অভিবাসী সরকারি সুবিধা নিলে দায় স্পনসরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক অভিবাসনবিরোধী পদক্ষেপ নিচ্ছে। এবার কোনো অভিবাসীকে আমেরিকায় আনার ক্ষেত্রে স্পনসরকে নিরুৎসাহিত করার পদক্ষেপ নিচ্ছে তাঁর প্রশাসন। নতুন অভিবাসীরা আমেরিকায় আসার পর কোনো সরকারি সুবিধা নিলে স্পনসরকেই তার দায়ভার নিতে হবে। অভিবাসীরা খাদ্য সহায়তা, সরকারি স্বাস্থ্যসেবা, আবাসনসহ অন্যান্য সরকারি সুযোগ–সুবিধা নিলে স্পনসরকেই ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাবলিক বেনিফিট সংক্রান্ত ২৩ বছরের পুরোনো আইন কার্যকর করতে এমন একটি এক মেমোতে স্বাক্ষর করেছেন। ফেডারেল এজেন্সিকে এই আইন কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

২৩ মে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি স্মারকে স্বাক্ষর করেছেন, যেখানে কেন্দ্রীয় সংস্থাগুলোকে দীর্ঘদিনের এই আইন বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন। যাঁরা আইনি পৃষ্ঠপোষকতা দিয়ে (স্পনসর) অভিবাসীদের এ দেশে আনবেন, সেসব অভিবাসীরা স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তাসহ যেকোনো সরকারি সুবিধা নিলে তার দায় থাকবে স্পনসরের ওপর। সরকারকে সব ধরনের ব্যয় পরিশোধ করতে স্পনসরকে বাধ্য করা হবে।

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই পদক্ষেপ অভিবাসীদের সরকারি সুযোগ–সুবিধা গ্রহণে বাধা হয়ে দাঁড়াবে। মেধাভিত্তিক অভিবাসন প্রস্তাবের সঙ্গে এ ব্যবস্থা গ্রহণের ফলে বহু অভিবাসীর জন্য আমেরিকার জীবন কঠিন হয়ে উঠবে। অনেকেই নতুন অভিবাসীর জন্য এখন আর স্পনসর করবে না।  এই আইন বহু বৈধ অভিবাসীকে সরকারি সুযোগ–সুবিধা

ব্যবহার করা থেকে বিরত রাখবে।

স্পনসরদের কাছে একটি ফরমে সাক্ষর নেওয়া হবে, যেখানে বলা থাকবে, তার আনা অভিবাসীর সরকারি সুযোগ–সুবিধার প্রয়োজন হলে আর্থিক দায়ের জন্য স্পনসরই দায়ী থাকবেন। স্পনসরকে অভিবাসীদের যেকোনো প্রাপ্ত সুযোগ-সুবিধার জন্য সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে। কোনো অভিবাসী সরকারি সাহায্যের যোগ্য কিনা, তা নির্ধারণ করার জন্য পৃষ্ঠপোষক ব্যক্তির আর্থিক অবস্থান বিবেচনায় রাখা হবে।

স্পনসরকে আমেরিকায় স্থায়ীভাবে বসবাসকারী ও অভিবাসীদের পরিবারের সদস্য হতে হবে। হোয়াইট হাউস বলেছে, ১৯৯৬ সালে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের অধীনে এই বিলটি পাস হলেও তা কখনো কার্যকর করা হয়নি। ফেডারেল এজেন্সিগুলোকে চলতি বছরের শেষ নাগাদ এই পদ্ধতির আপডেট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। যার ওপর ভিত্তি করে অভিবাসীদের জন্য সরকারি অনুদান, স্বাস্থ্যসেবা বা অন্যান্য পাবলিক বেনিফিটগুলোর ব্যবহার পরিমাপ করে তা কার্যকর করা হবে। যদি স্পনসর বিল পরিশোধ না করে, তা সংগ্রহ করতে কালেকশন সংস্থাকে কাজে লাগিয়ে আদায় করা হবে। হোয়াইট হাউস কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে, ৫৮ শতাংশ অভিবাসী পরিবার কমপক্ষে একটি  সরকারি কল্যাণমূলক কর্মসূচির সুযোগ নিয়ে থাকে। মার্কিন নাগরিক নয় এমন অভিবাসী পরিবারের অর্ধেকই সরকারি স্বাস্থ্যসেবা সুবিধার অন্তর্ভুক্ত।

অবশ্য ট্রাম্প প্রশাসন দাবি করছে, বিদ্যমান অভিবাসন আইন কার্যকর করে আইনের শাসন নিশ্চিত করাই তাদের লক্ষ্য।