অভিবাসন নিয়ে ট্রাম্পের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কংগ্রেসের উভয় কক্ষ সিনেট ও হাউজ নেতাদের উদ্দেশ্য করে ‘ইমিগ্রেশন প্রিন্সিপালস অ্যান্ড পলিসিস’ শীর্ষক ডোনাল্ড ট্রাম্প যে চিঠি দিয়েছেন, তা প্রকাশ করেছে হোয়াইট হাউসের ওয়েবসাইট। ওই স্বারকলিপিতে তিনি তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গিতে আমেরিকার অভিবাসন সমস্যাকে ব্যবচ্ছেদ করেছেন ও কংগ্রেসের উভয় কক্ষের নেতাদের কাছে বিভিন্ন সুপারিশ স্থাপন করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি এখানে তুলে ধরা হল।

অ্যাসাইলাম রিফর্ম
অ্যাসাইলাম আবেদনের দীর্ঘসূত্রতা ও প্রক্রিয়াগত সমস্যা ব্যবহার করে এই আবেদনের মাধ্যমে অনেকেই দীর্ঘদিন ওয়ার্ক পারমিট ও সোশ্যাল সিকিউরিটি নিয়ে আমেরিকায় বসবাস করছেন। এই মুহূর্তে ইউএসসিআইএসের কাছে ২ লাখ ৭০ হাজারের বেশি অ্যাসাইলাম আবেদন পেন্ডিং রয়েছে এবং ইওআইআরের(এক্সিকিউটিভ অফিস অব ইমিগ্রেশন রিভিউ যা ইমিগ্রেশন কোর্ট নামে পরিচিত) কাছে পেন্ডিং রয়েছে আরও ২৫ লাখ মামলা। তাই এই ব্যাকলগ কমিয়ে আনার জন্য নিম্নলিখিত সুপারিশ করা হয়েছে।
১) ক্রেডিবল ফিয়ার ইন্টারভিউতে পারসিকিউশন প্রমাণের স্ট্যান্ডার্ড আরও কঠোর করা হোক।
২) অসার, ভিত্তিহীন ও প্রতারণামূলক তথ্য ও ঘটনা দিয়ে অ্যাসাইলাম আবেদন জমা দিলে তার বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ গুরুতর অপরাধের (অ্যাগ্রিভেটেড ফেলোনি) অভিযোগ আরোপ করা হোক এবং এক্সপেডিয়েট রিমুভাল বা দ্রুত বিতাড়ন প্রয়োগ করা হোক।
৩) ডিফেন্সিভ অ্যাসাইলাম আবেদনকারীকে প্যারোলে মুক্তি দেওয়ার ব্যাপারে আরও বেশি সতর্কতা অবলম্বন করা হোক এবং ক্র্যাডিবল ফিয়ার ডিনাই হলে সুইফট রিমুভালে নিয়ে আসা হোক।
৪) অ্যাসাইলাম আবেদনকারীর নিজ দেশের পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসলে তার আবেদন ইতিমধ্যে মঞ্জুর করা হলেও গ্রিনকার্ড দেওয়ার আগে আবারও রিভিউ করা হোক।

