অভিজ্ঞতাকে পুঁজি করে লেখা 'আবর্তন'
অমর একুশে বইমেলায় লেখক প্রকাশিত হচ্ছে লেখক শেলী জামান খানের গল্প সংকলন ‘আবর্তন’।
এই গল্প সংকলনটিতে ১৪টি গল্প রয়েছে। প্রতিটি গল্পই ভিন্ন স্বাদের। গল্পগুলো দেশ ও কালের সীমানা টেনে সাজানো হয়েছে। পৃথিবীর আহ্নিক গতি বা আবর্তনের মতোই গল্পগুলো নানা কাল, দেশ ও বিদেশের কাহিনি নিয়ে আবর্তিত। প্রথম পর্বে সেকাল এবং দেশ, দ্বিতীয় পর্বে একাল এবং প্রবাস। শেষ পর্বে আছে দুটি আগামী দিনের পৃথিবীর গল্প।
কিছু গল্পে আদি ভৌতিক আমেজ আছে। ‘একটি দেয়াশলাইয়ের বাক্স’, ‘সুরমার দ্বিতীয় জীবন’ ‘হ্যালুসিনেশন’ এবং ‘সামান্থা তাহলে কোথায়?’—এই গল্পগুলো কিছুটা পরাবাস্তব ঘটনা নিয়ে লেখা। এখানে সাধারণ মানুষের অতি স্বাভাবিক জীবনের সঙ্গে অন্য ভুবনের মানুষের ক্ষীণ একটা যোগসূত্র তৈরি হয়েছে।
‘মরণের পরে’ গল্পটিতে দেখা যায়, একটি অতি সহজ-সরল মেয়ের ওপর মৃত্যু পরবর্তী জীবনের চিন্তা কীভাবে বিশাল প্রভাব বিস্তার করে। কীভাবে মেয়েটি হিস্টিরিয়াগ্রস্ত হয়ে পড়ে। ‘ফেরা’ মুক্তিযুদ্ধের গল্প। খুব কাঙ্ক্ষিত প্রিয়জনের ফিরে আসাও কীভাবে ফারিয়ার জীবনকে বিপর্যস্ত করে তুলেছিল তা খুব নিপুণ বর্ণনায় লেখক তুলে ধরেছেন এই গল্পে।
‘তোমাদের জন্য ভালোবাসা’ গল্পটি শুরু হয়েছে এভাবে—‘ধবধবে সাদা রেশমি কোমল পালকের মতো পোশাক পরে প্রায় প্রতি বিকেলেই মেয়েটি এসে দাঁড়ায় জলের ধারে।’ শুরুতে মেয়েটির নাম জানা যায় না। সে কাকে খুঁজে বেড়ায় তা নিয়েও একটি কৌতূহল তৈরি হয়। কে এই দুজন? কী সম্পর্ক তাঁদের? তাঁরা যেন থেকে যায় অধরা।
‘অপ্রত্যাশিত’ এক প্রবাসিনীর গল্প। নিউইয়র্কের প্রবাস জীবনে ঘটে যাওয়া একটি অম্ল মধুর ঘটনা দারুণ রসাত্মকভাবে বর্ণিত হয়েছে এখানে। ‘অনন্ত প্রেম’ একটি নিরেট প্রেমের গল্প। এই প্রেম মানুষের প্রতি, স্রষ্টার প্রতি। ‘মাদারিং সানডে’ নামের গল্পটি বিদেশের প্রেক্ষাপটে রচিত পূর্ব ও পশ্চিমা জীবনের সংমিশ্রণ। ‘ডু ইউ রিমেম্বার মি?’ নাইন ইলেভেনের মর্মান্তিক ঘটনার আলোকে লেখা। গল্পটি পড়তে পড়তে মনে হবে মার্ক, মিলি, মাইক, সুজানা, আবিদ এরা যেন খুব কাছের মানুষ। এদের সঙ্গে পাঠকও যেন প্রত্যক্ষ করবে হৃদয় বিদারক টুইন টাওয়ারের ওপর হামলার দৃশ্যাবলি।
সবশেষের গল্প দুটিকে সায়েন্স ফিকশন বলা যায়। এই পর্বে টাইম মেশিনে করে ভবিষ্যতে চলে যাওয়া যায়। ২০২০ থেকে ২০৩০, তারপর ২০৪০ এর পৃথিবীতে। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির পাশাপাশি দেখা যাবে ভবিষ্যতের পৃথিবীকে। ‘ঘাতকের সাথে বসবাস’ গল্পে পরিচয় ঘটে পাপা ও তার কন্যার সঙ্গে। গল্পের শুরু থেকে শেষ অবদি ‘পাপা’ এবং ‘আমি’ চরিত্র দুটি তাদের নাম গোপন রেখেছে। ‘অন্যরকম এক ভালোবাসা’ এমনি আরেকটি গল্প যেখানে রোবট মানুষের জীবনে অনেক বড় জায়গা দখল করে নিয়েছে। ‘অ্যালি’ এই গল্পের একটি কেন্দ্রীয় চরিত্র। গল্পের চরিত্র টিনা, চারু এবং অমি চেনা মানুষ হলেও তারা ভিন্নধারার জীবনযাপনে অভ্যস্ত। যে জীবনের স্বাদ এখনো ২০২০ সালের মানুষ পায়নি।
‘আবর্তন’ গল্প সংকলনটির এক একটি গল্প যেন এক অজানা কাহিনির স্তম্ভ। আবর্তন শব্দটিও যেন গল্পের চরিত্রগুলোর মতোই এমনি অজস্র মানুষের, অজস্র অতীত, অজস্র বর্তমান ও অজস্র ভবিষ্যতের নানা কাহিনি নিয়ে কালের স্রোতের ঘূর্ণিতে প্রতিনিয়ত আবর্তিত হচ্ছে। সংকলনটি পাঠকপ্রিয়তা পাবে বলে আশা করা যায়।
শেলী জামান খান গল্পে জীবন ও অভিজ্ঞতাকে পুঁজি করে চরিত্রগুলোর মুখ থেকে সেই অভিজ্ঞতালব্ধ জীবনালেখ্য তুলে ধরতে ভালোবাসেন। নিজের লেখা সম্পর্কে শেলীর অভিমত হলো, ‘বিখ্যাত গল্পকার গ্যাব্রিয়েল মার্কেজ বলেছেন, নতুন লেখকদের উচিত জীবনে ঘটে যাওয়া অভিজ্ঞতাকে পুঁজি করে লেখা। অভিজ্ঞতা মানুষকে জীবন চিনতে শেখায়। তাই লেখালেখির ক্ষেত্রে আমি মার্কেজের এই মতবাদের অনুসারী।’