অভাব পেরিয়ে সফল গবেষক রউফুল
অভাব ছিল তাঁর কৈশোরের নিত্যসঙ্গী। কৈশোর কেটেছে গ্রামের কাঁদা মাটির পথে। কেমতলী গ্রাম থেকে হাইস্কুল শেষ করেছেন। ওই গ্রামে পাঠ্যবই ছাড়া কোনো লাইব্রেরি ছিল না। সেই পাঠ্য বইয়ের সীমানা ছাড়িয়ে বই পড়ার এক তীব্র নেশা জাগে তাঁর ভেতর। কল্পনার জগৎ বড় হতে থাকে। স্বপ্ন দেখতে শুরু করেন; বড় হওয়ার স্বপ্ন। বড় হওয়ার স্বপ্ন এখনো তাড়িয়ে বেড়ায় তাঁকে। তাই কোনো বাধা-বিপত্তি, পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারেনি রউফুল আলমের।
বাবার স্বল্প আয়ের চাকরিতেই চলত সংসার। বাবার চাকরির সুবাদে শৈশবের কিছু সময় কেটেছে চাঁদপুরের মফস্বল শহর হাজীগঞ্জে। সৎ কর্মজীবী বাবা কখনো সত্য ও ন্যায়ের সঙ্গে আপস করেননি। তাই নিজের সততার কাছে হার না মেনে এক সময় চাকরি ছেড়ে গ্রামে চলে আসলে, পুরো পরিবারকে অভাবের ভেতর দিয়ে কাটাতে হয়েছে।
রউফুল আলম পেশায় একজন গবেষক। সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে বর্তমানে কাজ করছেন যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের এক ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে। ছোটবেলা থেকে তাঁর নেশা ছিল অজানাকে জানার, বিজ্ঞানের গভীরে হারিয়ে যাওয়ার, তাই লক্ষ্যে পৌঁছাতে পেরে নিজের পেশা নিয়ে বেশ তৃপ্তি বোধ করেন তিনি। কাজ করছেন জটিল জিনগত রোগের ওষুধ আবিষ্কার নিয়ে। আনন্দের সঙ্গে কাজ করে চলেছেন তিনি।
২০০৯ সালের আগস্টে সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটিতে রউফুলের গবেষণা জীবনের যাত্রা শুরু হয়। সেখান থেকে অরগানিক কেমিস্ট্রিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। পিএইচডিতে কাজের স্বীকৃতি হিসেবে সুইডিশ কেমিক্যাল সোসাইটি থেকে সম্মানজনক বৃত্তি লাভ করেন। প্রতি বছর মাত্র তিনজনকে এই বৃত্তি দেওয়া হয়। ওই বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ায় পোস্ট-ডক্টরাল গবেষণা করতে চলে যান। সেখানেও অরগানিক কেমিস্ট্রির নামকরা অধ্যাপক গ্যারি এ মোলান্ডারের তত্ত্বাবধানে কাজ করেন। তাঁর প্রকাশিত গবেষণাপত্র রসায়নের ওপর বিশ্বে নামকরা জার্নালে প্রকাশিত হয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো জার্নাল অব দ্য আমেরিকান কেমিক্যাল সোসাইটি, এঙ্গুভান্টে কেমি, কেমিক্যাল সায়েন্স।
গবেষণা রউফুলের কাছে নেশার মতো। সব সময় ভালো ফলাফল করে ভালো জিপিএ অর্জন করার চেয়ে শেখাটাকেই বেশি গুরুত্ব দিয়ে আসছেন তিনি। যে কারণে উচ্চ শিক্ষার্থে বাইরে আসার পর থেকে গবেষণার মাধ্যমে নিজেকে নতুন করে আবিষ্কার করে চলেছেন প্রতিনিয়ত।
স্কুল শেষে রউফুলের ইচ্ছা ছিল নটর ডেম কলেজে পড়ার। সুযোগও হয়েছিল। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় অভাব। শেষে ভর্তি হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। উচ্চ মাধ্যমিক পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে ভর্তি হন।
রউফুল মনে করেন, শিক্ষা জীবনটা অনেক বড়। এখানে অনেক চড়াই-উতরাই থাকে। কিন্তু ধৈর্য নিয়ে শিখে যাওয়া এবং শেখার আনন্দকে কাজে লাগালেই অনেক দূর যাওয়া যায়। জীবনে দুই একটি পরীক্ষায় খারাপ করলেই কারও জীবন সম্ভাবনার পথ থেকে দূরে সরে যায় না।
বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে রউফুল আলমকে বেশ আক্ষেপ করতেই শোনা গেল। ২০০৫ সালে স্নাতক ও স্নাতকোত্তর শেষ হওয়ার কথা থাকলেও সেশন জটের কারণে ২০০৮ সালের এপ্রিলে তা শেষ হয়। স্নাতকোত্তরে তিনি প্রথম স্থান অধিকার করেন। এরপর ২০০৯ সালের ১৫ আগস্ট গবেষণার জন্য সুইডেনের উদ্দেশ্যে পাড়ি জমান। এরই মাঝে বিসিএস লিখিত পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছিলেন। পরবর্তীতে সুইডেন থাকায় আর মৌখিক পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি। এ জন্য কোনো আফসোস নেই তাঁর।
লেখালেখি করতে পছন্দ করেন সেই বিশ্ববিদ্যালয় জীবন থেকেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকার সময় প্রথম আলোকে তাঁর লেখালেখির শুরু। শিক্ষা ও গবেষণা নিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাঁর লেখা প্রথম বই ‘একটা দেশ যেভাবে দাঁড়ায়’ বেশ পাঠকপ্রিয়তা পেয়েছে। তাঁর লেখা দ্বিতীয় বই ‘বাংলাদেশের স্বপ্নচোখ’। সেশন জটে জীবন থেকে হারিয়েছেন মূল্যবান চারটি বছর। নিজে শিকার হয়েছেন অচল ও ভঙ্গুর শিক্ষাব্যবস্থার। সে জন্য স্বপ্ন দেখেন একদিন তাঁর মতো উদ্যমী, কর্মপাগল ও স্বপ্নবাজ মানুষের হাত ধরেই বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আসবে।