অভিবাসী পরিবারগুলোকে বিচ্ছিন্ন করা বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিপ ফ্যামিলিস টুগেদার শিরোনামে বিক্ষোভের মিছিলের খণ্ডচিত্র এটি। ব্রুকলিন ব্রিজ,নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ৩০ জুন। ছবি: রয়টার্স
কিপ ফ্যামিলিস টুগেদার শিরোনামে বিক্ষোভের মিছিলের খণ্ডচিত্র এটি। ব্রুকলিন ব্রিজ,নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ৩০ জুন। ছবি: রয়টার্স

ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসননীতির বিরুদ্ধে গতকাল শনিবার যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ হয়েছে। ৬৩০টির বেশি জায়গায় এই বিক্ষোভে লাখো মার্কিন নাগরিক যোগ দেয়। তারা সীমান্ত দিয়ে আসা অবৈধ অভিবাসী পরিবারগুলোকে বিচ্ছিন্ন করা বন্ধের দাবি জানায়। পাশাপাশি বিচ্ছিন্ন শিশুদের অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানায়। আজ রোববার বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।

গত মে মাসে কাগজপত্রবিহীন অভিবাসীদের ব্যাপারে ট্রাম্প প্রশাসন ‘শূন্য সহনশীলতা’ নীতি গ্রহণ করে। এরপর দুই সহস্রাধিক শিশুকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে সরকারি বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়। ব্যাপক সমালোচনার মুখে গত জুনে এক নির্বাহী আদেশ জারি করে ট্রাম্প তাঁর অবস্থান থেকে সরে আসেন। ওই সময় সান দিয়েগোর আদালতও শিশুদের পরিবারবিচ্ছিন্ন না করতে সরকারকে নির্দেশ দেন। এ পরিপ্রেক্ষিতে সরকারি আইনজীবীরা গত শুক্রবার আদালতকে বলেন, ট্রাম্প প্রশাসন শিশুদের পরিবারবিচ্ছিন্ন করবে না। তবে আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা পরিবারের সঙ্গেই আটক থাকবে।

কিন্তু এখনো দুই হাজারের মতো শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন রয়েছে।

বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়, এই শিশুদের দেশের বিভিন্ন জায়গায় গুদামঘর ও তাঁবুতে রাখা হয়েছে। এর পরপরই মূলত আন্দোলন জোরদার হয়।

এই আন্দোলনের নাম কিপ ফ্যামিলিস টুগেদার। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ‘#ফ্যামিলিসবিলংটুগেদার’ নামে পরিচিতি পেয়েছে। এই আন্দোলন নিয়ে একটি ওয়েবসাইটও খোলা হয়েছে।

ফেডারেল ব্যুরো অব প্রিজনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারের সামনে বিক্ষোভ । লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র  ৩০ জুন। ছবি: রয়টার্স
ফেডারেল ব্যুরো অব প্রিজনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারের সামনে বিক্ষোভ । লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র ৩০ জুন। ছবি: রয়টার্স

আন্দোলনের আয়োজকদের মধ্যে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন, দ্য লিডারশিপ কনফারেন্স অন সিভিল রাইটস ও ন্যাশনাল ডোমেস্টিক ওয়ার্কার্স অ্যালায়েন্স রয়েছে। এই আন্দোলনে জুলিয়ান মুর, নাটালি পোর্টম্যানসহ বেশ কয়েকজন তারকা সমর্থন জানিয়েছেন।

বড় ধরনের বিক্ষোভ হয়েছে ওয়াশিংটন ডিসি, নিউইয়র্কসহ আরও কয়েকটি শহরে। বিক্ষোভকারীদের হাতে হাতে ছিল প্ল্যাকার্ড। সেখানে আর কোনো পরিবারকে বিচ্ছিন্ন করা থেকে বিরত রাখতে এবং বিতর্কিত অভিবাসন সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টকে (আইস) বিলুপ্ত করার দাবি জানানো হয়। প্রধান বিক্ষোভ মিছিলটি হয়েছে ওয়াশিংটন ডিসিতে। তবে এই আন্দোলনের একজন অন্যতম আয়োজক আনা গ্যালান্ড বলেন, ৫০ অঙ্গরাজ্যেই বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। আয়োজকেরা শান্তি ও ঐক্যের প্রতীক হিসেবে জনগণকে সাদা পোশাক পরার আহ্বান জানিয়েছেন।

হোয়াইট হাউসের বাইরে পলা ফ্লোরস-মারকুইস (২৭) নামের এক বিক্ষোভকারী বলেন, ‘এটি আমাদের দেশের সব নিয়মকানুনের বিরোধী।’

নিউইয়র্কে স্লোগান দেওয়া হয়, ‘উচ্চ স্বরে বল, স্পষ্ট করে বল, অভিবাসীরা এখানে সাদরে গৃহীত’। শিকাগোতে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে কেন্দ্রীয় অভিবাসন কর্তৃপক্ষের স্থানীয় দপ্তর অভিমুখে যায়।

আন্দোলনের আয়োজকেরা বলছেন, তাঁরা প্রেসিডেন্ট ট্রাম্প যে নিজের নির্বাহী আদেশের খেলাপ নিজেই করছেন, সেই বার্তা পাঠাতে চান।

এই আন্দোলনকে নিয়ে খোলা ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, ‘আমাদের এখন পিছিয়ে থাকলে চলবে না। আদালতের আদেশই যথেষ্ট নয়। আমাদের এখন ঘুরে দাঁড়াতে হবে।’

মেক্সিকোর জুয়ারেজ ও টেক্সাসের এল পাসোর মধ্যকার আন্তর্জাতিক প্রবেশদার একটি সেতুর ওপর প্রদর্শিত বিক্ষোভ পর্যবেক্ষণ করছেন হোমল্যান্ড সিকিউরিটি পুলিশ। টেক্সাস,  যুক্তরাষ্ট্র, ৩০ জুন। ছবি: রয়টার্স
মেক্সিকোর জুয়ারেজ ও টেক্সাসের এল পাসোর মধ্যকার আন্তর্জাতিক প্রবেশদার একটি সেতুর ওপর প্রদর্শিত বিক্ষোভ পর্যবেক্ষণ করছেন হোমল্যান্ড সিকিউরিটি পুলিশ। টেক্সাস, যুক্তরাষ্ট্র, ৩০ জুন। ছবি: রয়টার্স

অথচ ট্রাম্প গতকাল শনিবার আইসের প্রশংসা করেন। এই বাহিনী অভিবাসী শিশুদের মা-বাবার কাছ থেকে বিচ্ছিন্ন করার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছে। ট্রাম্প আইসের কর্মীদের উদ্দেশে বলেন, ‘অপরাধ নির্মূল করে আমাদের নিরাপদ রাখতে তোমরা খুব ভালো কাজ করছ। এর মধ্য দিয়ে তোমরা সাহসের পরিচয় দিয়েছ।’

আন্দোলনের আয়োজকেরা বিচ্ছিন্ন শিশুদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি অভিবাসীদের আটকে রাখার সমাপ্তি ঘটানোর আহ্বান জানান। আয়োজকদের মুসলিমপ্রধান পাঁচটি দেশের নাগরিকের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধেও আওয়াজ তোলার পরিকল্পনা আছে।