অভিবাসনের দিনযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসিসিপির বহতা জলে প্রতিবিম্বিত হয় সাতটি নক্ষত্র

হাউসবোটের খিড়কিতে দাঁড়িয়েছিলাম রজনীর মধ্যযামে,
ছেড়েছি স্বদেশ দূর বৈদেশে খুঁজেছি দিবা-নিশি জলসত্র,
কত বছর আগে ভেবেছিলাম না হয় থিতু হই ভিয়েতনামে।
তারপর মনে হলো সমুদ্রের অই পাড়ে ঘাস বেজায় সবুজ
তুষের তুরীয় আভায় খুঁজি জগৎ সংসারে তেপান্তরের পরিখা,
খুব মিষ্টি ছিল কী পানশির পাহাড়ের সুরভিত খরবুজ,
পরিযায়ী প্রজাপতির মুগ্ধ মজমায় মেতেছিলো পুষ্পিত আফ্রিকা।

পরবাস ছাড়ি ফের বাঁধি খেলাঘর অবশেষে মার্কিন মুলুকে
গড়ে তুলি নিজের নিভৃতে সহজিয়া এক কাশবন,
কী যেন নেই কুরে খায় করোটি সারা দিনমান ঘুনপোকে,
কেবলই মনে পড়ে নদীজল সুরমা সরণির সজল বারিষণ।

ঘুরেছি অনেক দোরে দোরে খুঁজেছি সহিষ্ণুতার স্বর্ণ
কৃষ্ণপক্ষের পূর্ণিমায় অভিবাসনের জিকির হয়ে ওঠে দুঃসাধ্য,
বদলাতে চাইনি কখনো গা-গতরের বাদামি বাউলা বর্ণ,
আসে না স্থিতি শ্রবণে বাজে পৃথক পরবাসের সুরবাধ্য।