যেহেতু স্বাস্থ্য, অর্থনৈতিক বিবেচনা, শিক্ষা, ব্যক্তিগত বিবেচনা এবং বিশেষ ফ্যাক্টর এই পাঁচটি ক্যাটাগরিতে এক্সট্রিম হার্ডশিপ প্রমাণ করতে হয়। আমেরিকাতে অবস্থান করে আই-৬০১এ এর জন্য করা আবেদন যদি অনুমোদন হয়, তাহলেও আপনাকে ভিসা আনতে দেশে যেতে হবে। কিন্তু সে ক্ষেত্রে ভিসা দেওয়ার সম্ভাবনা থাকে প্রবল কারণ ইতিমধ্যে আপনার আই-১৩০ এবং আই-৬০১এ ইউএসসিআইএস থেকে অনুমোদন হয়ে গেছে।
২. গ্রিনকার্ড নিয়ে নির্ধারিত সময়ের বেশি ইউএসের বাইরে ছিলেন?
যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য লফুল পারমানেন্ট রেসিডেন্স বা গ্রিনকার্ড পাওয়ার পর আপনি যদি কোনোরকম পুনঃপ্রবেশের অনুমতি (রিএন্ট্রি পারমিট) ছাড়া এক বছরের বেশি অথবা রিএন্ট্রি পারমিট নিলেও অনুমোদিতে সময়ের চেয়ে বেশি অন্য দেশে বসবাস করেন তাহলে অভিবাসন ও জাতীয়তা আইন (ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট) এর ২১১.১ ধারা অনুযায়ী আপনার গ্রিন কার্ড বাতিল হয়ে যাবে। এরপর যদি আপনি আবার যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চান, তখন কি হবে? এ ক্ষেত্রে আপনাকে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে প্রযোজ্য কনস্যুলেট অফিসের মাধ্যমে ‘রিটার্নিং রেসিডেন্ট (এসবি-১) ভিসা’র জন্য আবেদন করতে হবে।
এই রিটার্নিং রেসিডেন্ট ভিসার জন্য কোয়ালিফাই করতে হলে আপনাকে প্রমাণ করতে হবে যে, (১) যুক্তরাষ্ট্রের বাইরে যাওয়ার সময় আপনার ল’ফুল পারমানেন্ট রেসিডেন্স বা গ্রিন কার্ড ছিল, (২) আপনি ফিরে আসার স্পষ্টত প্রতীয়মান উদ্দেশ্য নিয়েই যুক্তরাষ্ট্রের বাইরে গিয়েছিলেন, গ্রিন কার্ড অ্যাবানডান্ড করার কোনো উদ্দেশ্য আপনার ছিল না, এবং (৩) যে বাড়তি সময় আপনি যুক্তরাষ্ট্রের বাইরে ছিলেন, সেটা এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য যার ওপর আপনার কোনো নিয়ন্ত্রণ ছিল না। এ ছাড়াও আপনার যুক্তরাষ্ট্রে থাকাকালীন সময়ের ট্যাক্স রিটার্ন, আয়ের প্রমাণ (এভিডেন্স অব ইনকাম), যুক্তরাষ্ট্রে ছেড়ে আসা পারিবারিক ও সামাজিক বন্ধন এর তথ্য প্রমাণ এর সঙ্গে ডিএস-১১৭ ফরম কমপ্লিট করতে হবে। এই ভিসার আবেদনের জন্য ফি নির্ধারিত আছে ২২০ ইউএস ডলার। আপনার রিটার্নিং রেসিডেন্ট ভিসার আবেদন মঞ্জুর হওয়ার পরে আপনাকে মেডিকেল এক্সামিনেশন করাতে হবে এবং ডিএস-২৬০ ফরম কমপ্লিট করতে হবে যার জন্য নির্ধারিত ফি হলো ৩২৫ ইউএস ডলার। আর যদি আপনার রিটার্নিং রেসিডেন্ট ভিসার আবেদন মঞ্জুর না হয় তাহলে আপনার জন্য নতুন করে গ্রিন কার্ড এর অ্যাপ্লিকেশন করতে হবে, যেভাবে আপনি আগে গ্রিন কার্ড পেয়েছিলেন।
ফরম আই-১৩১, অ্যাপ্লিকেশন ফর অ্যাডভান্স প্যারোল বা ট্রাভেল ডকুমেন্ট কমপ্লিট করে ৫৭৫ ইউএস ডলার ফি এবং ৮৫ ইউএস ডলার বায়োমেট্রিক ফি জমা দিলে সাধারণত দুই বছরের মধ্যে ইউএসএতে পুনরায় প্রবেশের জন্য এই রিএন্ট্রি পারমিট দেওয়া হয়। আবেদন করার পর ফিঙ্গারপ্রিন্ট এর জন্য চিঠি দিয়ে ডাকা হয়। আপনি যদি আবেদনের সময় ফরম এ উল্লেখ করেন তাহলে যুক্তরাষ্ট্রের বাইরে যেকোনো কনস্যুলেট অফিস থেকেও আপনি এটি সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ, সে ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট এর পর যুক্তরাষ্ট্রের বাইরে যাওয়ার জন্য অ্যাডভান্স প্যারোল বা ট্রাভেল ডকুমেন্ট এর অপেক্ষা না করে এমনি চলে যেতে পারেন এবং পরে নির্ধারিত কনস্যুলেট অফিস থেকে এটি সংগ্রহ করে নিতে পারেন।
বিশেষ দ্রষ্টব্য: এই আর্টিকেল কোনোরকম আইনি পরামর্শ নয়। এটি কেবলমাত্র ইউএসসিআইএস এবং ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের ওয়েবসাইটে প্রদর্শিত এ সংক্রান্ত তথ্যের সন্নিবেশমাত্র
লেখক: ব্যারিস্টার-এট-ল, নিউইয়র্ক প্রবাসী
সেল: (৯২৯)৩৯১-৬০৪৭; ই-মেইল: [email protected]