অভাবী শিশুদের শিক্ষাদানে পাশে আছে দ্য অপটিমিস্টস

অবহেলিত শিশুদের শিক্ষায় সহায়তার জন্য নিউইয়র্কের কয়েকজন সমমনা প্রবাসীর উদ্যোগে গঠিত হয়েছিল একটি সেবামূলক সংগঠন। এর আদর্শ-উদ্দেশ্য সম্পর্কে সবাই ঐকমত্যে পৌঁছেছিলেন। সংগঠনটির ‘অপটিমিস্টস’ নাম উত্থাপন করেছিলেন সংগঠনের প্রথম সাধারণ সম্পাদক মিনহাজ আহমদ। সবাই সঙ্গে সঙ্গে পছন্দ করলেন। এরপর শুরু হয়েছিল কার্যক্রম।
অপটিমিস্টসের শুরুতে উদ্যোক্তাদের মধ্যে এমন একটি সেবামূলক সংগঠন তৈরির চেতনা কাজ করছিল যাতে (১) সাংগঠনিক জটিলতা ও পরিচালন ব্যয় হবে সবচেয়ে কম, (২) স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ হবে সবচেয়ে বেশি, (৩) কর্মকর্তারা সময় দেবেন প্রয়োজনমতো, কিন্তু বিনিময়ে কোনো পারিশ্রমিক নেবেন না, (৪) প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত দায়বদ্ধতার কারণে অর্থের প্রতিশ্রুত ব্যবহার নিশ্চিত হবে এবং (৪) বিদেশি অর্থ-সাহায্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে প্রবাসী বাংলাদেশিদের দেশের উন্নয়নে নিবেদিত হতে উদ্বুদ্ধ করা ।
উল্লেখিত লক্ষ্যগুলো বাস্তবায়নে অপটিমিস্টস অনেকটাই সফল। অপটিমিস্টসের চাইল্ড স্পনসরশিপ প্রকল্প খুবই সরল। লেখাপড়ার জন্য একটি ছেলেমেয়ের জীবনে যা যা দরকার, একজন স্পনসরের অর্থানুকূল্যে অপটিমিস্টসের মাধ্যমে একটি দরিদ্র অসহায় শিক্ষার্থী তার সবই পেয়ে থাকে। এর মধ্যে বিনা মূল্যে চিকিৎসা এবং ওষুধপথ্যও অন্তর্ভুক্ত। প্রকল্পের অধিকাংশ কাজ করেন চিকিৎসক-নার্সসহ অবৈতনিক স্বেচ্ছাসেবকেরা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে সরকারি কর্তৃপক্ষের আইনি শর্ত শতভাগ পালন করা হয়। শিক্ষার্থীর স্পনসরদের কেউ দেশে গেলে তাদের স্পনসর করা শিক্ষার্থীর সঙ্গে দেখা করার সুযোগ করে দেওয়া হয়, যার ফলে প্রকল্পের কর্মকাণ্ড অব্যাহতভাবে পর্যালোচনার মধ্যে থাকছে। কিছু কিছু ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা না থাকলে হয়তো পরিচালন ব্যয় আরও কমে যেতো, ফলে এই মহান কাজে অর্থ আরও অধিক ব্যয় করা যেতো।
অপটিমিস্টসের সাফল্য সম্পর্কে সবচেয়ে বড় যে কথাটি বলা যায় তা হলো, অপটিমিস্টসই সম্ভবত আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের পরিচালনায় ও অর্থানুকূল্যে একমাত্র স্বীকৃত সেবামূলক সংগঠন, যা দীর্ঘ এক যুগ ধরে বাংলাদেশের দরিদ্র শিক্ষার্থীদের উন্নয়নে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। দিন দিন সংগঠনটি আরও শক্তিশালী হচ্ছে। সমাজ সচেতন মোহাম্মদ আর চৌধুরীর (রানা চৌধুরী) আহ্বানে দ্য অপটিমিস্টসের যাত্রা শুরু।
এ ছাড়া নিবেদিত সব সদস্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যেন আরও বেশি অবহেলিত শিক্ষার্থীর জন্য শিক্ষা বৃত্তি চালু করা যায়। অপটিমিস্টসের প্রতিষ্ঠা ও পরিচালনার সঙ্গে যাঁরা জড়িত আছেন, তারা কেউই কোনো বেতন ভাতা বা কোনো হাতখরচ নেন না। প্রতিষ্ঠালগ্ন থেকেই নিয়ম হিসেবে অপটিমিস্টসের স্বেচ্ছাসেবকদের অন্তত একটি করে শিশুকে স্পনসর করা এবং প্রতিটি সভা কিংবা অনুষ্ঠানের ব্যয়ভার ভাগাভাগি করে নিজেদেরই বহন করতে হয়। শুধু ন্যায্য পারিশ্রমিকের বিনিময়ে সংগঠনের পরিচালকমণ্ডলীর বাইরে থেকে ন্যূনতম পরিমাণ বিশেষজ্ঞ সহায়তা নেওয়া হয়।
