অভিবাসন নিয়ন্ত্রণে কঠিন পরীক্ষায় ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

রাজনৈতিক আশ্রয়প্রার্থী অভিবাসীদের জন্য আমেরিকাকে কঠিন করে তোলার চেষ্টা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদ্যমান আইনকে অবজ্ঞা করে তিনি অভিবাসন কর্মকর্তাদের দক্ষিণ–পশ্চিম সীমান্তে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর কথা বলছেন। তাঁর এমন কথায় খোদ অভিবাসন বিভাগেই অস্থিরতা শুরু হয়েছে। ট্রাম্প গলা ফাটাচ্ছেন, আমেরিকায় অভিবাসীদের বাঁধ ভাঙা আগমন ঘটছে। ভেঙে গেছে সীমান্ত সংরক্ষণ ব্যবস্থা। এদেশে আর আশ্রয় দেওয়ার জায়গা নেই। আশ্রয়ের আবেদন সামাল দেওয়ার পর্যাপ্ত লোকবল নেই।
প্রেসিডেন্ট ট্রাম্প এসব অজুহাত তুলে কংগ্রেসকে পাশ কাটিয়ে অভিবাসনবিরোধী নানা বিধি আরোপের উদ্যোগ নিচ্ছেন।
আমেরিকার সংবিধানসহ আন্তর্জাতিক আইনে রাজনৈতিক সহিংসতা, দমনপীড়ন, ভিন্ন মত, ক্ষুধা ও দারিদ্রের কারণে বিতাড়িত মানুষ আমেরিকায় আশ্রয়প্রার্থী হতে পারে। আমেরিকার মাটিতে আশ্রয়প্রার্থনার সঙ্গে সঙ্গে একজন আবেদনকারীকে আইনের আওতায় আনতে হয়। অবৈধভাবে এই সীমান্ত পথে আসলেও এমন আশ্রয়প্রার্থীকে জোর করে ফিরিয়ে দেওয়ার কোনো আইন আমেরিকায় নেই। 

প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহে সীমান্ত ভ্রমণে গিয়ে বলেন, যারা অবৈধভাবে সীমান্তে আসছে, তাদের যেন বলে দেওয়া হয়, আমেরিকার আর জায়গা নেই। ট্রাম্প বলেছেন, তারা আসছে বনভোজনের মেজাজে, যেন ডিজনি ওয়ার্ল্ডে বেড়াতে যাচ্ছে।
আমেরিকা এখন অভিবাসন আইনের চরম সংকটে। বিশ্বের বিপন্ন মানুষকে আশ্রয় দিতে সক্ষম হচ্ছে না দেশটি। পাশাপাশি বিপন্ন বেপরোয়া মানুষের প্রবাহও বন্ধ করতে পারছে না। আমেরিকার অভিবাসন আদালতে এখন সিদ্ধান্তের অপেক্ষায় আট লাখের বেশি আবেদন জমা আছে। চলমান জনবল নিয়ে প্রতিটি আবেদনের সুরাহা করতে দেড় বছরের মতো সময় লাগছে। শিশুসন্তান নিয়ে আসা অভিবাসীরা বিপাকে পড়েছে। দক্ষিণ আমেরিকা থেকে হাজার হাজার পরিবার আসছে। তাঁদের সঙ্গে রয়েছে শিশুসন্তান। আমেরিকার আদালতের নির্দেশনা অনুযায়ী, ২০ দিনের বেশি কোনো শিশুকে আটক রাখা যাবে না।
আমেরিকায় প্রতি বছর ১০ লাখের বেশি আশ্রয়প্রার্থীর আগমন ঘটছে। অধিকাংশেরই এ দেশে আশ্রয় চাওয়ার উপযুক্ত কারণ রয়েছে। বর্তমান অভিবাসন ব্যবস্থাপনায় এখনই করা আবেদনকারীর আদালতে শুনানি হতে সময় লাগবে ২০২১ সাল। এই ফেব্রুয়ারিতেই সীমান্তে আসা লোকজনের সংখ্যা সাম্প্রতিক সময়ের সব রেকর্ড ছড়িয়ে গেছে। এ নিয়ে নিউইয়র্ক টাইমস–এর এক প্রতিবেদনে ফেব্রুয়ারিতে আসা লোকজনের সংখ্যা আগের মাসের তুলনায় ৫০০ শতাংশ বেশি বলে উল্লেখ করা হয়েছে। এপ্রিল মাসেই আমেরিকায় প্রায় ৩০ হাজার শিশুর আগমন ঘটবে বলে ধারণা করা হচ্ছে। এসব আশ্রয়প্রার্থীকে রাখার কোনো কাঠামোগত প্রস্তুতিই নেই আমেরিকায়। ছেড়ে দেওয়া হচ্ছে বাস স্ট্যান্ডে। নিঃস্ব, সর্বস্বান্ত মানুষের করুন অবস্থা বর্ণনাতীত। এসব মানুষকে ঠেলে দেওয়া হবে মেক্সিকোতে? মেক্সিকো সরকার বলেছে, আমেরিকায় আশ্রয়প্রার্থনা করছে এমন লোকজকে তাদের দেশে আশ্রয় দেওয়ার বা আশ্রয়ের জন্য অপেক্ষা করতে দেওয়ার কোনো সুযোগ নেই।
