অভিবাসী অধিকারকর্মীকে বহিষ্কারের চেষ্টা
অভিবাসী অধিকারকর্মী হিসেবে রবি রাগবির বেশ পরিচিতি রয়েছে। সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকেই রবি রাগবির অভিবাসী অধিকার নিয়ে কাজ শুরু করেন। ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে তিনি ত্রিনিদাদ থেকে আমেরিকায় এসেছিলেন পর্যটন ভিসা নিয়ে। ১৯৯৪ সালে তিনি আমেরিকার বৈধ স্থায়ী বাসিন্দা (গ্রিনকার্ড) হন। কিন্তু ২০০০ সালে একটি প্রযুক্তিগত জালিয়াতির দায়ে দোষী সাব্যস্ত হন রাগবির। সেই সময়েই তাঁকে আমেরিকা ত্যাগের আদেশ দেওয়া হয়। সে সময় থেকে তিনি শুধু অভিবাসন কর্মকর্তাদের বিবেচনার ভিত্তিতে আমেরিকায় থাকার অনুমতি পেয়ে আসছিলেন। কিন্তু গত বছর থেকে পরিস্থিতি বদলে যেতে শুরু করে।
গত বছর লোয়ার ম্যানহাটনের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এজেন্টদের রুটিন চেকিংয়ের সময়ে রাগবিরকে বলা হয়, তাঁকে আটক করা হচ্ছে এবং তাঁকে দেশে ফেরত পাঠানো হবে। ট্রাম্প প্রশাসনের অধীনে এ ধরনের অভিজ্ঞতা খুবই স্বাভাবিক। এমনকি রাগবিরের মতো যাদের আমেরিকার সঙ্গে পারিবারিক সূত্রে সংযোগ রয়েছে, তাঁরাও এর বাইরে নন।
রাগবির বৈবাহিক সূত্রে আমেরিকার সঙ্গে যুক্ত হলেও এখন আমেরিকা থেকে বিতাড়নের শঙ্কায় রয়েছে। নিউ স্যাংচুয়ারি কোয়ালিশন নামের অভিবাসী অধিকার নিয়ে কাজ করা একটি গ্রুপের নির্বাহী পরিচালক হিসেবে তিনি সব সময় অভিবাসীদের অধিকার নিয়ে সোচ্চার। নিউইয়র্কের সামনের সারির অভিবাসী অধিকার কর্মীদের মধ্যে তিনি অন্যতম। কিন্তু এখন তিনিই রয়েছে আমেরিকা থেকে বিতাড়নের আশঙ্কায়। তাঁর মতো এমন বেশ কয়েকজন অভিবাসী অধিকারকর্মী রয়েছেন, যাদের আটক করে আমেরিকা ত্যাগের আদেশ দেওয়া হয়েছে।
আইসের এমন কার্যক্রমকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন আদালত। গত ২৫ এপ্রিল ফেডারেল আপিল কোর্টের রায়ে রাগবিরের বিরুদ্ধে নেওয়া আইসের পদক্ষেপকে অসাংবিধানিক বলা হয়। রায়ে বলা হয়, আইস কর্তৃপক্ষ তাদের সীমা ছাড়িয়ে গেছে। সরকারের অভিবাসন নীতির সমালোচক হিসেবে রাগবিরের সাংবিধানিক অধিকারকে লঙ্ঘন করেছে। এতে বলা হয়, জনগণের সামনে রাগবিরের বিশিষ্টতা ও তাঁর সরকারের নীতির বিরুদ্ধে অবস্থান তাঁর বিষয়ে গৃহীত সিদ্ধান্তে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এটি প্রথম সংশোধনী দ্বারা নিষিদ্ধ একটি প্রতিশোধমূলক আচরণ।
আপিল বিভাগের বিচারক ক্রিস্টোফার ড্রনি এক প্যানেল মতামতে লিখেছেন, এ ধরনের প্রতিশোধমূলক আচরণের প্রতি ব্যবস্থা না নেওয়া হলে, তা সব অভিবাসীদের নিজের মত প্রকাশে ভীত করে তুলবে। তিনি বলেন, ‘রাগবির জাতীয় নিরাপত্তা হুমকি নন।’
এ বিষয়ে রাগবিরের আইনজীবী অ্যালিনা দাস বলেন, ‘রাজনৈতিক বক্তৃতার কারণে অভিবাসী অধিকারকর্মীদের বিতাড়িত করা অসাংবিধানিক বলে স্বীকৃতি দিয়েছেন আদালত। আদালতের এই বক্তব্যে আমরা রোমাঞ্চিত। প্রথম সংশোধনীর মাধ্যমে অভিবাসীদের এই অধিকার রক্ষা করা হয়েছে। আমরা মনে করি রাগবিরসহ অন্যদের বিরুদ্ধে অসাংবিধানিক পদক্ষেপের জন্য আইসকে দোষী সাব্যস্ত করা উচিত।’
শুধু রাগবীর নন, এই আটকাদেশের মধ্যে রয়েছে নিউ স্যাংচুয়ারি কোয়ালিশনের প্রতিষ্ঠাতা জিন মন্ট্রভিল ও ইলিসিও জুরাডো, যিনি কলোরাডোয় আশ্রয়প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনা তৈরি করা পেরু থেকে আসা অভিবাসী ইনগ্রিড লাটোরের স্বামী। রাগবিরকে যে মাসে আটক করা হয়, মন্ট্রভিল ও জুরাডোকেও সেই মাসেই আটক করা হয়। এখানেই শেষ নয়, প্রায় এক মাস আগে আইসের সমালোচক মারু মোরা-ভিলালপান্ডো কোনো কারণ ছাড়াই আমেরিকা ত্যাগের (ডিপোর্টেশন) কার্যধারায় পড়েন। এ অবস্থায় গত ২৫ এপ্রিল আপিল বিভাগের দেওয়া রায়ে আশার আলো দেখছেন অভিবাসী অধিকারকর্মীরা।
রাগবীরের আইনজীবীর আশা, ২৫ এপ্রিলের রায় সরকারকে অ্যাকটিভিস্টদের লক্ষ্য করা থেকে বিরত করবে।
এদিকে ট্রাম্প প্রশাসনের শঙ্কা হচ্ছে, রাগবিরের মামলা যদি কোনো উদাহরণ সৃষ্টি করে, তবে তা অভিবাসী অধিকারকর্মীদের উৎসাহিত করবে। এ ধরনের চ্যালেঞ্জের সংখ্যা তখন বাড়বে।
এ কারণে প্রশাসন রাগবিরকে দ্রুত আমেরিকা ছাড়তে বাধ্য করতে চাইছে। তবে রাগবিরের আইনজীবীরা মনে করেন, রাগবিরকে আমেরিকায় থাকতে দেওয়া উচিত। কারণ, তাঁর মামলাটির নিষ্পত্তি এখনো হয়নি।