অভিবাসীদের আটক রাখা হচ্ছে দুর্গম অঞ্চলের জেলে
মার্কিন ইমিগ্রেশন বিভাগ মেক্সিকো সীমান্ত পাড়ি দিয়ে আমেরিকায় ঢোকা অভিবাসীদের মানবেতর অবস্থায় আটকে রেখেছে বলে খবর পাওয়া গেছে। বর্তমানে ৫১ হাজারের বেশি অভিবাসীকে আটকে রাখা হয়েছে যাদের অর্ধেকের বেশি মানুষকে দুর্গম এলাকায় কারাগারে রাখা হয়েছে। ফলে এসব বন্দী কোনো আইনি সহায়তা নিতে পারছে না। এদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার গ্রুপগুলো।
অ্যালিসন স্টুয়ার্ট লুইজিয়ানায় কয়েক মাস ধরে আইসের হেফাজতে ছিলেন। তিনি কয়েক দিন আগে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি কিউবা থেকে এ দেশে পাড়ি জমান এবং আমেরিকায় রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন।
রয়্যালান হার্নান্দেজ-দিয়াজও লুজিয়ানায় অনশনে ছিলেন। কারাগারে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। লুইজিয়ানা অনুপ্রবেশকারী অভিবাসী বন্দীদের নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। বর্তমানে প্রায় ৫১ হাজার বন্দীর মধ্যে প্রায় ৮ হাজার লুইজিয়ানার কারাগারে আটক আছে। তাদের অনেকেই আইনি সাহায্য পাচ্ছে না। নিউ অরলিন্স জেনিংস এবং আইটিভিএসের সহযোগিতায় বন্দীদের এসব খবর মানুষ জানতে পারছে।
জোয়ান এলগার্ট জেনিংস বলেন, যখন অ্যাটর্নিকে আটকে থাকা অভিবাসীদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে হয়, তখন তাদের দীর্ঘপথ গাড়ি চালিয়ে যেতে হয়। তাঁর অলাভজনক ইমিগ্রেশন সার্ভিসেস আইনজীবী দিয়ে লুইজিয়ানায় আটক অভিবাসীদের বিনা মূল্যে আইনি সহায়তা দিয়ে থাকে। বর্তমানে গ্রামাঞ্চলে আরও বেশি করে আটক কেন্দ্র বা জেল হাজত খোলা হচ্ছে।
জেনিংস বলেন, তাকে দীর্ঘ পথ চলতে গিয়ে গাড়িতে অনেক সময় ব্যয় করতে হয়। আটক কেন্দ্রগুলো প্রত্যন্ত অঞ্চলে হওয়ার কারণে আইনজীবীরাও ঠিকমতো যাওয়া–আসা করতে পারেন না।
জোয়ান এলগার্ট জেনিংস আরও বলেন, লুইপাজের বেশির ভাগ মক্কেল পাইন প্রাইরি আইস প্রসেসিং সেন্টারে রয়েছে। এটি নিউ অরলিন্সের ১৮০ মাইল উত্তর-পশ্চিমে এবং সেখানে ১ হাজার ৯৪ জন বন্দী রয়েছে। এটি একটি ফেডারেল স্থাপনা হলেও মার্কিন সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ একটি বেসরকারি কারাগার। ডিটেনশন সেন্টারটি আইনজীবীরা পরিদর্শন করার অনুরোধ করলে তা প্রত্যাখ্যান করা হয়েছে। তবে লোপেজের কিছু মক্কেলের সঙ্গে তাদের দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল। তাদের মধ্যে ৩২ বছর বয়সী ক্রিস্টিয়ান ডি লিওন ১৪ মাস ধরে আইস হেফাজতে রয়েছেন। লিওন একটি কাজের ভিসায় আমেরিকায় এসেছিলেন এবং তার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যায়। লিওন বলেন, ‘আমার একটি ছোট গাড়ি দুর্ঘটনা ঘটেছিল এবং পুলিশ আমাকে সহায়তা করতে আসে। কিন্তু তারা আমাকে গ্রেপ্তার করে এখানে নিয়ে আসে।’
আমেরিকায় পালিয়ে আসা ৩৬ বছর বয়সী জামাল এসেছেন পাকিস্তান থেকে। জামালের ফাঁসির আদেশ হওয়ায় দেশ ছেড়ে পালিয়ে আমেরিকায় এসে আশ্রয় চেয়েছিলেন। ইমিগ্রেশন কোর্টের মাধ্যমে তাঁর মামলা চলার কারণে তিনি ১১ মাস ধরে আইস কেন্দ্রে আটক রয়েছেন।
কেটি শোয়ার্টজমান লুজিয়ানায় আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের আইনি পরিচালক। তিনি বলেন, জামালের মতো অভিবাসী যারা বৈধভাবে আশ্রয় প্রার্থনা করে আমেরিকায় প্রবেশ করে এবং তাদের দেশে ফিরে যাওয়ার ‘বিশ্বাসযোগ্য ভয়’ রয়েছে, তাদের বন্ডে মুক্তি দেওয়া উচিত।
আইনজীবী কেটি শোয়ার্টজম্যান বলেন, ‘আমাদের অভিবাসন আইনে “মানবিক প্যারোল”–এ মুক্তির জন্য বিবেচনার অধিকারী ব্যক্তিদের আইস আশ্রয় কেন্দ্রে রাখা কতটা যুক্তিযুক্ত তা বিবেচনা করা উচিত। আইনত তারা আমেরিকার কমিউনিটিতে থাকার অধিকার রাখে।
জেনিংস বলেন, নিউ অর্লিন্সে আইসের আঞ্চলিক অফিসসহ দক্ষিণের পাঁচটি রাজ্যে ২০১৬ সালের হিসাবে ওবামা প্রশাসনের অধীনে প্রায় ৭৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়েছিল। ট্রাম্প প্রশাসনের অধীনে এই সংখ্যা ১ দশমিক ৫ শতাংশে নেমে গেছে। এসিএলইউ হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বিরুদ্ধে এ নিয়ে মামলা করা হয়েছে।
অভিযোগ উঠেছে, আইস নিউ অরলিন্স কার্যালয় আশ্রয় প্রার্থীদের ‘ডিএইচএসের নিজস্ব নির্দেশনা এবং নির্দেশিকা লঙ্ঘন’ করে প্যারোল অস্বীকার করছে। ফেডারেল বিচারপতি ব্রায়ান কক্স এক রায়ে বলেছিলেন, আশ্রয়প্রার্থী বন্দীদের প্যারোল দেওয়ার বিষয়ে ডিএইচএসকে অবশ্যই বিবেচনা করতে হবে।