অভিবাসন ইস্যুতে ঐক্যবদ্ধ নেই ডেমোক্র্যাটরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্কার নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগের প্রতি ঐক্যবদ্ধ নেই তাঁর ডেমোক্র্যাট সহযোদ্ধারা। মধ্যবর্তী নির্বাচন নিয়ে ডেমোক্রেটিক দলের প্রভাবশালী নেতাদের আগের অবস্থানে পরিবর্তন লক্ষণীয় হয়ে উঠেছে। আন্দোলনরত ৩০টি সংগঠন অভিবাসন সংস্কার নিয়ে ডেমোক্র্যাট নেতাদের প্রেসিডেন্ট ওবামার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।

মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে রক্ষণশীলদের আগ্রাসী প্রচার শুরু হয়েছে। তাদের অভিযোগ, অভিবাসন সংস্কারের নামে প্রেসিডেন্ট বারাক ওবামা কার্যত অবৈধদের সাধারণ ক্ষমা প্রদানের উদ্যোগ নিচ্ছেন। পাশাপাশি নির্বাহী আদেশের মাধ্যমে প্রেসিডেন্ট ক্ষমতার অপব্যবহার শুরু করেছেন।

এসব প্রচারের মুখে নভেম্বরের নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যে উত্কণ্ঠা বিরাজ করছে। ডেমোক্র্যাট সিনেটর কে হাগান এখন বলছেন, অভিবাসনের মতো সমস্যা কংগ্রেসেরই সমাধান করা যথাযথ হবে। এখন তিনি নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে সমস্যা সমাধানের বিপক্ষে।

আরকানসাস থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর মার্ক প্রেয়র বলেছেন, ওয়াশিংটনের কার্যক্রমে তাঁর মধ্যে হতাশা বিরাজ করছে। তিনিও নির্বাহী আদেশের মাধ্যমে অভিবাসন সমস্যা সমাধানের বিপক্ষে।

প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাহী আদেশের মাধ্যমে অবৈধদের বিতাড়ন প্রক্রিয়া কোনো কোনো ক্ষেত্রে স্থগিত রাখার উদ্যোগ নিয়েছিলেন। নির্বাহী আদেশটি নভেম্বর পর্যন্ত স্থগিত রাখার পক্ষে এখন ডেমোক্র্যাট নেতারাও।

অভিবাসন সংস্কার নিয়ে বিতর্কের মুখে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের মূল্য দিতে হতে পারে। আরকানসাস, নর্থ ক্যারোলিনা, লুজিয়ানা ও আলাস্কা রাজ্যের নির্বাচনে অভিবাসন সংস্কার বিষয়টি প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

অভিবাসী সংগঠনগুলো বলছে, এসব রাজ্যের নির্বাচনী ফলাফলের ওপরই নির্ভর করছে সিনেটে ডেমোক্র্যাট দলের সংখ্যাগরিষ্ঠতা থাকবে কি না।

ফেয়ার ইমিগ্রেশন রিফর্ম কোয়ালিশন নামে অভিবাসী সংগঠনের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সংস্কার উদ্যোগের বিরোধিতা বা এ নিয়ে ধীরে চলার নীতি গ্রহণ করাকে অভিবাসীদের সঙ্গে প্রতারণা বলে মনে করা হবে। এর জন্য নির্বাচনী মাঠে প্রার্থীদের খেসারত দিতে হতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, অভিবাসীদের সঙ্গে রাজনৈতিক প্রতারণাকে ক্ষমা করা হবে না। নৈতিক ও রাজনৈতিকভাবে আত্মঘাতী এসব নির্বাচনী প্রার্থীদের মূল্য দিতে হবে।

আন্দোলনরত ৩০টি সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ভেঙে পড়া অভিবাসন আইনের কারণে প্রতিদিন ভোগান্তিতে পড়তে হচ্ছে অভিবাসীদের। যাঁরা মনে করছেন, মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত অভিবাসীরা অপেক্ষা করবেন, তাঁদের ধারণা ভুল। এ মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রের সর্বত্র দাবি আদায়ে সোচ্চার হওয়ার ঘোষণা দিয়েছে অভিবাসী সংগঠনগুলো।

প্রেসিডেন্ট বারাক ওবামা গত মাসে বলেন, আইনপ্রণেতাদের জন্য অপেক্ষা না করেই তিনি অভিবাসন সমস্যার সমাধানে এগিয়ে যাবেন। যদিও এ ঘোষণা কীভাবে বাস্তবায়ন করবেন, তা স্পষ্ট না করায় অভিবাসী সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ বিরাজ করছে। এ নিয়ে প্রশাসনিক কোনো উদ্যোগ লক্ষ করা যাচ্ছে না।