অভিবাসন ব্যবস্থা সংস্কারে সফল হবেন বাইডেন?

  • অভিবাসনের ১০ সমস্যাকে চিহ্নিত কাজ করছে বর্তমান প্রশাসন

  • ট্রাম্পের অভিবাসনবিরোধী নীতিতে এককাট্টা উগ্রবাদীরা

  • রক্ষণশীল এলাকার ডেমোক্র্যাটরা আইনপ্রণেতারাও উদার নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জো বাইডেন

যুক্তরাষ্ট্রের ভেঙে পড়া অভিবাসন ব্যবস্থার সংস্কার নিয়ে বিপাকে পড়তে হচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেনকে। ক্ষমতা গ্রহণের দিন থেকে অভিবাসনের অন্তত ১০টি সমস্যাকে চিহ্নিত করে তিনি কাজ শুরু করেছেন। অভিবাসন নিয়ে চরম বিভক্ত মার্কিন সমাজে প্রেসিডেন্ট বাইডেনের উদ্যোগ এরই মধ্যে বিরোধিতার মুখে পড়েছে। অভিবাসন সংস্কার নিয়ে মার্কিন সমাজে তুমুল বিতর্ক সহসাই শুরু হওয়ার আভাস স্পষ্ট হয়ে উঠেছে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভ্যন্তরীণ নীতিগুলোর মধ্যে অভিবাসনবিরোধী নীতিমালা মার্কিন সমাজকে চরমভাবে বিভক্ত করে তুলেছে। উগ্রবাদী গোষ্ঠীর মধ্যে অভিবাসন নিয়ে চরম অসহিষ্ণুতা রয়েছে। শ্বেতাঙ্গ জনগোষ্ঠী চলমান অভিবাসন বাস্তবতায় যুক্তরাষ্ট্রের বিপুলসংখ্যক বাদামি চামড়ার মানুষের আগমনকে ভালো চোখে দেখছে না। সাম্প্রতিক মার্কিন অভিবাসন ইউরোপের শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর মধ্য থেকে বেশি হচ্ছে না। হচ্ছে দক্ষিণ আমেরিকাসহ এশীয় দেশগুলো থেকে। অভিবাসনের এ ধারা অব্যাহত থাকলে আগামী ৪০ বছরে যুক্তরাষ্ট্রের জনারণ্য পুরো পাল্টে যাবে বলে শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে।

মার্কিন রক্ষণশীল শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর সমর্থন পাওয়ার জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো রাখঢাক না করেই অভিবাসন বিরোধিতায় নেমে অপ্রত্যাশিত রাজনৈতিক সাফল্য পেয়েছেন। নির্বাচনে হারলেও অভিবাসন নিয়ে ট্রাম্পের অবস্থানের কারণে তাঁর সমর্থনে এককাট্টা শ্বেতাঙ্গ চরমপন্থীরা।

প্রেসিডেন্ট বাইডেন তাঁর নির্বাচনী প্রচারণা থেকেই বলে আসছিলেন, ট্রাম্প জমানার অভিবাসন ব্যবস্থাকে সংস্কার করার উদ্যোগ নেবেন তিনি। ক্ষমতার প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রে একটি মানবিক অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার কথা বলছেন তিনি। তিনি তাঁর কথা রাখার আপাতত উদ্যোগ নিয়েছেন—এমনটাই দেখিয়েছেন।

অভিবাসনের ক্ষেত্রগুলোর মধ্যে রাজনৈতিক আশ্রয়, অভ্যন্তরীণ ধরপাকড়, সীমান্ত দেয়াল, শরণার্থীদের আশ্রয় দেওয়া, মুসলিম প্রধান কিছু দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার, অভিবাসন আবেদনের বেলায় আরোপিত নিয়মাবলি শিথিল করা বা পুনর্মূল্যায়ন করার ইস্যু নিয়ে নির্বাহী আদেশ জারি করেছেন। সীমান্ত দিয়ে আসা অভিবাসীদের শিশু সন্তানদের পরিবার থেকে বিচ্ছিন্ন না করা, অল্প বয়সে মা-বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে আসা লোকজনকে বৈধতা দান, ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের আদেশ পাওয়া অভিবাসীদের বিতাড়ন প্রক্রিয়া স্থগিত করাসহ ভিন্নমতের কারণে মার্কিন অভিবাসনের আশ্রয় নেওয়ার প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।

