ম্যানহাটনের লিবার্টি আইল্যান্ডে ১৮৮৬ সাল থেকে মশাল হাতে দাঁড়িয়ে আছে ‘স্ট্যাচু অব লিবার্টি’। আমেরিকা যে একটি উদার রাষ্ট্র; অভিবাসীদের উষ্ণ অভ্যর্থনা জানাতে দেশটি যে সব সময়ই প্রস্তুত—সেই বিষয়ই প্রতীকী চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে এতগুলো বছর ধরে। আমেরিকা অভিবাসীর দেশ। এ কারণে অভিবাসীদের এখানে সংবেদনশীলতার সঙ্গে দেখার ঐতিহ্য রয়েছে। অভিবাসীরা এখানে বৈষম্য কিংবা অমানবিক আচরণের শিকার হবেন না—এই আস্থা এত দিন সুদৃঢ়ই ছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি বিশ্ববাসীর সেই আস্থায় বড় ধরনের চিড় ধরিয়ে দিয়েছে।
যে নিউইয়র্ক এত দিন সব ধরনের অভিবাসীর জন্য স্যাঙ্কচুয়ারি বা নিরাপদ নগর হিসেবে বিবেচিত হতো, সেখান থেকেও এখন জোর করে অভিবাসীদের দেশে ফেরত পাঠানো হচ্ছে। সম্প্রতি ট্রাম্পের অভিবাসন নীতির বলি হয়েছেন ১১ বাংলাদেশি। তাঁদের জোর করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১০ জনই নিউইয়র্কে থাকতেন। নিউইয়র্কসহ কয়েকটি অঙ্গরাজ্য থেকে ২ নারীসহ আরও ২৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাঁরাও বহিষ্কারের অপেক্ষায় আছেন। যাঁদের বের করে দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে এমন অনেকেই আছেন আমেরিকায় ২০ থেকে ২৫ বছর ধরে বাস করেছেন; এখানে বিয়েশাদি করেছেন; সন্তানসন্ততিও আছে। তবে তাঁদের কাছে ট্রাম্পের অভিবাসন নীতির শর্ত পূরণ করতে সক্ষম কাগজপত্র নেই।
আইনিভাবে দেখলে বৈধতার কাগজপত্র না থাকা অভিবাসীদের প্রত্যাবাসন অন্যায় নয়। কিন্তু মানবিক বিচারে ট্রাম্পের ওই তৎপরতা কতটুকু বৈধ, সে প্রশ্ন থেকেই যায়। যে লোকটাকে শুধু কাগজপত্র না থাকার দোহাই দিয়ে স্ত্রী-সন্তান থেকে বিচ্ছিন্ন করে দেশে ফেরত পাঠানো হলো, তাঁর অন্তরাত্মার আর্তি শুনবে কে?
বিতাড়িত ব্যক্তিদের স্বজনেরা অভিযোগ করছেন, বাংলাদেশ কর্তৃপক্ষ দ্রুত পাসপোর্ট দিয়ে মার্কিন অভিবাসন বিভাগকে সহযোগিতা করেছে। এতে ভুক্তভোগী অভিবাসী ও তাঁদের পরিবার আইনের সাহায্য নেওয়ার সুযোগ পায়নি। দূতাবাস যদি তাদের ট্রাভেল ডকুমেন্ট অভিবাসন বিভাগকে দিতে একটু সময় নিত, তাহলে হয়তো তারা আইনি পদক্ষেপ নিতে পারতেন। তবে বাংলাদেশ দূতাবাসের বক্তব্য হলো, আনডকুমেন্টেড অভিবাসীদের তথ্য চাওয়ামাত্র না দিলে বাংলাদেশের নাগরিকদের বি-১ ভিসা বন্ধ করে দেওয়া হতে পারে। এ কারণে তাঁরা অবৈধ অভিবাসীদের ডকুমেন্ট সরবরাহের বিষয়ে সময়ক্ষেপণ করতে পারছেন না।
তার মানে ট্রাম্পের এই বিধ্বংসী অভিবাসন নীতি যদি অব্যাহত থাকে, তাহলে বাংলাদেশিসহ অন্যান্য দেশের বহু অভিবাসীকে আমেরিকা ছাড়তে হবে। এ অবস্থায় নিজ দেশের নাগরিকদের সর্বনাশের হাত থেকে বাঁচাতে বাংলাদেশ সরকারকে তৎপর হতে হবে। সাধারণ কূটনীতির বাইরে কিছুটা কৌশলী আচরণ করতে হবে।