সম্প্রতি নিউইয়র্কসহ অন্যান্য সিটিতে অ-নথিভুক্ত অভিবাসীদের ধরপাকড়সহ আমেরিকা থেকে তাঁদের বহিষ্কারের মতো ঘটনা ঘটছে। প্রথমেই এ বিষয়ে আপনার করণীয় সম্পর্কে বিভিন্ন ইমিগ্রান্ট সুহৃদ সংগঠন যে ব্যাপক প্রচার চালাচ্ছে সেই প্রচারপত্রটির বাংলা নিচে দেওয়া হলো। প্রয়োজনে এটি কেটে সঙ্গে রাখা যেতে পারে।
১. দরজা খুলবেন না
আইস (আইসিই-ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) কর্মকর্তারা ক্রিমিনাল কোর্টের জজের সাক্ষরকৃত পরোয়ানা ছাড়া আপনার ঘরে ঢুকতে পারে না। শুধু আপনি যদি দরজা খুলে দেন তবে তাঁরা ভেতরে আসতে পারবেন।
২. নীরব থাকুন
আপনি যাই বলবেন আইস তা আপনার বিরুদ্ধে আপনার ইমিগ্রেশন সংক্রান্ত মামলায় ব্যবহার করতে পারে, সুতরাং একেবারে চুপ থাকুন। বলুন, ‘আমি সংবিধানের পঞ্চম সংশোধনী অনুসারে চুপ থাকতে চাই।’
৩. কোথাও সাক্ষর করবেন না
আপনার আইনজীবীর সঙ্গে কথা না বলে কোনো কাগজে সাক্ষর করবেন না।
৪. রিপোর্ট এবং রেকর্ড
সম্ভব হলে ছবি নিন অথবা ভিডিও করুন। যে এজেন্ট এসেছেন তাঁর ব্যাজ নম্বর, গাড়ির নম্বর টুকে রাখুন এবং ঠিক কী হয়েছে তাও নোট রাখুন। হটলাইনে ফোন করুন: ১-৮৪৪-৩৬৩-১৪২১
৫. রুখে দাঁড়ান
একজন বিশ্বস্ত অ্যাটর্নির সঙ্গে যোগাযোগ করুন। যদি আটক করা হয় তবুও হাল ছাড়বেন না। আপনার জামিন পাওয়ার সম্ভাবনা আছে।
এই পরিবর্তিত পরিস্থিতিতে যাদের আইনি নথির সমস্যা আছে অর্থাৎ যারা অ-নথিভুক্ত তাদের উচিত যে সমস্ত নগরকে নিভৃত আবাস নগর বা স্যাঙ্কচুয়ারি সিটি বলা হয় সেখানে অবস্থান নেওয়া।
নিভৃত আবাস্থল বা স্যাঙ্কচুয়ারি সিটি কোনগুলি: আমেরিকার বেশ কয়েকটি শহরকে অ-নথিভুক্ত অভিবাসীদের নিভৃত আবাস্থল বা স্যাঙ্কচুয়ারি সিটি বলা হয়। যদিও এই শব্দগুলোর কোনো আইন গত ভিত্তি নাই। এই সমস্ত শহরে স্থানীয় প্রশাসন অর্থ অথবা জনবল বা অন্যভাবে ফেডারেল ইমিগ্রেশন কর্তৃপক্ষকে সাহায্য করে না। এই সমস্ত শহরের পুলিশ অথবা সরকারি কর্মচারীরাও কারও অভিবাসন মর্যাদা নিয়ে কোনো প্রশ্ন করে না। শহরগুলি হলো নিউইয়র্ক, সিয়াটল, পোর্টল্যান্ড, সান ফ্রান্সেসকো, লস অ্যাঞ্জেলস, ফিনিক্স, সান ডিয়েগো, সল্ট লেক সিটি, ডেনভার, ডালাস, অস্টিন ও হিউসটন। এই সমস্ত শহরে একটু সাবধান অবস্থান করলে বহিষ্কার এড়ান সম্ভব।
বিচারক ছাড়াই বহিষ্কার
প্রায় দুই দশক আগে কংগ্রেস একটি আইন পাশ করে যার মাধ্যমে যারা অ-নথিভুক্ত এবং যারা খুব অল্প সময় ধরে এ দেশে আছে তাদের কোনো বিচারকের কোর্টে হাজির না করেও সরাসরি বহিষ্কার করা যায়। সাধারণত যারা দুই সপ্তাহের কম সময় এবং সীমান্তের ১০০ মাইলের মধ্যে তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। সুপ্রিম কোর্ট এটিকে ‘ইন ট্রানজিট’ হিসাবে আখ্যায়িত করেছেন বলেই এই দ্রুত বহিষ্কার প্রক্রিয়া সম্ভব হচ্ছে।
অক্টোবরের ৯ তারিখে ট্রাম্প তাঁর অভিবাসন আইনের পরিবর্তনের পরিকল্পনা ঘোষণা করেছেন যা নিম্নরূপ:
—দেশের উত্তর সীমান্তে সীমান্ত নিরাপত্তার জন্য দেয়াল নির্মাণ করতে চান।
—সীমান্ত পথে এল সালভাদর, গুয়াতেমালা, এবং হন্ডুরাস থেকে বিপুলসংখ্যক নাবিক সীমান্ত পাড়ি দিয়ে আমেরিকায় প্রবেশ করছে। আইনের মারপ্যাঁচে এদের সহজে আমেরিকা থেকে বহিষ্কার করা যাচ্ছে না। ট্রাম্পে এর অবসানে নতুন আইন করতে চান।
—রাজনৈতিক আশ্রয় কঠিন করতে চান ট্রাম্প। ভুয়া তথ্য দিলে শাস্তির ব্যবস্থা আনতে চান।
—চাকরিদাতারা যাতে ইলেকট্রনিক ব্যবস্থায় (ইভেরিফাই) চাকরি প্রার্থীদের অভিবাসন মর্যাদা সম্পর্কে জানতে পারে তাই এই ব্যবস্থাকে বাধ্যতামূলক করতে চান।
—ভিসা ব্যবস্থা আরও কড়াকড়ি করতে চান।
—আরও ৩৭০ জন ইমিগ্রেশন জজ এবং ১০০০ জন ইমিগ্রেশন অ্যাটর্নি নিয়োগ করতে পান যাতে জমে থাকা প্রায় ৬ লাখ ইমিগ্রেশন মামলা দ্রুত নিষ্পত্তি করা যায়।
—পারিবারিক ইমিগ্রেশন ভিসার ক্ষেত্রে শুধু স্বামী-স্ত্রী এবং সন্তানদের রাখতে চান। (বর্তমানে এই আইনে ভাই-বোন আসতে পারে)
—ডিভি লটারি বন্ধ চান।