ওভার স্টে বা ভিসার মেয়াদের চেয়ে বেশি অবস্থান
অবৈধ অভিবাসনের জন্য ৪০ শতাংশ ক্ষেত্রে ভিসার মেয়াদের চেয়ে বেশি সময় অবস্থান দায়ী। ভবিষ্যতে ভিসা ওভার স্টে কমিয়ে আনার জন্য নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য এবং বর্তমানে যারা ওভার স্টে করছে অথবা ভিজিট ভিসায় এসে কাজ করাসহ অন্য কোনোভাবে ভাবে তাদের ভিসার শর্ত লঙ্ঘন করছে তাদের রিমুভাল প্রসেস আরও কঠোর করার জন্য নিম্নলিখিত সুপারিশ করা হয়েছে।
১) ভিসা ওভার স্টে বা ভিসার মেয়াদের চেয়ে অতিরিক্ত সময় অবস্থানকে মিসডিমিনর বা অপকর্ম হিসেবে আইনি সংজ্ঞার আওতায় নিয়ে আসা।
২) ভিসা ওভার স্টে করা ব্যক্তিদের জন্য অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস সহ সকল রকম ইমিগ্রেশন বেনিফিট একটা নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ ঘোষণা করা এবং প্রচলিত আইনের অধীনে কোনোরকম ওয়েবার যেমন (ক) প্রভিশনাল বেআইনি উপস্থিতি ওয়েবার অথবা (খ) ওয়েবার অব গ্রাউন্ডস অব ইনঅ্যাডমিসিবিলিটি থেকে তাদের বঞ্চিত ঘোষণা করা।
৩) ভিসা ওভার স্টে করা ব্যক্তিদের রিমুভালের জন্য লিগ্যাল ও ট্রান্সপোর্টেশন সহ কোনোরকম খরচ যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বহন না করার ঘোষণা দেওয়া।
৪) ডিপোর্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি কর্তৃক ডিপার্টমেন্ট অব জাস্টিস এর অধীনে কাজ করা ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টারে সকল অ্যাভেইলেবল ডেটা প্রেরণ করে অভিবাসন আইন লঙ্ঘনকারী হিসেবে ভিসা ওভার স্টে করা ব্যক্তিদের চিহ্নিত করতে সহায়তা করা।
৫) কোনোভাবে কোনোভাবে ভিসা অতিরিক্ত সময় অবস্থানকারীর ব্যাপারে বৈদেশিক সরকার এর কাছে আর তথ্য চেয়ে তাদের সহায়তা কামনা।

ডিটেনশন অথোরিটি
বর্তমানে প্রচলিত বিভিন্ন আইন ও বিচার বিভাগীয় নির্দেশের (জুডিশিয়াল রুলিং) কারণে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) পক্ষে অনেক অবৈধ অভিবাসীকে ডিটেনশনে নেওয়া কষ্টকর হয়ে পড়ছে। তাই পুরোনো ক্যাচ-অ্যান্ড-রিলিজ পদ্ধতির পরিবর্তে নিম্নলিখিত পরিবর্তন আনার জন্য সুপারিশ করা হয়েছে।
১) যেসব অবৈধ অভিবাসী বিভিন্ন কারণে আটকের পর তাদের নিজের দেশ তাদের প্রত্যাবাসনের ব্যাপারে সহায়তা করবে নাকি তাদের ডিটেনশনে রাখা হবে।
২) যারা সীমান্ত দিয়ে আমেরিকায় প্রবেশের সময় কোনোরকম ইন্সপেকশন ছাড়াই প্রবেশ করেছেন তাদের ডিপোর্টেবল অ্যালিয়েন হিসেবে সংজ্ঞায়িত করা হবে, এবং যাদের কাছে ভ্যালিড আনএক্সপায়ার্ড ইমিগ্রান্ট ভিসা, রিএনট্রি পারমিট, বর্ডার ক্রসিং আইডেনটিফিকেশন কার্ড বা অন্য কোনোভাবে ভ্যালিড এন্ট্রি ডকুমেন্ট পাওয়া যায়নি তাদের ‘অ্যারাইভিং অ্যালিয়েন’ হিসেবে চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ২১২(এ)(৭)(এ)(১)(আই) ধারা ভঙ্গের অভিযোগ আনা হবে।

লিগ্যাল ওয়ার্ক ফোর্স
অনেক অবৈধ অভিবাসী ওয়ার্ক পারমিট ছাড়াই স্বল্প বেতনে কাজ করার ফলে বৈধ অভিবাসী ও নাগরিকদের সঠিক ও ন্যায্য মজুরিতে কাজের সুযোগ কমে আসছে বলে নিম্নলিখিত সুপারিশ করা হয়েছে।
১) সব এমপ্লয়্যারকে ফরম আই-৯, এমপ্লয়মেন্ট এলিজিবিলিটি ভেরিফিকেশনের মাধ্যমে যাকে কাজ দেওয়া হবে তার কাজ করার অনুমতি আছে কিনা তা যাচাই করে নিতে হবে এবং তা না করলে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট এর ২৭৪-এ ধারায় কঠোর শাস্তির আওতায় আনা হবে।
২) সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন থেকে তথ্য চাওয়া হবে এবং সেটা অভিবাসন আইন লঙ্ঘন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখার কাজে ব্যবহার করা হবে।
৩) কর্মক্ষেত্রে নিয়োগ দেওয়ার ব্যাপারে নন-ইমিগ্রান্টকে অগ্রাধিকার দিয়ে বৈধ অভিবাসী এবং নাগরিকদের বৈষম্যমূলকভাবে কাজ পাওয়া থেকে বঞ্চিত করা হল কিনা তা খতিয়ে দেখা হবে।

