অভিবাসনে কড়াকড়ি নীতি চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে বোমা হামলার পর আরও কড়াকড়ি অভিবাসন নীতির প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জন্য অভিবাসন আইন কড়াকড়ি করা কতটা জরুরি, নিউইয়র্কে বোমা হামলার ঘটনা সেটাই দেখিয়ে দিয়েছে বলে মন্তব্য ট্রাম্পের।
নিউইয়র্কে সোমবার বোমা হামলার সঙ্গে আকায়েদ উল্লাহ নামের ২৭ বছর বয়সী এক বাংলাদেশি অভিবাসী জড়িত বলছে পুলিশ। তিনি আইএস দ্বারা অনুপ্রাণিত হয়ে হামলা করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।
হামলার পর এক লিখিত বিবৃতিতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ঢিলেঢালা অভিবাসী নীতির ফলে অনেক ঝুঁকির সৃষ্টি হয়। এই নীতিতে পরিবর্তন আনতে হবে। অন্য দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে আরও বেশি কড়াকড়ি আরোপ করতে হবে।
নিউইয়র্কের হামলাকারী ২০১১ সালে যুক্তরাষ্ট্রে যান এফ-৪ ভিসায়। কোনো ব্যক্তির পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রের নাগরিক হলে তিনি এই ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে পারেন।
চেইন মাইগ্রেশন নামে পরিচিত মার্কিন নীতির সুযোগে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন আকায়েদ উল্লাহ। ওই অভিবাসন নীতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় মন্তব্য করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচিত ওই নীতি পরিবর্তন করা।