অভিবাসন বিতর্কের মূলে এখন সীমান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার অভিবাসন বিতর্কের কেন্দ্রে এখন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্থল সীমান্ত। এই সীমান্ত অতিক্রমকারীদের নিয়েই এখন পক্ষগুলো ব্যস্ত। যদিও আমেরিকার ভিসা পর্যবেক্ষণ কমিশন বলছে, সীমান্ত অতিক্রম করা আশ্রয়প্রার্থীদের ওপর সব দৃষ্টি নিবদ্ধ করলে প্রকৃত সমস্যা উপেক্ষা করা হবে।
বিশ্লেষকেরা বলছেন অবৈধ অভিবাসন বন্ধ করাই মূল লক্ষ্য হলে মার্কিন সরকারের উচিত অভিবাসন সমস্যার মূলের দিকে তাকানো। কিন্তু তারা তা না করে ইউরোপের দেশগুলোর প্রশাসনের মতোই সীমান্তের দিকেই তাকিয়ে আছে। অথচ বিভিন্ন সময়ে অভিবাসী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলে আসছে যে, কোনো প্রাচীর বা সীমান্তে কাঁটাতার দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়।
ভিসা অবজারভেটরি কমিশনের ভাষ্য, অভিবাসীরা টেলিভিশনে বিতর্কের বিষয় নয়। তাদের প্রতি দুঃখ প্রকাশের মধ্যেও সমস্যার সমাধান নেই। অবৈধ অভিবাসীদের একটি বড় অংশেরই কোনো হিসাব প্রাতিষ্ঠানিক পর্যায়ে নেই। তাদের সংখ্যা সঠিকভাবে গণনা করা কঠিন। তাই তাদের পালানোর পথের দিকে মনোযোগ না দিয়ে, তাকানো উচিত তাদের নিজ দেশে থেকে পালানোর কারণের দিকে। যে সহিংসতা ও অত্যাচার থেকে তারা পালাচ্ছে, তার নিরসনের মধ্যেই এই সংকটের সমাধান লুকিয়ে আছে।
কথা হচ্ছে এই অবৈধ অভিবাসী আসকে কারা? মূলত আইনিভাবে আসা শিক্ষার্থী, পর্যটক এমনকি কর্মভিসায় আসা ব্যক্তির সংখ্যাই এ তালিকায় বেশি। আইনি পন্থায় আসা এই অভিবাসীরা ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও আমেরিকায় থাকছে। আর এই পর্যায়েই তারা হয়ে উঠছে অবৈধ অভিবাসী। অবৈধ তকমাটি গায়ে সেঁটে যাওয়ার পর এই অভিবাসীরাই অভিবাসন সংকটের আলোচনার কেন্দ্রটি দখল করে বসে। ফলে সংকটের অন্য দিকগুলো ঢাকা পড়ে যায়। গত ১০ বছরে ভিসার মেয়াদ ফুরানোর কারণে অবৈধ হওয়া অভিবাসীর সংখ্যাই বেশি।
নিউইয়র্কভিত্তিক সংগঠন সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজের গবেষণায় দেখা গেছে, ভিসার মেয়াদ উত্তীর্ণের কারণে আমেরিকা ছেড়ে যেতে বাধ্য হওয়া ব্যক্তিরাই আবার ফিরে আসছে আমেরিকায়। সীমান্ত পেরিয়ে আসা প্রতি দুজন ব্যক্তির একজন এই মেয়াদোত্তীর্ণ ভিসাধারী। অর্থাৎ মেয়াদ পেরোনোর কারণে আমেরিকা ছাড়তে বাধ্য হওয়া ব্যক্তিরাই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা ব্যক্তির ৫০ শতাংশ। ২০১৬ সালে প্রায় ৫ লাখ ১৫ হাজার মানুষ অবৈধভাবে আমেরিকায় আসেন। এর মধ্যে ৩ লাখ ২০ হাজার ভিসার মেয়াদ শেষ করে থেকে গেছে। আর বাকিরা বহিষ্কার হওয়ার পর অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আবার ফিরে এসেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন অবজারভেটরির গবেষণার তথ্যমতে, ব্রিটেনের অবৈধ অভিবাসীদের অধিকাংশই দেশটিতে আইনিভাবে প্রবেশ করে। পরে ভিসার মেয়াদ শেষ হলে অবৈধ অভিবাসীর তালিকায় তাদের নাম ওঠে। এ ক্ষেত্রে আমেরিকায় সংক্ষিপ্ত সময়ের জন্য ভিসা দেওয়ার যে প্রবণতা, তার দিকে তাকানো প্রয়োজন বলে মনে করছেন গবেষকেরা।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘মেক্সিকানদের’ বিরুদ্ধে প্রচারণা করছেন। যদিও গত কয়েক দশক ধরেই মেক্সিকো থেকে সীমানা পাড়ি দিয়ে অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করা ব্যক্তির সংখ্যা অনেক কম। বরং মধ্য আমেরিকার গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাদর থেকে হাজার হাজার মানুষ সীমান্ত পাড়ি দিয়ে আশ্রয় চাইছে। এ ক্ষেত্রে মূল কারণ দেশগুলোতে বিদ্যমান সহিংস পরিস্থিতি।
মার্কিন প্রশাসন এই দেশগুলোয় বিদ্যমান পরিস্থিতির দিকে ফিরে না তাকালেও এখন মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে আমেরিকায় অবস্থান করা ব্যক্তিদের নজরদারিতে আনতে চাইছে। ওয়ালস্ট্রিট জার্নালে প্রকাশিত এ সম্পর্কিত প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষত বি-১ ও বি-২ ভিসার দিকে নজর দিতে চাইছে মার্কিন প্রশাসন। পাশাপাশি লাইবেরিয়া, নাইজেরিয়া, সিয়েরা লিওনসহ কিছু দেশের দিকে এখন থেকে বাড়তি নজর দেওয়া হবে বলে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। এসব দেশ থেকে আসা ব্যক্তিদের ঠিক কত অংশ ওভারস্টে করছে, তার সঠিক পরিসংখ্যান পাওয়ার আগ পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের নতুন নতুন ভিসা পাওয়া কঠিন হবে বলে উল্লেখ করা হয়েছে ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদনে।