অভিজাতদের গোপনীয়তার রক্ষক তারা

তারা প্রায় অদৃশ্য মানুষ। সব সময় পাশে থাকলেও একেবারে অনুল্লেখ্য। বলা হচ্ছে নিউইয়র্কের অভিজাতদের ‘ডোরম্যান’দের কথা। অভিজাত সমাজের যাবতীয় গোপনীয়তার তত্ত্বতালাশ তাদের কাছে থাকলেও এ নিয়ে একেবারে নিশ্চুপ থাকেন তারা। আর যে অভিজাতদের জন্য তাদের এই সেবা, তারা এমনকি অনেক ক্ষেত্রে তাদের নামও জানেন না। তাদের গল্প একরকম অজ্ঞাতেই রয়ে গেছে।
নিউইয়র্ক শহরের অভিজাত এলাকা ম্যানহাটনে এমন ডোরম্যানদের দেখা মিলবে। একরকম নিশ্চুপ জীবনই তারা বেছে নিয়েছেন। গুরুত্ব দিয়ে তাদের জীবনের কাহিনি জানতে তেমন কেউ এখন পর্যন্ত সচেষ্ট হননি। এ ক্ষেত্রে ব্যতিক্রম বলা যায় আলোকচিত্রী অ্যালিনা গোজিনাকে। কয়েক মাস ধরে তিনি বিভিন্ন ডোরম্যানের ছবি তুলেছেন। বোঝার চেষ্টা করেছেন এই পেশাকে ঘিরে তৈরি হওয়া সংস্কৃতিকে। আর এসব নিয়েই সম্প্রতি তিনি হাজির হয়েছেন অস্ট্রেলিয়ায় ‘অ্যাট ইয়োর ডোর’ শীর্ষক প্রদর্শনী নিয়ে।
নিউজ ব্রেকফাস্টকে অ্যালিনা গোজিনা বলেন, ‘ডোরম্যান সংস্কৃতি অদ্ভুত ও অবিশ্বাস্য। নিউইয়র্কের মতো বিশেষত ম্যানহাটনে যেমনটা আছে এমন ডোরম্যান সংস্কৃতি বিশ্বের আর কোথাও আছে বলে আমার মনে হয় না।’
এবিসি নিউজ জানায়, গোজিনা রুশ বংশোদ্ভূত একজন অভিবাসী। থাকেন অস্ট্রেলিয়ায়। নিউইয়র্কে তিনি এসেছিলেন ছবি তুলতে। নিউইয়র্ক শহরে বাড়ি খুঁজতে গিয়েই তিনি তাঁর ছবির বিষয় খুঁজে পান। আর তা হলো ডোরম্যান। এরপর এই নিয়ে তিনি আরও অনুসন্ধানে নামেন।
তিনি বলেন, ‘আমি সত্যিই বুঝে পাচ্ছিলাম না যে, শুধু দরজা খুলে দেওয়ার জন্য কেন কাউকে ডোরম্যান হিসেবে নিযুক্ত করতে হবে? কেন কারও বাড়িতে এমন ব্যক্তির প্রয়োজন হবে?’
নিউইয়র্কবাসীর কাছে এর উত্তর ছিল সহজ। তারা তাকে জানাল, বাড়ির ঠিকানায় আসা বিভিন্ন প্যাকেজ রাখার জন্য এর প্রয়োজন হয়। কিন্তু গোজেনের কাছে এটিও ছিল বিস্ময়ের। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় পোস্ট অফিসে গেলেই এটি যে কেউ সংগ্রহ করতে পারে। কিন্তু আমার এ উত্তর শুনে তারা আমার দিকে এমনভাবে তাকাল, যেন আমি কোনো ভিনগ্রহ থেকে এসেছি। আর এভাবেই আমি এই গল্পটি আবিষ্কার করতে শুরু করি।’
ডোরম্যানদের এই গল্প বহু মানুষকে আকৃষ্ট করেছে। নিউইয়র্ক টাইমস এই পেশায় জড়িত ব্যক্তিদের নীরব পাহারাদার হিসেবে আখ্যা দিয়েছে। একই সঙ্গে ডোরম্যানদের শহরের ‘সবচেয়ে কম মূল্য দেওয়া ক্ষমতাবান’ মানুষ হিসেবেও অভিধা দিয়েছে সংবাদমাধ্যমটি।
ডোরম্যান নিয়ে বই রয়েছে পিটার বিয়ারম্যানের। ‘ডোরম্যান’ শিরোনামের ওই বইয়ে তিনি এ পেশায় জড়িতদের আখ্যা দিয়েছেন, ‘গোপনীয়তার পাহারাদার’ হিসেবে। আর গোজিনার ভাষায়, ‘এই পেশার সঙ্গে জড়িয়ে আছে অজস্র গল্প। বহু গল্প আমার সামনে উন্মোচিত হয়েছে। তারা জানে তুমি কী খাও। তারা জানে তুমি কোথায় যাও কী কর। তারা জানে কারা আসে তোমার কাছে। কিন্তু তারা এর কোনো কিছুই কারও কাছে প্রকাশ করে না। নিবেদিত মনে তারা এই সব গোপনীয়তাকে পাহারা দিয়ে রাখে। তারা তোমার সম্পর্কে সবকিছুই জানে। কিন্তু তাদের বিষয়টি অজ্ঞাতই থেকে যায়।’
আর গোজিনা ঠিক এই ক্ষেত্রেই বড় ভূমিকাটি রেখেছেন। তিনি এই প্রায় অদৃশ্য মানুষদের গল্পকে শুধু ফ্রেমেই ধারণ করেননি, তাদের গল্পটিও তুলে এনেছেন। তাঁর প্রদর্শনীতে স্থান পাওয়া ডোরম্যানদের কেউ এসেছেন পূর্ব ইউরোপ থেকে। কেউ এসেছেন রাশিয়া থেকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর। এদের কেউ হয়তো ছিলেন চিত্রকর, কেউবা প্রকৌশলী। কিন্তু দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি দিয়ে নিজের স্বপ্ন ও পেশাকে বিসর্জন দিয়ে বেছে নিয়েছেন এক ধরনের নীরব জীবন। আর এই বিষয়টিই গোজিনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল।
তার ভাষায়, ‘উন্নত জীবনের খোঁজে তুমি দেশ ছাড়লে। তুমি হয়তো সেটি পাবেও। কিন্তু তোমাকে এ জন্য কিছু একটা ত্যাগ করতে হবে। তারা হয়তো বলবে, ডোরম্যান হওয়াটা স্থপতি হওয়ার মতো নয়, কিন্তু বাসন মাজার থেকে তো ভালো। প্রত্যেকেরই এমন আত্মত্যাগের গল্প রয়েছে। কিন্তু এই আত্মত্যাগ এমনকি দৃষ্টিগ্রাহ্যও নয়।’