সীমান্ত ব্যবস্থাপনায় ব্যর্থতার দায় নিয়ে এরই মধ্যে হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টজেন নিয়েলসনকে বিদায় নিতে হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম উপদেষ্টা প্রচণ্ড অভিবাসনবিরোধী স্টিফেন মিলারের দৌরাত্ম্য বাড়ছে। অভিবাসন বিভাগের কর্মকর্তাদের চাপ দেওয়া হচ্ছে, যে করেই হোক সীমান্তের এই অভিবাসী প্রবাহ বন্ধ করতে হবে। সমস্যা হচ্ছে, আইনের যথাযথ প্রক্রিয়া লঙ্ঘনের ব্যক্তিগত দায় নিতে কর্মকর্তারা রাজি হচ্ছেন না। অভিবাসন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সীমান্ত সমস্যাকে চরম সংকট বলে অবহিত করছেন।
দক্ষিণ আমেরিকাজুড়ে বেতারে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। আদম পাচারকারীরা প্রচারণা চালাচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প শিগগিরই আমেরিকায় অভিবাসন বন্ধ করে দেবেন। আমেরিকা যাওয়ার এখনই শেষ সময়। যারা আমেরিকায় পাড়ি দিতে চায়, তাঁরা যেন দ্রুত দালাল বা নানা এজেন্সির সঙ্গে যোগাযোগ করে। এমন প্রচারণায় পুরো দক্ষিণ আমেরিকায় তোড়জোড় চলছে। এর ঢেউ গিয়ে ঠেকেছে বাংলাদেশ পর্যন্ত। বাংলাদেশ থেকেও সীমান্ত দিয়ে আমেরিকায় আশ্রয়প্রার্থীর সংখ্যা বাড়ছে। জীবনের ঝুঁকি নিয়ে বেপরোয়া মানুষ ছুটে আসছে আমেরিকায়। তাঁদের জন্য অপেক্ষা করছে অনিশ্চিত ভবিষ্যৎ।
নিউইয়র্ক টাইমস–এর প্রতিবেদনে বলা হয়েছে, আশ্রয়প্রার্থীদের প্রাথমিক বাছাইয়ে নতুন বিধিনিষেধ আরোপের চেষ্টা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর মধ্যে আশ্রয়প্রার্থীকে তার দাবির পক্ষে অতিরিক্ত প্রমাণ জমা দিতে হবে। আশ্রয়প্রার্থীদের অধিকাংশই স্বদেশে অপশাসন আর দমনপীড়নের দাবি করে থাকে। প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এসব দাবিকে মোকাবিলা করার উদ্যোগ নিচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নিয়ন্ত্রণের চাপে পড়ে বিদায় নিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান, এরপর ভারপ্রাপ্ত প্রধান, অ্যাক্টিং ডেপুটি সেক্রেটারি কলারই গ্লাডি পদত্যাগ করেছেন পরদিন। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের ভারপ্রাপ্ত পরিচালক রোনাল্ড ভেটেলো পদত্যাগ করেছেন ১০ এপ্রিল। ট্রাম্পের অভিবাসন নিয়ন্ত্রণের চাপ তাঁর প্রশাসনের কর্মকর্তারাই নিতে পারছেন না। সমন্বিত অভিবাসন ব্যবস্থা সংস্কার নিয়ে আমেরিকার রাজনৈতিক পক্ষগুলোর ঐক্য আর সীমান্তে বিশৃঙ্খলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নিয়ন্ত্রণের উদ্যোগকে কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে। আমেরিকার রাজনৈতিক বিশ্লেষকরাও বলতে পারছেন না, সামনে কী অপেক্ষা করছে।