অভিবাসন যুদ্ধে পুরো পরিবার

বাংলাদেশি অভিবাসী মনির হাসান। চলতি বছরের জানুয়ারি থেকেই তিনি অভিবাসন পুলিশ আইসের এলপাসো আটক কেন্দ্রে আছেন। মরণব্যাধি ক্যানসার ও ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত মনির হাসান। আইসের শুনানিতে তাঁর স্ত্রী নাসরিন হাসানের জুলাই মাসে হাজিরা দেওয়ার কথা রয়েছে। আর মেয়ে নাজিয়াত হোসেন ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল (ডাকা) প্রকল্পের সুবিধাভোগী একজন তরুণী। মানসিক রোগীদের সহায়তা করা নিয়ে তিনি পড়াশোনা করেছেন। ছোট বেলায় বাবা-মায়ের হাত ধরে তিনি এসেছিলেন স্বপ্নের দেশ আমেরিকায়।
ওই ডাকা প্রকল্পটি বাতিল করার ঘোষণা দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে অভিবাসন সমস্যার চতুর্ভুজ বেড়াজালে বন্দী নাজিয়াতের আমেরিকা জীবন। গত ১০ ফেব্রুয়ারি আমেরিকার বোর্ড অফ ইমিগ্রেশন আপিলে মনির হোসেনের মামলাটি গ্রহণ করা হয়নি। এরপর তাঁকে নিউজার্সি নিয়ার্ক থেকে টেক্সাসের এলপাসো আটক কেন্দ্রে পাঠানো হয়েছে। এই আটক কেন্দ্র থেকে যেকোনো সময় তাঁকে দেশে পাঠানো হবে। এই আটক কেন্দ্রে উপযুক্ত চিকিৎসার অভাবে ক্যানসার নিয়ে কষ্টে সময় যাচ্ছে মনির হাসানের। চিকিৎসকের প্রতিবেদন ও ছেলে-মেয়েদের আকুতি, আইনজীবীর যুক্তিতর্ক—কোনো কিছুই তাঁর পক্ষে নিতে দিচ্ছে না ট্রাম্প প্রশাসনের বিতাড়নের খড়্গ। সেই একই খড়্গে বিপদে তাঁর স্ত্রীও এবং সঙ্গে বড় মেয়ে নাজিয়াত।
মনির হাসান আমেরিকার নিউইয়র্কে পাড়ি জমান ১৯৯২ সালে। দুই বছর পর মেয়ে নাজিয়াত আর ছেলেকে নিয়ে তাঁর স্ত্রী নাসরিন আসেন। পরে ১৯৯৫ সালে আরও এক সন্তানের জন্ম হয়, যার বয়স এখন ২৩ বছর। আমেরিকায় বসবাস করা আর সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করলেও কোন আইনি প্রক্রিয়ায় এখানে তাঁরা বসবাস করবেন, সেই জটিলতা শুরুতেই মীমাংসা করেননি মনির হাসান। ফলে স্বামী ও স্ত্রী উভয়েই ভিসার মেয়াদের বাইরে আমেরিকায় অবস্থান করেন। ১৯৯৭ সালে তারা দেশে ফিরে গেলে অনিশ্চয়তায় পড়বেন ভেবে একটি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। কিন্তু সেই আবেদন নাকচ হয়ে যায়। এরপর তাঁকে দেশে ফেরত যেতে বলা হলেও গুরুতর অপরাধ সংঘটনের অভিযোগ না থাকায় এবং ২০০৬ সাল থেকেই নিয়মিত আইস কার্যালয়ে হাজিরা দিয়ে নিজের অবস্থানগত তথ্য সরকারকে জানিয়ে বসবাস করে যাচ্ছিলেন মনির হোসেন। কিন্তু ২০১৮ সালের জানুয়ারিতেই বাঁধে বিপত্তি।
