অভিবাসন পরিকল্পনা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ওবামা

যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৪০ লাখ অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠানোর শিকার হওয়া থেকে রক্ষায় ঘোষিত বিতর্কিত অভিবাসন পরিকল্পনায় সুপ্রিম কোর্টের সমর্থন কামনা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর এএফপির।
এ পরিকল্পনা নিয়ে ওবামা প্রশাসনের দেশের সর্বোচ্চ আদালতের এ হস্তক্ষেপ কামনার মধ্যে মার্কিন বিচার বিভাগ বলেছে, দেশের অভিবাসন নীতি সংস্কারে প্রেসিডেন্ট ওবামার প্রচেষ্টা আটকে দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশকে চ্যালেঞ্জ জানানো হবে।
গত বছরের নভেম্বরে ওবামা তাঁর ঘোষিত ওই পরিকল্পনার অধীন সরকারি সংস্থাগুলোকে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ও কর্মরত অবৈধ অভিবাসীদের পরিবর্তে গুরুতর অপরাধে জড়িত অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর পদক্ষেপ নেওয়ার আদেশ দেন।
ওবামার এই অভিবাসন সংস্কার পরিকল্পনা নিয়ে বিরোধী রিপাবলিকান ও ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা সম্মত হলেও কীভাবে এটি বাস্তবায়ন করা হবে, তা নিয়ে তাঁরা তিক্ত মতপার্থক্যে জড়িয়ে পড়েন। এ অবস্থায় এখন পর্যন্ত পরিকল্পনাটি বাস্তবে রূপ পায়নি। রক্ষণশীল রিপাবলিকানদের ক্ষুব্ধ অভিযোগ, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করে যাঁরা আইন লঙ্ঘন করেছেন, ওবামা তাঁদের প্রতি সাধারণ ক্ষমা দেখাচ্ছেন।
এই সমালোচকদের আরও অভিযোগ, প্রেসিডেন্ট তাঁর নির্বাহী ক্ষমতার বাইরে চলে গেছেন। ২৬টি অঙ্গরাজ্যের গভর্নরও তাঁর এ পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
বিতর্কের মুখে গত ফেব্রুয়ারিতে টেক্সাসের ফেডারেল আদালত রিপাবলিকানদের পক্ষে রুল দিয়ে ওবামার পরিকল্পনা আটকে দেন। এর বিরুদ্ধে হোয়াইট হাউস আপিল করলে গত সোমবার আগের আদেশই বহাল রাখেন নিউ অরলিন্স অঙ্গরাজ্যের একটি আপিল
আদালত। আর এর জবাবেই মার্কিন বিচার বিভাগ বলেছে, তারা এ আদেশ নিয়ে সুপ্রিম কোর্টের পর্যালোচনা চায়।
যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি ২০ লাখ অবৈধ অভিবাসী বসবাস করেন। তবে ওবামার পরিকল্পনা আলোর মুখ দেখলে নিজ দেশে প্রত্যাবর্তন হওয়া থেকে রেহাই পাবেন আনুমানিক ৪০ লাখ অভিবাসী।