ডিপোর্টেবল অ্যালিয়েন
যেসব ক্যাটাগরির ইমিগ্রান্টদের এই মুহূর্তেই আমেরিকা থেকে বহিষ্কার করা সম্ভব তাদের সংখ্যাও অনেক বেশি এবং আশঙ্কাজনকভাবে বাড়ছে। তাই এদের মধ্য থেকে প্রায়োরিটি ভিত্তিতে জরুরিভাবে বহিষ্কার করার জন্য নিম্নলিখিত সুপারিশ করা হয়েছে।
১) যারা বিভিন্ন গ্যাংয়ের সদস্য
২) যারা একাধিক ‘ড্রাঙ্ক ড্রাইভিং অফেনস্’-এর জন্য দোষী সাব্যস্ত অথবা মৃত্যু কিংবা হামলা করে কাউকে মারাত্মকভাবে আহত করার অভিযোগে কমপক্ষে একটি অপরাধের জন্য দোষী সাব্যস্ত।
৩) যারা যৌন অপরাধের জন্য চিহ্নিত হয়েও এ সংক্রান্ত আইনের অধীনে নিবন্ধন করেনি।

সুইফট বর্ডার রিটার্ন
অভিবাসনের আদালতে মামলার জট ঘুচিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারীদের দ্রুত রিটার্ন করানোর জন্য নিম্নলিখিত সুপারিশ করা হয়েছে।
১) অতিরিক্ত ৩৭০ জন অভিবাসন বিচারক নিয়োগ করা হোক।
২) অভিবাসন বিচারকদের কার্যক্রম মূল্যায়নের (পারফরম্যান্স মেট্রিক্স) পদ্ধতি প্রবর্তন করা হোক।
৩) অতিরিক্ত এক হাজার আইসিই অ্যাটর্নি নিয়োগ করা হোক।

আনঅ্যাকম্পানিড অ্যালিয়েন চিলড্রেন
বর্তমান আইনের অসংগতির কারণে অনেক আনঅ্যাকম্পানিড অ্যালিয়েন চিলড্রেনকে বহিষ্কার না করে বরং এ দেশের ট্যাক্সপেয়ারের অর্থে ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস তাদের পরিষেবা দিয়ে যাচ্ছে যা বন্ধ করার জন্য নিম্নলিখিত সুপারিশ করা হয়েছে।
১) ২০০৮ সালের উইলিয়াম উইল্বারফোরস ট্রাফিকিং ভিক্টিমস প্রোটেকশন রিঅথোরাইজেশন অ্যাক্ট সংশোধন করে সব আনঅ্যাকম্পানিড অ্যালিয়েন চিলড্রেনকে তাদের নিজের দেশে পাঠানো হোক যদি তারা প্রমাণিতভাবে মানব পাচারের শিকার না হয়ে থাকে।
২) ফ্লোরেস সেটেলমেন্ট অ্যাগ্রিমেন্ট বাতিল করে মাইনরদের কি স্ট্যান্ডার্ডে সেবা দেওয়া হবে তা উল্লেখ করে নতুন করে আইন পাশ করা হোক/
৩) অপব্যবহার, অবহেলা বা পরিত্যাগের কারণে অভিভাবকের সঙ্গে পুনরেকত্রীকরণ সম্ভব নয় প্রমাণ সাপেক্ষে স্পেশাল ইমিগ্রান্ট জ্যুভেনিলের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হোক।

(এই নিবন্ধন কোনোরকম আইনি পরামর্শ নয়। এটি কেবল হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রদর্শিত এ সংক্রান্ত তথ্যের সন্নিবেশ মাত্র)

লেখক: ব্যারিস্টার-অ্যাট-ল’, নিউইয়র্ক প্রবাসী
সেল: (৯২৯)৩৯১-৬০৪৭;
ইমেইল: [email protected]