এ বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রের অভিবাসন-প্রক্রিয়া সংস্কারে বহুল প্রতীক্ষিত ঘোষণা দেবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউসের বরাত দিয়ে গত বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমসসহ প্রধান প্রধান সংবাদমাধ্যমে বলা হয়েছে, এক সপ্তাহের মধ্যেই অভিবাসন সংস্কার নিয়ে ওবামার ঘোষণা আসতে পারে।
ওবামার উদ্যোগে প্রথম দফায় অন্তত যে ৫০ লাখ অবৈধ লোকের বৈধতা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে, তাঁদের মধ্যে বিপুলসংখ্যক বাংলাদেশিও থাকবেন। গতকাল শুক্রবার মিয়ানমারে এক সংবাদ সম্মেলনেও মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রয়োজনে এ জন্য তিনি নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন।
এশিয়া সফর শেষে আগামীকাল রোববার দেশে ফিরছেন ওবামা। মার্কিন সংবাদমাধ্যমে বলা হয়েছে, এরপরই অভিবাসন সংস্কার নিয়ে ঘোষণা দেবেন তিনি। প্রেসিডেন্টের নির্বাহী আদেশের ফলে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে, এমন সব সন্তানদের পিতামাতার অবৈধতার অবসান ঘটবে। অনেকে নানা অবৈধ উপায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর বিয়ে বা লিভটুগেদার করে সন্তান জন্ম দিয়েছেন। তাঁদের যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সন্তানেরা জন্মসূত্রেই এ দেশের নাগরিক।
গতকাল মিয়ানমারে সংবাদ সম্মেলনে ওবামা বলেন, ‘অভিবাসন বিল পাসের জন্য প্রতিনিধি পরিষদকে এক বছরের বেশি সময় দেওয়া হয়েছে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে।...এই বিল আমাদের সীমান্তকে শক্তিশালী করবে, বৈধ অভিবাসন-প্রক্রিয়ার উন্নতি ঘটাবে এবং লাখো মানুষের মাথার ওপর থেকে কালো ছায়া সরে যাবে।...কিন্তু যদি বিলটি পাস করাতে কংগ্রেস ব্যর্থ হয়, তাহলে আমার যতটুকু আইনি ক্ষমতা আছে, তা প্রয়োগ করব।’
অভিবাসন ইস্যুতে ডেমোক্র্যাটদের ঘোরবিরোধী রিপাবলিকান দল বলেছে, প্রেসিডেন্টের উচিত হবে তাদের সঙ্গে কাজ করা। দলটির নেতা হাউস স্পিকার জন বোয়েনার বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রেসিডেন্টকে থামাতে লড়াই করব।’