গত ৬ বছর ধরে যেভাবে আইস শুনানিতে হাজিরা দিয়ে আসছিলেন, গত ১৭ জানুয়ারি দিনটি ছিল তেমন-ই। কিন্তু, বিকেল গড়ালেও যখন মনির হাসান বাসায় ফেরেননি, তখনই উদ্বিগ্ন স্ত্রী আইস দপ্তরে ফোন দিয়ে জানতে পারেন, মনির হাসানকে আটক করা হয়েছে। দেশে ফেরত পাঠিয়ে দিতেই তাঁকে আটক করা হয়। এরপর থেকেই তিনি কারাগারে। তাঁর ক্যানসার চিকিৎসার যাবতীয় কাগজপত্র আদালতে হাজির করার পরও মানবিক দৃষ্টিকোণ থেকে তাঁর মামলাটি পুনর্বিবেচনার জন্য রাখা হয়নি। এখন জুলাইয়ে স্ত্রী নাসরিন হাসানের শুনানি আছে, সেটা নিয়েই উদ্বিগ্ন পুরো পরিবার।
মনির হাসানের আইনজীবী ল্যারি স্পাইভ্যাক স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালকে দেওয়া প্রতিক্রিয়া বলেছেন, ‘ট্রাম্প প্রশাসনের কট্টর অবস্থানের কারণেই মনির হাসানের কোনো আবেদন নিয়ে কুলকিনারা করতে পারছি না। এই একই কারণ দেখিয়ে ওবামা প্রশাসনের আমলেও অন্তত ছেলে-মেয়েদের সঙ্গে বসবাসে কোন সমস্যা হয়নি হাসানের।’
বাংলাদেশিদের অগণিত সমিতির একটি গুলশান সোসাইটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করতেন। ট্যাক্সি চালিয়ে জীবন ধারণ করতেন, কিন্তু স্বপ্ন দেখতেন তাঁর ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষা নিয়ে। মেয়ে নাজিয়াত হোসেন একজন মানসিক স্বাস্থ্য পরামর্শক। বাবার মুক্তির দাবি করে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্টার সেঁটে দিয়েছেন ‘লিবারেশন নট বহিষ্কার’ (বিতাড়ন নয়, দরকার স্বাধীনতা)। নিজে কিছু একটা করার জন্য বন্ধু-বান্ধবদের বিরামহীন অনুরোধ করছেন। ন্যায়বিচারের জন্য অনলাইন পিটিশন সংগ্রহে নেমেছেন। সেখানে অন্তত ১০০০ নাজির হাসানের জন্য ন্যায়বিচারে সাক্ষর করেছেন। ফেসবুকে জাস্টিস ফর নাজির হাসান নামে আলাদা পেজ খুলেছেন। কিন্তু অন্য সব ইস্যুর আবর্তে ক্রমেই হারিয়ে যাচ্ছে নাজিয়াত হাসানের আর্তনাদ।
নাজিয়াতের আকুতি, ‘আমরা মেনে নিয়েছি আমাদের নিয়তি। বাবাকে ছাড়াই কাটবে আমাদের পরবর্তী দিনগুলো। কিন্তু আমরা চাই আরও একটু সময় তিনি আমাদের সঙ্গে থাকুন। অন্তত একটি দিন বেশি হলেও’। টেক্সট মেসেজে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় নাজিয়াত হাসানের। সেখানে, নাজিয়াত জানতে চান ‘আমরা কতটুকু করতে পারি তার বাবার জন্য।’
সর্বশেষ মে দিবসের প্রতিবাদ শোভাযাত্রায় শ্রমজীবী একটি পরিবারকে রক্ষার দাবি নিয়ে মনির হাসানের বহিষ্কার ঠেকাতে শোভাযাত্রা করে সেফেস্ট নামের একটি সংস্থা। এর বাইরে, কেউ কথা বলছে না, ভাবছে না, কী ঘটতে যাচ্ছে এই পরিবারটির ভাগ্যে। কেননা, নাজিয়াত যেই ডাকা প্রকল্পের সুবিধাভোগী সেটা নির্বাহী আদেশে বাতিল করে রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য দুটি ফেডারেল আদালত ওই আদেশ স্থগিতের পক্ষে রায় দিয়েছেন। সেই রায় কিছুটা স্বস্তি হলেও নাজিয়াতের মায়ের আইস আপিল দপ্তরে শুনানি সামনের জুলাই মাসে। তার-ও কি পরিণতি বাবার মতোই হবে?