অভিবাসন-ব্যবস্থার 'ত্রুটি' দূর করতে চায় ট্রাম্প প্রশাসন
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, অভিবাসন-ব্যবস্থার ‘ত্রুটি’ দূর করতে নতুন আইন তৈরির কাজ চলছে। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন সীমান্ত বিল তাৎক্ষণিকভাবে পাস করার জন্য রিপাবলিকান পার্টির আইনপ্রণেতাদের উদ্দেশে আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানের পরিপ্রেক্ষিতেই অভিবাসন-ব্যবস্থার ত্রুটি দূর করতে নতুন আইন তৈরির কাজ করা হচ্ছে।
এপির খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ অভিবাসন ঠেকাতে রিপাবলিকানদের তাগিদ দিয়েছেন। গতকাল সোমবার এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘এটি খুবই অযৌক্তিক শোনাবে যে সীমান্ত অতিক্রম করে যাঁরা এ দেশে ঢোকেন, তাঁদের ফেরত পাঠানোর জন্য সংগতিপূর্ণ আইন আমাদের দেশে নেই। মেক্সিকো ও কানাডার অভিবাসন আইন অনেক কঠোর, অন্যদিকে আমাদের আইন হচ্ছে ওবামার কৌতুক। কংগ্রেসের এ ব্যাপারে কাজ করা উচিত!’
এর আগে একাধিক টুইটে ট্রাম্প অভিযোগ করেছিলেন, ‘ড্রিমার্স’ কর্মসূচির সুবিধা নিতে সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ বাড়ছে। আর অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ করতে মেক্সিকো তেমন কিছুই করছে না। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া না হলে উত্তর আমেরিকার দেশগুলোর মুক্তবাণিজ্য চুক্তি থেকে সরে আসারও হুমকি দেন তিনি।
২০১২ সালে ওবামা প্রশাসন শিশু বয়সে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা বেআইনি অভিবাসী শিশুদের জন্য বিশেষ কর্মসূচি ‘ডাকা’ চালু করে। এটি ড্রিমার্স নামেই বেশি পরিচিত। মার্চ থেকে এই কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেন ট্রাম্প। তবে আদালতের বিরোধিতায় তা স্থগিত হয়ে যায়। এখন এই কর্মসূচিতে নতুন করে আর কাউকে সুবিধা দেওয়া বন্ধ রয়েছে। তবে কর্মসূচি চালুর সময়ে যারা এতে অন্তর্ভুক্ত হয়েছে, তাদের ক্ষেত্রে এই সুবিধা চালু রয়েছে।
টুইটে মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে প্রাচীর দেওয়ার প্রয়োজনীয়তার কথা ফের উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি লিখেছেন, হন্ডুরাস, মেক্সিকো এবং অন্যান্য দেশের প্রতি যুক্তরাষ্ট্র অনেক সহানুভূতিশীল। ওই দেশগুলো থেকে অনেক মানুষকে দুর্বল অভিবাসন নীতির কারণে এ দেশে পাঠানো হয়েছে। প্রচুর লোক সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের অপেক্ষায় রয়েছে। তাই অবশ্যই কঠোর আইন পাস করতে হবে এবং প্রাচীর নির্মাণ করতে হবে।