অপটিমিস্টসের আর্থিক ব্যবস্থাপনা এক শ ভাগ স্বচ্ছ। সংগঠনের প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর নিয়মিতভাবে অপটিমিস্টসের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয় এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহের সরকারি কর্মকর্তাসহ সব দাতার কাছে বিতরণ করা হয়। এসব প্রকাশনায় সরকার-স্বীকৃত নিরীক্ষকদের দিয়ে সরকারি বিধি অনুযায়ী নিরীক্ষা করা হয় যার একটি কপি নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের কাছেও পর্যালোচনার জন্য জমা দিতে হয়। অন্যদিকে অনুরোধসাপেক্ষে জনসাধারণের দেখার জন্য এসব হিসাবের কপি সংগঠনের অফিসেও সংরক্ষণ করা হয়। অপটিমিস্টস গোড়া থেকেই হিসাব-নিকাশের এবং প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত দায়বদ্ধতাকে খুব গুরুত্বের সঙ্গে দেখছে।
অপটিমিস্টস পরিবারের বর্তমান সদস্যরাসহ বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবকদের নিরলস পরিশ্রম, মুক্তহস্ত স্পনসরদের অর্থানুকূল্য এবং সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন না পেলে অপটিমিস্টস কিছুতেই এই দীর্ঘ পথ পাড়ি দিতে পারত না। আজ অপটিমিস্টস শুধু বাংলাদেশের সাতটি জেলায় শিক্ষার্থী স্পনসর করছে না, বাংলাদেশের দরিদ্র মা ও শিশুদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। ভবিষ্যতে আমেরিকা প্রবাসী বাংলাদেশি ও সমস্যায় জর্জরিত অভিবাসী পরিবার ও নারীদের প্রয়োজনীয় সহায়তা, বাংলাদেশের স্কুল ব্যবস্থায় পিছিয়ে পড়া স্কুল-শিক্ষার্থীদের লেখাপড়া ও অন্যান্য পাঠক্রমবহির্ভূত কর্মকাণ্ডে বাড়তি সহায়তা দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।
দেশের বিভিন্ন স্থানের শত শত শিক্ষার্থী ধীরে ধীরে এগিয়ে চলছে জীবনের শ্রেষ্ঠতম লক্ষ্যে। কমলগঞ্জের ফাল্গুনী, সাতগাঁওেয়র রানা মিয়া, হাবিবুর রহমান বিদ্যালয়ের এক শিক্ষার্থী অপটিমিস্টসের সহায়তায় পড়ালেখা চালিয়ে যাচ্ছে। প্রতিটি শিক্ষার্থীকে আর্থিক বৃত্তি দেওয়ার পাশাপাশি দেওয়া হচ্ছে স্বাস্থ্য সহায়তা। প্রতিটি শিশুকে করা হচ্ছে স্বাস্থ্য সচেতন। দেওয়া হয় নানা উপকরণ। আরেক শিশু পারভেজের শিক্ষা চলছে এই মহান কার্যক্রমে। পারভেজের মা অশ্রুসিক্ত নয়নে কিছু বলতে গিয়ে বাকরুদ্ধ হয়ে যান। শুধু বলেন, আল্লাহ তাঁদের ভালো করুন। দেশের সাতটি জেলায় এর মূল কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে। শিক্ষা বৃত্তির আওতায় আসছে শত শত অবহেলিত শিশু।
দরিদ্র ও অবহেলিত এই শিশুদের সহায়তায় এগিয়ে আসতে আগ্রহী প্রবাসীদের যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: দি অপটিমিস্টস, প্রিন্সিপাল অফিস: ৩৬-৪৬ ৩৭তম স্ট্রিট, লং আইল্যান্ড, নিউইয়র্ক ১১১০৬। বাংলাদেশ কার্যালয়: বিজয় নগর (নিচ তলা), পল্টন, ঢাকা-১০০০, টেলিফোন-০১১-৮৮-০২-৮৩৩১৫১-৬, ০১১-৮৮০১৭১৯৫৬৯৩১???