অভিবাসন নিয়ন্ত্রণে এবার তোলা হচ্ছে ভর্তুকির যুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার অর্ধেকেরও বেশি অভিবাসী কোনো না কোনোভাবে সরকারি ভর্তুকির ওপর নির্ভরশীল। আমেরিকানদের চেয়ে সরকারি কল্যাণ সুবিধা বেশি গ্রহণ করছেন বৈধ-অবৈধ অভিবাসীরা। ইমিগ্রেশন স্টাডিজ সেন্টার (সিআইএস) পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে, যা এখন অভিবাসন নিয়ন্ত্রণে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জোরালো যুক্তি হিসেবে উপস্থাপন করা হচ্ছে। শুধু প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকেরাই নন, অন্য রক্ষণশীলরাও মনে করছেন যে, আমেরিকার করদাতাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে এসব কল্যাণ সুবিধা গ্রহণকারী অভিবাসীরা।
২০১৫ সালের সেপ্টেম্বরে, সিআইএস একটি গবেষণা তথ্য প্রকাশ করে। এতে দেখা যায়, ৫১ শতাংশ অভিবাসী পরিবার কমপক্ষে একটি ফেডারেল কল্যাণ কর্মসূচির গ্রহীতা। আমেরিকানদের তুলনায় অভিবাসীদের ‘ফুড স্ট্যাম্প’ সুবিধা গ্রহণের হার ৫৭ শতাংশ বেশি। এর মধ্যে নগদ অর্থ, খাদ্য, বাসস্থান বা চিকিৎসা সুবিধার যেকোনো একটি গ্রহণ করা অভিবাসী পরিবারের সংখ্যা স্থানীয় আমেরিকানদের তুলনায় বেশি। এ ধরনের সুবিধা গ্রহণকারীর মধ্যে নেটিভ আমেরিকান পরিবারের সংখ্যা ৩০ শতাংশ।
সিআইএসের গবেষণা প্রতিবেদন বলছে, সরকারি সাহায্য গ্রহীতা বৈধ বা অবৈধ অভিবাসী পরিবারপ্রতি করদাতাদের অর্থ থেকে প্রতি বছর ব্যয় হয় ৬ হাজার ২৩৪ ডলার। অন্যদিকে নেটিভ পরিবারের সাহায্য গ্রহীতাদের জন্য এ ব্যয় ৪ হাজার ২৩১ ডলার।

সিআইএসের মুখপাত্র জেসন রিচউইন জানান, কল্যাণ সুবিধার আওতায় অভিবাসী পরিবারের জন্য ৪১ শতাংশ বেশি ব্যয় হয়। আমেরিকান পরিবারগুলোর তুলনায় অভিবাসী পরিবারগুলোর নগর অর্থ সহায়তা গ্রহণের হার ৩৩ শতাংশ বেশি। একইভাবে আমেরিকান পরিবারের তুলনায় অভিবাসী পরিবারের খাদ্য ও চিকিৎসা সুবিধা গ্রহণের হারও যথাক্রমে ৫৭ ও ৪৪ শতাংশ বেশি।
অভিবাসীদের মধ্যেও আবার শ্রেণি বিভাজন করেছে সিআইএস। সিআইএসের তথ্যমতে, আমেরিকার দক্ষিণ সীমান্ত দিয়ে আসা অভিবাসীদের জন্য আমেরিকার করদাতাদের অর্থ বেশি ব্যয় হয়। এসব পরিবারের জন্য বছরে ৮ হাজার ২৫১ ডলার ব্যয় হয়, যা স্থানীয় আমেরিকানদের তুলনায় ৮৬ শতাংশ বেশি।
বিশ্লেষকদের মতে, অভিবাসীদের মধ্যে শিক্ষার হার কম। পাশাপাশি একটি বড় অংশই দরিদ্র। এই দুই কারণেই অভিবাসীদের মধ্যে সরকারি কল্যাণ সুবিধা গ্রহণের হার বেশি। আমেরিকায় জন্ম নেওয়া অভিবাসী পরিবারের শিশু সন্তানের জন্যও এ কল্যাণ খাতের বিশাল অংশ ব্যয় হয়।
সিআইএস পরিচালিত জরিপের তথ্যেও এর সত্যতা মিলছে। জরিপের তথ্যমতে, অভিবাসী পরিবারগুলোয় জন্মহার বেশি। অভিবাসী পরিবার প্রধানের ২৪ শতাংশ স্কুল পাস করেননি। অথচ স্থানীয় আমেরিকানদের মধ্য স্কুল পাস না করা পরিবার প্রধানের হার মাত্র ৪ শতাংশ। অভিবাসী পরিবারগুলোর মধ্যে ২৩ শতাংশেরই রয়েছে তিন বা ততোধিক সন্তান। অন্যদিকে এমন নেটিভ পরিবারের সংখ্যা মাত্র ৬ শতাংশ।
