অভিবাসী জরুরি সেবা কর্মীদের নাগরিকত্ব দাবি
করোনা মহামারির এই দুর্বিষহ সময়ে যুক্তরাষ্ট্রের নগর প্রান্তর চালু রাখা ৫০ লাখ জরুরি কর্মজীবীদের মার্কিন নাগরিকত্ব দেওয়ার দাবি জানানো হয়েছে। ২৩ জুলাই নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বড় বড় নগরীতে এই দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে নানা পেশায় কর্মরত হাজারো অভিবাসী ব্যানার-ফেস্টুন নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য তাঁদের আইনগত অধিকার দাবি করেছেন। অভিবাসীদের এসব সমাবেশে নাগরিক সংগঠনসহ স্থানীয় উদারনৈতিক রাজনৈতিক মহল এবং আইনপ্রণেতারা যোগ দেন।
নিউইয়র্ক নগরের চায়না টাউন এলাকা হাজারো অভিবাসী কর্মজীবীদের ব্যানার- ফেস্টুনে ছেয়ে যায়। ক্যাব চালক থেকে শুরু করে হোটেল-রেস্তোরাঁর কর্মী, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মজীবী, ডেলিভারি সার্ভিসে কাজ করা লোকজন, খাবার তৈরি শিল্পে নিয়োজিত কর্মজীবী, পরিচ্ছন্নতা খাতের কর্মীসহ অন্যরাও এই সমাবেশে উপস্থিত ছিলেন।
নিউইয়র্কের সমাবেশ থেকে বলা হয়েছে, ২০২০ সালের মার্চে কোভিড-১৯ সংক্রমণ শুরু হলে নগর লকডাউনে চলে যায়। নিজেদের নিরাপত্তা বিপন্ন করে জরুরি খাতের লোকজন এ নগর চালু রেখেছেন। নিজেদের জীবন বিপন্ন করে পরিবহন, সেবা, খাবার তৈরি ও ডেলিভারিসহ বিভিন্ন কাজে নিয়োজিত লোকজনের অধিকাংশই ছিল অভিবাসী।
বক্তারা বলেন, নিজেদের জীবন বিপন্ন করে অভিবাসীরা যুক্তরাষ্ট্রের প্রতি তাঁদের দায়বদ্ধতা ও প্রতিশ্রুতি রক্ষার প্রমাণ আবারও উপস্থিত করেছেন।
নিউইয়র্কের সমাবেশে দেওয়া বক্তব্যে ইমিগ্রেশন কোয়ালিশন নামের নাগরিক সংগঠনের নির্বাহী পরিচালক মুরাদ আওয়াদেহ বলেছেন, যুক্তরাষ্ট্রের অভিবাসীরা দেশের সবচেয়ে সংকটের সময় নিজেদের দায়িত্ব পালন করেছেন। বহু অভিবাসী কাজ করতে গিয়ে নিজের জীবন, পরিবারের জীবন বিপন্ন করেছেন। অনেক অভিবাসী কাজ করতে প্রাণ হারিয়েছেন মহামারির কবলে পড়ে।
মুরাদ আওয়াদেহ বলেন, এখন সময় এসেছে যুক্তরাষ্ট্রে নথিপত্রহীন অভিবাসীদের স্বাধীনভাবে নিশ্বাস নেওয়ার। তিনি বলেন, মহামারি আবারও প্রমাণ করেছে যুক্তরাষ্ট্রের জন্য অভিবাসীরা সব সময়ই জরুরি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় এসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন-বিরোধী বহু বৈরী নীতি পাল্টানোর চেষ্টা করছেন। তিনি যুক্তরাষ্ট্রে একটি মানবিক অভিবাসনব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। অপ্রাপ্ত বয়সে মা-বাবার সঙ্গে বা অন্য কোনো উপায়ে যুক্তরাষ্ট্রে আসা লোকজনকে দেওয়া সাময়িক অভিবাসন সুবিধা চালু করেছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ‘ডাকা’ নামে পরিচিত এ অভিবাসন কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর ডাকা কর্মসূচিতে আবারও আবেদন গ্রহণ করার নির্দেশ প্রদান করেন।
গত সপ্তাহে টেক্সাসের এক রক্ষণশীল আদালত থেকে ডাকা কর্মসূচিকে বেআইনি বলে উল্লেখ করা হয়েছে। এ কর্মসূচিতে এর মধ্যেই সাত লাখ অভিবাসী আবেদন করেছেন। ২৩ জুলাই সমাবেশে ডাকা কর্মসূচির ওপর আদালতে দেওয়া রায়ে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে যোগ দেন।
সমাবেশে ডাকা কর্মসূচির লোকজন তাঁদের নিয়ে রাজনৈতিক খেলা বন্ধ করে সমন্বিত অভিবাসন কর্মসূচির মাধ্যমে অবিলম্বে সব নথিপত্রহীন অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার পথ উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।
মেক দ্য রোড নিউইয়র্ক নামের অভিবাসী নাগরিক সংগঠকের সহ নির্বাহী পরিচালক হোজে লোপেজ জানিয়েছেন, নথিপত্রহীন জরুরি কর্মজীবীদের অনেকেই বছরের বছর থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনের জন্য অপেক্ষা করে আসছেন। জনসমাজের নিরাপত্তার জন্য নিজেদের জীবন বিপন্ন করা ৫০ লাখের বেশি এমন অগ্রসর সারির কর্মজীবীদের অবিলম্বে অভিবাসন সুবিধা নিশ্চিত করার জন্য তিনি দাবি জানিয়েছেন।
নগরের চায়না টাউন নামে খ্যাত এলাকায় ২৩ জুলাই সমাবেশ শুরু হলেও তা ছড়িয়ে পড়ে কলম্বাস সার্কেল পর্যন্ত। মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ফিলাডেলফিয়া, শিকাগো, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলসসহ বড় বড় নগরীগুলোতে এমন সমাবেশ ছিল স্বতঃস্ফূর্ত।
নিউইয়র্কের সমাবেশে রাজ্য সিনেটর জেসিকা রামোস বলেছেন, ফেডারেল সরকার একটি মানবিক অভিবাসনব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি ঘোষণা করেছে। নিউইয়র্ক নগরে ছড়িয়ে থাকা অভিবাসীরা কোনো উৎকণ্ঠা ছাড়াই জনসমাজকে সেবা প্রদানের অধিকার রয়েছে বলে তিনি সমাবেশে উল্লেখ করেন।
নিউইয়র্কের ট্যাক্সি ক্যাব চালকেরাও নিজেদের কাজকর্ম বন্ধ রেখে সমাবেশে যোগ দেন। হলুদ ট্যাক্সিতে সমাবেশের প্রতি সংহতি জানিয়ে পোস্টার ঝুলতেও দেখা গেছে।
কংগ্রেসের মাধ্যমে অভিবাসন সংস্কার আইন পাস করার বিলম্বিত ও বিতর্ক প্রধান প্রক্রিয়ায় না গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন অর্থ বিলের মাধ্যমে অভিবাসন ক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্টা করছেন। দেশের অর্থনীতির সঙ্গে অভিবাসনকে যুক্ত করে প্রেসিডেন্ট বাইডেন তাঁর প্রস্তাবিত পরিকাঠামো আইনে অভিবাসনের জন্য আলাদা বরাদ্দ রেখেছেন।
অভিবাসী সংগঠনগুলো মনে করছে, পরিকাঠামো আইন পাস করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত কয়েক লাখ অভিবাসীর স্থায়ী অভিবাসনের পথ উন্মুক্ত হতে পারে।