এটি ঠিক, ক্ষমতা গ্রহণের ৪০ দিনের মধ্যেই প্রেসিডেন্ট বাইডেনের এসব উদ্যোগ অভিবাসন নিয়ে বিরাজমান পাহাড়সম সমস্যার কোনো সমাধান এনে দেয়নি। তবে অভিবাসী গ্রুপগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি এনে দিয়েছে। প্রেসিডেন্ট বাইডেন নির্বাহী আদেশ দিয়ে এসব সমস্যার কোনো স্থায়ী সমাধান করতে পারবেন না। নির্বাহী আদেশে অভিবাসীরা কিছু সুযোগ পেলেও তা পরবর্তী প্রেসিডেন্ট এসে সহজেই বাতিল করে দিতে পারবেন। রক্ষণশীল রাজ্যগুলো থেকে নির্বাহী আদেশগুলোর বিরুদ্ধে মামলা করেও এসব উদ্যোগকে বাধাগ্রস্ত করা সম্ভব।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রথম প্রকাশ্য বক্তৃতায় অভিবাসন বিষয়ে বাইডেন প্রশাসনের উদারনীতিকে আক্রমণ করে কথা করেছেন। ফ্লোরিডায় রক্ষণশীলদের সমাবেশে দাঁড়িয়ে ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়রসহ অন্যরাও একই সুরে কথা বলেছেন। তারা বলেছেন, বাইডেন ক্ষমতায় এসেই সীমান্ত খুলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। এখন দলে দলে অভিবাসীরা সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকবে। এতে এ দেশের অর্থনীতিতে চাপ পড়বে। মার্কিনরা চাকরি পাবে না। নানা পথে যুক্তরাষ্ট্রে এসে কর্মবাজারে অল্প মজুরিতে কাজ করবে অভিবাসীরা। স্কুল, হাসপাতাল ভর্তি হয়ে যাবে। আইন লঙ্ঘন করে এ দেশে আসা অভিবাসীরা মার্কিন জনগণের নিরাপত্তা হুমকির কারণ হয়ে উঠবে।

রক্ষণশীলদের এই অভিবাসনবিরোধী অবস্থানকে সাধারণ শ্বেতাঙ্গরা সহজেই গ্রহণ করে থাকে। ইউরোপের নানা দেশ থেকে আসা অভিবাসীদের মধ্যে এখন চরম অভিবাসনবিরোধিতা দেখা যায়। প্রেসিডেন্ট বাইডেন ও ডেমোক্রেটিক দল অভিবাসীবান্ধব হলেও যুক্তরাষ্ট্রে সর্বক্ষেত্রে এখন অভিবাসীরা রাজনৈতিক চালের শিকার হচ্ছেন।

ডেমোক্রেটিক দলের যেসব আইনপ্রণেতা কিছুটা রক্ষণশীল এলাকার, তারাও অভিবাসন সংস্কার নিয়ে উদারনৈতিক অবস্থানে নেই। জো বাইডেন এর মধ্যেই কংগ্রেসকে অভিবাসন সংক্রান্ত আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন। নিউজার্সির ডেমোক্র্যাট কংগ্রেসম্যান বব ম্যানেনডেজ এর মধ্যেই অভিবাসন আইনের খসড়া প্রণয়ন করেছেন। কংগ্রেস ও সিনেটে ডেমোক্রেটিক দলের ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নেই। নিজেদের সব আইন প্রণেতাদেরই প্রেসিডেন্ট বাইডেন ঐক্যবদ্ধ করতে পারবেন বলে মনে হচ্ছে না।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে রিপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের সময় অভিবাসন নিয়ে উল্লেখযোগ্য সংস্কার হয়েছিল। এই শতকে সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশসহ ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা ব্যাপক চেষ্টা চালিয়েও অভিবাসন নিয়ে কোনো সংস্কার করতে ব্যর্থ হয়েছেন।

প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তখনকার চেয়ে বর্তমান অবস্থা আরও কঠিন হয়ে উঠেছে। এমন বাস্তবতায় রাজনীতির দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন অভিবাসন নিয়ে কোনো নাটকীয় সংস্কার করার চেষ্টা হয়তো করবেন। কিন্তু এ ক্ষেত্রে তাঁর সাফল্য নিয়ে এখনো তাঁর সমর্থকেরা সন্দেহমুক্ত হতে পারছেন না।