
জাতিসংঘ সদর দপ্তরে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের বার্ষিক সংসদীয় শুনানির শেষ দিনে অংশ নিয়েছে বাংলাদেশ। সাংসদ ফারুক খানের নেতৃত্বে বাংলাদেশের বেশ কয়েকজন সাংসদ শুনানিতে অংশ নেন। এতে বৈশ্বিক অভিবাসন সংক্রান্ত আগামী প্রস্তাবে সাংসদ ফারুক খান বাংলাদেশের হয়ে পাঁচটি সুপারিশ পেশ করেন।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান প্রস্তাব করেন, এমন কোনো আইন পাস করা যাবে না যা নিরাপদ, নিয়মতান্ত্রিক ও নিয়মিত অভিবাসনের পরিপন্থী; অভিবাসীদের মর্যাদা, মানবাধিকার ও স্বার্থবিরোধী আইনও পাস করা না যাবে না; অভিবাসীদের মানবাধিকার সম্পূর্ণভাবে সুরক্ষিত রেখে আইন পাস করতে হবে; পাস করা সব আইনে নাজুক অবস্থায় পড়া অভিবাসীদের সুরক্ষার কথা থাকতে হবে; পাস করা আইনে অভিবাসী পাচার, প্রতারণা ও ট্রাফিকিংয়ের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা থাকতে হবে।
আধুনিক অর্থশাস্ত্রের জনক হিসেবে পরিচিত ‘অ্যাডাম স্মিথ’-এর উদাহরণ টেনে সাংসদ ফারুক খান বলেন, ‘যখন অ্যাডাম স্মিথ ভূমি, শ্রম ও অর্থ নিয়ে কথা বলেন, তিনি অবশ্যই বোঝাতে চান এগুলোর সম্মিলিত ধারাই বৈশ্বিক প্রবৃদ্ধির জন্য প্রয়োজন। আমরা এখন শুধু বৈশ্বিক অর্থনীতি, বিশ্বগ্রাম নিয়ে কথা বলি, কিন্তু বৈশ্বিক অভিগমন, কর্মী ও শ্রমিকের বৈশ্বিক চলাচল নিয়ে কথা বলি না। এখানে অনেকেই মানবাধিকারের কথা বলেছেন। এটি অবশ্যই সেই অভিবাসী মানুষের মানবাধিকার, যারা এই পৃথিবী নামক গ্রহে একটু ভালোমতো বাঁচতে চায়।’
সভায় অংশগ্রহণকারী সব সাংসদের উদ্দেশ্যে ফারুক খান বলেন, ‘আসুন আমরা সবাই জাতীয়তা, আমলাতন্ত্র ও নিরাপত্তা কেন্দ্রিক জটিলতার ঊর্ধ্বে উঠে অভিবাসনের এই বৈশ্বিক কম্প্যাক্টের জন্য প্রাধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গি এবং এর বাস্তবায়ন ও প্রশমন প্রক্রিয়ার ওপর জোর দিই, যাতে কেউ পেছনে পড়ে না থাকে।’ পরে ফারুক খানের নেতৃত্বে বাংলাদেশ সংসদীয় দল আইপিইউর সভাপতির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আইপিইউর চলমান কর্মকাণ্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সভাপতি গ্যাব্রিয়েলা কুইভাস ব্যারণ বাংলাদেশের সাংসদদের সঙ্গে আলোচনা করেন।
আইপিইউর বার্ষিক সংসদীয় শুনানির দুই দিনব্যাপী অনুষ্ঠান শেষ হয় ২৩ ফেব্রুয়ারি। আইপিইউর এবারের বার্ষিক শুনানিতে আরও অংশ নেন সাংসদ মুন্নুজান সুফিয়ান, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, ফখরুল ইমাম, আনোয়ারুল আবেদীন খান, আয়েন উদ্দিন, রোকসানা ইয়াসমিন ছুটি ও জেবুন্নেছা আফরোজ।