আমেরিকার স্কুলগুলোতে পরিচালিত পুষ্টি কর্মসূচির আওতায় থাকা শিক্ষার্থীদের মধ্যেও অভিবাসীদের সংখ্যাই বেশি। পরিবারের আয়ের ওপর ভিত্তি করে এ কর্মসূচির আওতায় আনা হয় শিক্ষার্থীদের। ফলে অধিকাংশ নগরীতে অভিবাসী পরিবারেই দারিদ্র্যের হার বেশি থাকায়, এ খাতেও সেবা গ্রহণে অভিবাসীরাই এগিয়ে।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী পদক্ষেপের কারণে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়। রাজনীতিবিদ থেকে শুরু করে সমাজ বিজ্ঞানী, সবাই অভিবাসীদের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। যুক্তি হিসেবে তাঁরা মার্কিন অর্থনীতিতে অভিবাসীদের অবদানের কথা তুলে ধরেন। কিন্তু এখন সিআইএস যে তথ্য তুলে ধরেছে, তা অর্থনীতিতে অভিবাসীদের অবদানের বিষয়টিকে দুর্বল করে দিচ্ছে। সিআইএস মুখপাত্র তো সরাসরিই বললেন, ‘অভিবাসীরা আমেরিকাকে উপকৃত করছে— এ কথা সত্য হলে কল্যাণ কর্মসূচিতে অংশগ্রহণকারী অভিবাসীর সংখ্যা স্থানীয়দের চেয়ে কম হওয়া উচিত।’
সিআইএসের এ পরিসংখ্যান ও এ সম্পর্কিত বিভিন্ন জরিপের ফলাফল এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধিতার পক্ষেই অবস্থান নিচ্ছে। অনেকেই অভিবাসন বিরোধী বিভিন্ন পদক্ষেপের সাফাই গাইতে এ তথ্যগুলোকেই সামনে আনছেন। দক্ষিণ সীমান্তে দেয়াল নির্মাণসহ সার্বিকভাবে অভিবাসন নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগের পক্ষে শক্ত যুক্তি হিসেবে অভিবাসীদের সরকারি কল্যাণ কর্মসূচির ওপর অতি নির্ভরশীলতাকে উপস্থাপন করা হচ্ছে। এ প্রচারে রিপাবলিকান দলের বাইরের অনেক রক্ষণশীল আমেরিকানও প্রভাবিত হতে শুরু করেছে। অভিবাসন নিয়ন্ত্রণ মার্কিন রাজস্বের ওপর চাপ কমাবে—এটাই এখন রক্ষণশীলদের মূল কথা।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া পারিবারিক অভিবাসন বন্ধ বা মেধাভিত্তিক অভিবাসন চালুর ঘোষণায় এখন অনেকেই আস্থা রাখতে শুরু করেছেন। এ ক্ষেত্রে সরকারি ভর্তুকিতে পরিচালিত কর্মসূচিতে অভিবাসীদের অতি নির্ভরশীলতাকেই যুক্তি হিসেবে তুলে ধরা হচ্ছে। সম্প্রতি সিনেটর ডেভিড প্রেডু ও সিনেটর টম কটন কংগ্রেসে অভিবাসন নিয়ে যে প্রস্তাব উপস্থাপন করেছেন, তাতে এসব যুক্তিই প্রাধান্য পেয়েছে। তাদের যুক্তি, পারিবারিক অভিবাসনের আওতায় আমেরিকায় আসা ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা কম থাকে। এতে আমেরিকার অর্থনীতির ওপর চাপ বাড়ছে। এ ধরনের অভিবাসীরাই সরকারি কল্যাণ কর্মসূচির আওতায় বেশি আসছে।
অভিবাসন অধিকার সংগঠনগুলো অবশ্য বলছে, সরকারি কল্যাণ কর্মসূচিতে অভিবাসীদের নির্ভরশীলতা বেশি। এ তথ্য সত্য। কিন্তু এর মাধ্যমে মার্কিন অর্থনীতিতে অভিবাসীদের অবদান অস্বীকারের কোনো উপায় নেই। তাই এই যুক্তির ওপর ভর করে প্রশাসনের অভিবাসন বিরোধী সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের ন্যায্যতা পাওয়ার কোনো সুযোগ নেই।