অভিনব প্রতিবাদ কর্মসূচি বার্নির সমর্থকদের

অভিনব এক প্রতিবাদের কর্মসূচি দেখা যাবে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট পার্টির জাতীয় সম্মেলনে। ‘উদরস্থ বায়ু ছেড়ে’ প্রতিবাদ জানানোর কর্মসূচি ঘোষণা করেছে দলেরই ক্ষুব্ধ একদল সমর্থক। বার্নি স্যান্ডার্স গতকাল মঙ্গলবার হিলারি ক্লিনটনকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে বার্নির একদল সমর্থক এমন কর্মসূচি দিয়েছেন।
বার্নির এই সমর্থকেরা মনে করছেন, প্রাতিষ্ঠানিক প্রতিনিধি হিলারি ক্লিনটনের মাধ্যমে তলানি ছোঁয়া মানুষের প্রত্যাশা পূরণ হবে না। সেই সব মানুষের বার্তা পৌঁছে দেওয়ার জন্যই তাঁদের এ অভিনব প্রতিবাদ কর্মসূচি।
২৫ জুলাই থেকে ফিলাডেলফিয়া নগরীতে ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলন শুরু হবে। এ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে দলের প্রার্থী হিসেবে হিলারি ক্লিনটনের নাম ঘোষণা করা হবে।
সম্মেলন কেন্দ্রের সামনে এই কর্মসূচি পালন করবে পুউর পিপল ইকোনমিক হিউম্যান রাইটস চ্যাম্পিয়ন নামের একটি সংগঠন। সংগঠনের জাতীয় সমন্বয়ক চেরি হোঙ্কালা বলেছেন, ‘হিলারি ক্লিনটনকে আমরা কী মনে করি, তা জানিয়ে দিতে চাই।’ আর ফিজিশিয়ান ফর সোশ্যাল রেসপনসিবিলিটি নামের আরেকটি সংগঠনের নেতা ওয়াল্টার টসউ বলেছেন যে আমেরিকার সমাজে বিরাজমান দুর্গন্ধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্যই এই প্রতিবাদ কর্মসূচি।
বাছাইপর্বের নির্বাচনে বার্নি স্যান্ডার্স ‘সামাজিক সমাজতন্ত্রী’ হিসেবে প্রচারণা চালান। তাঁর আহ্বানে ডেমোক্র্যাট দলের যুব, তরুণ, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নাগরিক আন্দোলনের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক জাগরণ সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত তিনি জিততে পারেননি।
হিলারি ক্লিনটনকে সমর্থন জানিয়ে বার্নি স্যান্ডার্স তাঁর বক্তব্যে বলেছেন, ‘আমাদের প্রগতিশীল ধারণাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন হিলারি ক্লিনটনকে সমর্থন জানানোই সবচেয়ে ভালো বিকল্প। আমি জানি, আমার এ সিদ্ধান্তে অনেক সমর্থক বিরাগভাজন হবেন। তবে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে হবে। প্রগতিশীল ধারণার সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হিলারি ক্লিনটনকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত করতে হবে।’